সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। ৮৮ বছর বয়সে প্রয়াত হন লন্ডনে ১৯ মে ২০২২। ছিলেন কিংবদন্তি সাংবাদিক। জীবদ্দশায় এই ভাষাসংগ্রামী শেষবারের মতো বাংলাদেশে এসেছিলেন ২০১৯ সালে। ওই বছরের ৯ জুন তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিতও হয় সেই সাক্ষাৎকারের অংশবিশেষ। সাক্ষাৎকারটি নিয়েছেন হাসান হাফিজ ও আমিরুল মোমেনীন মানিক।

কেমন আছেন?
আবদুল গাফফার চৌধুরী: বয়স হয়ে গেছে। নানা রকম পীড়া আক্রান্ত করেছে। ফলে প্রায়ই অসুস্থ থাকি।
বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আবার নানা রকম সংকটও আছে। সেদিক দিয়ে যদি বলেন, তাহলে কেমন আছেন?
আবদুল গাফফার চৌধুরী: সেদিক থেকে মোটামুটি ভালোই আছি। কারণ, বাংলাদেশের স্বাধীনতা অপহৃত হয়েছিল, সেটা উদ্ধার হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা একেবারেই ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তাকে আবার রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। সেদিক থেকে আরামেই আছি। কারণ ভেবেছিলাম, যে বিজয় আমরা দেখেছিলাম একাত্তর সালে, হয়তো তার একটা পরাজয় দেখে যেতে হবে। তা থেকে বেঁচে গেছি, এটা একটা পরম সৌভাগ্য।
অনেকে বলেন, আপনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। স্বাধীনতার আগে বঙ্গবন্ধুকে কীভাবে দেখেছেন? আবার মুক্তিযুদ্ধের পর তিনি যখন রাষ্ট্রক্ষমতায় আসীন হলেন, তখন তাঁকে কীভাবে দেখেছেন?
আবদুল গাফ্ফার চৌধুরী: মুক্তিযুদ্ধের আগে যখন তিনি যখন রাজনৈতিক নেতা ছিলেন, তখন তাঁকে আমি সবচেয়ে সাহসী নেতা, হাজার বছরের সাহসী নেতা হিসেবেই দেখেছি। কারণ, তাঁর চেয়ে সাহসী কেউ নেই। এমনকি আমাদের শেরেবাংলা ফজলুল হকের কথা বলি, তিনিও অনেক বড় উঁচুদরের নেতা ছিলেন, কিন্তু এতটা সাহস তাঁর ছিল না। সাহসের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে আমরা শেখ মুজিবের কোনো তুলনা দেখি না।
এটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের আগের কথা।
আবদুল গাফফার চৌধুরী: হ্যাঁ, ঠিক আছে। আবার মুক্তিযুদ্ধের পরও এই যে মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে না গিয়ে কারাবরণ করলেন, সুনিশ্চিতভাবে এ কথা জেনে যে তাঁর ফাঁসি হবে, কম সাহস এবং দূরদর্শিতার কোনো প্রমাণ নয় এটা। তিনি ধরা না দিলে তাঁকে খোঁজার নামে ঢাকা শহরে লঙ্কাকাণ্ড ঘটাত পাকিস্তানি হানাদারেরা। সেটা থেকে তিনি জনগণকে অব্যাহতি দিয়েছেন। আবার তিনি কারাগারে বসে গোটা সংগ্রামের একমাত্র প্রতিভূ হয়ে আছেন।
মুক্তিযুদ্ধের পর যখন তিনি সফল হয়ে ফিরে এলেন, তখন মনে হলো যে নেলসন ম্যান্ডেলা যেমন ২৭ বছর জেলে থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং সফল হয়েছেন, আমাদের বঙ্গবন্ধু তেমনি একটানা ২৭ বছর না হলেও অন্তত ১৭ বছর বারবার জেলে গিয়ে এবং জেলে বসেই যুদ্ধ পরিচালনা করে যে ইতিহাস তৈরি করেছেন, তার কোনো তুলনা নেই। একদিকে তিনি ছিলেন মহানায়ক, আরেক দিকে তিনি মহা–রাষ্ট্রনেতা। এ দুটো ভাগে আমি তাঁর চরিত্রকে ভাগ করেছি।
বাংলাদেশের স্বাধীনতার যে ক্ষতি তাঁরা করেছেন, সেটা জামায়াত, বিএনপিও করেনি। বঙ্গবন্ধুর পপুলারিটি, বঙ্গবন্ধুর দর্শনের যে ভিত্তি, ওরা অতিবিপ্লবী হয়ে, অতিবিপ্লবী সেজে তা ধ্বংস করেছেন। একটা ইনভেন্টাইন অ্যাডভেঞ্চার করেছেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে।
মাঝখানে আপনি আবার বাকশালের বিরোধিতা করেছেন।
আবদুল গাফফার চৌধুরী: না, আমি ঠিক বাকশালের বিরোধিতা করিনি। আমার লেখাটা পড়ে দেখবেন। বাকশাল করার জন্য বঙ্গবন্ধু যে সময় বেছে নিয়েছিলেন, সেটা আমার মতে, (এটা বলা আমার জন্য ধৃষ্টতা) সঠিক ছিল না। এই বাকশাল করা উচিত ছিল দেশটা স্বাধীন করার পরই, যখন তিনি অপরাজেয় এবং অপ্রতিদ্বন্দ্বী নেতা। কিন্তু যখন তিনি বাকশাