পাঠ–প র্যালোচনা

‘দূরত্ব’: যাপনের মগ্ন ধারাবিবরণী

২৭ ডিসেম্বর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিন। এ উপলক্ষে থাকল দুটি লেখা

সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫—২৭ সেপ্টেম্বর ২০১৬)। প্রতিকৃতি: মাসুক হেলাল
 সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫—২৭ সেপ্টেম্বর ২০১৬)। প্রতিকৃতি: মাসুক হেলাল

যেকোনো ভাষায়ই, একটি প্রজন্মে দু-তিনজনের বেশি বড় লেখক থাকেন না, যদিও ওই দু-তিনজনের সঙ্গে থাকেন শত শত লেখক। আর কোনো লেখকই দশকে, শতকে বাঁচেন না, তিনি বাঁচেন এককে। তাঁর একার প্রচেষ্টাই একটি সামাজিক–সাংস্কৃতিক সমগ্রতা তৈরি করে। বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে সৈয়দ শামসুল হক তাঁর ৮১ বছরের জীবনকে সেই সমগ্রতায় নিয়ে যেতে পেরেছিলেন। লিখেছেন দুহাত ভরে, নিয়েছেন মন-মননের দশ হাতে, সারা বিশ্বের যা কিছু শ্রেষ্ঠ সাহিত্য-চিন্তা-কর্মের সারনির্যাস। আবিশ্ব নিজের করোটি ও করতলে ধারণ ও এর প্রকাশের পথ তিনি নানা মাধ্যমে খুঁজে নিয়েছেন। লিখেছেন কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক; করেছেন বিশ্বের বেশ কিছু শ্রেষ্ঠ সাহিত্যকর্মের অনুবাদ: সল বেলো থেকে মাইকেলেঞ্জেলো; শেক্​সপিয়ার কি হাফিজ, এমনকি কোরআন শরিফের বঙ্গানুবাদেও হাত দিয়েছিলেন এবং সবখানে যা ঘটেছিল, তা হলো: এর সবকিছুতে ফুটে উঠেছিল তাঁর নিজস্ব ভাষাশৈলী।

সৈয়দ হক বাংলাদেশের সবচেয়ে শৈলীসচেতন লেখকদের একজন। যাকে আমরা ‘স্টাইল’ বলি, সেই দিকটি তাঁর সব সাহিত্যকীর্তির গভীরতল থেকে উপরিতলে, উপরিতল থেকে গভীরতলে কাজ করেছে। তাঁর এই শৈলীতে কোনো রকম জটিলতা, দুর্বোধ্যতা নেই, কিন্তু অসংখ্য বিষয়ের জটিলতার খোলস উন্মোচন করেছেন এক আশ্চর্য স্বকীয়তায়। এরই ধারায় একেকটি উপন্যাসের নাম ও ভাবরসকে তিনি জীবনের একদম প্রতীক করে তুলতে পারেন।

তাঁর অসংখ্য লেখার ভেতর দূরত্ব নামের উপন্যাসটি তেমন একটি রচনা। দূরত্ব উপন্যাসের নাম হতে পারত বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতাবোধ। জীবন এক প্রবাহমাত্র। অনিত্যতাই এর একমাত্র নিত্যতা—এই অনিত্যতার আরেক মাত্রা যেন বিচ্ছিন্নতা।

মানুষ পেশাগত কারণে, সম্পর্কের সূত্রে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় লগ্ন হয়। রংপুরের রাজারহাট গ্রামের এক রহস্যময় পরিস্থিতি রয়েছে উপন্যাসটির প্রেক্ষাপটে। এখানে পড়াতে আসা কলেজের শিক্ষক জয়নাল তার এক ছাত্রী সালমার সঙ্গে জড়িয়ে যায়। সালমা চেয়ারম্যানের মেয়ে। চেয়ারম্যানের ইচ্ছা জয়নালের সঙ্গে তার বিয়ে হোক, কিন্তু জয়নাল এতে রাজি হচ্ছিল না। মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটিতে ছিল এই চেয়ারম্যান। জয়নালের রাজি না হওয়ার আরও অব্যাখ্যানীয় কারণও ছিল। সে টের পায় যে সে একটা ফাঁদে পড়েছে। জয়নালের সেই মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায় এভাবে: ‘জয়নালের এই জীবন ভালো লাগে না, জীবন তার কাছে অসম্পূর্ণ একটি খেলনা বলে মনে হয়; তবু তো সে এই খেলনা ছুড়ে ফেলে দেবার কথা, ফিরিয়ে দেবার কথা, ভেঙে ফেলবার কথা ভাবতে পারে না। ভাবতেও তার গায়ে হিমকাঁটা দিয়ে ওঠে, আকাশ নক্ষত্র-বমন করতে থাকে, তার ঠোঁটের ওপর মুহূর্তে স্বেদ ফুটে ওঠে, পৃথিবীর সমস্ত কোলাহলকে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়, রমনার সবুজ বুক দিয়ে ঠেসে ধরে রাখতে সে ছুটে যায় যেন সেই মাঠ হঠাৎ পাখা পেয়ে উড়ে না যায়।’

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত সৈয়দ শামসুল হকের উপন্যাস দূরত্ব–এর প্রচ্ছদ

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জয়নাল তার সুন্দরী সহপাঠী সালমার প্রতি দুর্বলতা বোধ করেছিল, যে সালমা ভালোবাসত তাদের আরেক সহপাঠী এরশাদকে। গ্রামে প্রায়ই তার মনে জেগে ওঠে ওই সালমার কথা। সেই সঙ্গে সে ভাবে আত্মহত্যা করা মাসুদার কথাও। এদিকে রাজারহাটে চলতে থাকে একের পর এক শিশুর উধাও হওয়া এবং পরে মৃতদেহ পাওয়ার ভয়াবহ ঘটনা। এই ঘটনার ঘনঘটায় শেষ অবধি জয়নালকেও পড়তে হয়। খ্যাপা ষাঁড়ের মতো ভয়ানক এক জন্তু দেখে চেতনা হারানো জয়নালের চেতনা ফেরে চেয়ারম্যানের বাড়িতে। প্রায় আধা বেহুঁশ দশায় তার মুখে ‘সালমা সালমা’ শুনে ধরে নেওয়া হয়, সে চেয়ারম্যানের মেয়ে সালমাকে ভালোবাসে, কিন্তু এই সালমা তো তার ছাত্রী সালমা নয়। সে ছিল তার সহপাঠী। দুই সালমার ভেতর সব দিক থেকে কত না দূরত্ব। আবার দূরত্ব কেবল সালমার একার নয়, জয়নালের নিজের সঙ্গে নিজের দূরত্বও নানান দিকে অপরিমাপযোগ্য। ফলে এক আশ্চর্য বিহ্বলতায় তাকে শুনতে হয় তার কলেজের প্রিন্সিপালের কথা। তিনি বলছিলেন: ‘মানুষ কী আশা করে, মানুষ তা জানে না। মানুষ আসলে কোনো কিছু হাতের ভেতরে পাবার পরই তুলনামূলক বিচারে বুঝতে পারে, তার আশা কী ছিল? আপনার চেয়ে অনেক বেশি দিন পৃথিবীতে বাস করবার কারণে এটুকু জোরের সঙ্গে বলতে পারি যে সেই তুলনামূলক বিচারে আপনি শেষ পর্যন্ত হতাশ হবেন না।’

যে সালমাকে জয়নাল চেয়েছিল আর যে সালমাকে বিয়ে করতে তাকে রাজি করানো হয়, এখানে সে তার অস্তিত্বের ভেতর অন্য কারও স্বর শুনতে পায়। মানবপরিস্থিতির এই হলো এক চিরায়ত বাস্তবতা যে তার প্রকৃত ইচ্ছার সঙ্গে বিরাট এক দূরত্ব মেনে নিয়েই বেঁচে থাকতে হয় তাকে। একদিক থেকে এই দূরত্বে থাকাটাই তার বেঁচে থাকার ‘ভিয়ান’ হিসেবে কাজ করে। গুন্টার গ্রাস দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির হতাশ পরিস্থিতির ভেতর আলো পেয়েছিলেন কামুর লেখা থেকে। কামুর সিসিফাসের মিথটাকে গ্রাস নিজের মতো নিয়েছিলেন এইভাবে যে প্রতিদিন বাঁচার জন্য একটা পাথর চাই। পাথরটা না থাকলে জীবন আরও দুঃসহ–দুর্ভার হয়ে ওঠে। ফলে জীবনের নানান অপূর্ণতা, প্রকৃত ইচ্ছা আর আকাঙ্ক্ষার সঙ্গে থাকা দূরত্বই হতে পারে কেবল বেঁচে থাকার সম্বল। দূরত্ব উপন্যাসে এই বিষয়ও আমরা উপলব্ধি করতে পারি।

এর সঙ্গে সৈয়দ হকের আত্মস্মৃতিমূলক বই হে বৃদ্ধ সময়–এর একটা জায়গার যোগসূত্র তৈরি করা যেতে পারে, যেখানে তিনি লিখেছেন, ‘আমার আগেও পৃথিবী ছিল, পরেও থাকবে। আমার আগেও মানুষ ছিল, পরেও আসবে। তারা আসবে, তারা তাদের পায়ের ছাপ ফেলে যাবে। পা তুলে নেবার পরও সব পায়ের ছাপ ধুলোয় পড়ে থাকে না, কারও কারও থাকে। আমি জানি, যখন আমি আমার পা দুখানি তুলে নেব, তুলে নেবার আগেই তার ছাপটি মুছে যাবে, কারণ আমি অসামান্য –অসাধারণ কেউ নই।  এটি আমার পোশাকি বিনয় নয় যে সাধারণই ছিল আমার দিন ও সংসার। সাধারণ! কী সাধারণ আমি! এই অনুভবটির ভেতরেই আমার এ অসাধারণ বিস্ময়টি যে আমি ছিলাম।’ এমন করেই মানুষ আসে, থাকে আর চলে যায়। অস্তিত্বের সার্থকতা বা অসার্থকতার ভেতর তৈরি হয় কত না দূরত্ব!

আগেই বলেছি, এ উপন্যাসের নাম দেওয়া যেত বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা নিজের যাপিত সময়ের ও স্থানের সঙ্গেই শুধু তৈরি হয় না, সময় ও স্থান পার হয়েও তৈরি হয়। যেখানে আর ফেরা যায় না বনাম যেখানে আর ফেরা যাবে না—এমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ ত্রিকাল ব্যাপ্ত হয়ে বিদ্যমান থাকে দূরত্ব। ফলে দূরত্ব জীবনেই এই অপার ভাষ্য তৈরি করে। ফলে দূরত্ব কেবল একটি শব্দ নয়, এটি জীবনকে যাপন করার একটি চাবিশব্দও হয়ে ওঠে। অনেক ব্যবধান একবার তৈরি হলে আর কোনোভাবেই সেটি ঘোচানো যায় না।

এই চিন্তা বিষাদ–বিষন্নতা তৈরি করে। খেলারাম খেলে যা, দ্বিতীয় দিনের কাহিনী, বালিকার চন্দ্রযান, এক যুবকের ছায়াপথ, স্তব্ধতার অনুবাদ-এর মতো কত না উপন্যাসে; ‘সম্রাট’, ‘রোকেয়ার মুখ’, ‘তাস’, ‘কবি’, ‘নেপেন দারোগার দায়ভার’, ‘গাধা জ্যোৎস্নার পূর্বাপর’,‘নাম’,‘আনন্দের মৃত্যু’সহ অসংখ্য গল্পে; পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারা জীবন, ঈর্ষা, যুদ্ধ এবং যুদ্ধ–এর মতো আরও অনেক নাটকে তিনি বিষাদ–বিচ্ছিন্নতার বিচিত্র জাল বিছিয়ে দিয়ে গেছেন। তাঁর আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড তিন পয়সার জ্যোছনায় থাকা একটি কথাও বেশ বিষন্ন করে দেয়: 

‘জীবন? জীবন তো এক চলচ্চিত্র! শুরুতে শাদা পর্দা, শেষও শাদা পর্দা।

মাঝখানে ওই ছবিটাই যা কিছু।’

এটুকুই অনেক কিছুর দূরত্ব কিছু সময়ের জন্য দূর করে। ২০১৬ সালে মৃত্যু নামের দূরত্বে চলে গেছেন সৈয়দ শামসুল হক। কিন্তু তাঁর অসংখ্য রচনায় তিনি তৈরি করেছেন আশ্চর্য মৃত্যুহীন এক দূরত্ব। ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিন, সেদিন বারবার এই কথাটাই নিশ্চয়ই পাঠকদের মনে পড়ে যাবে।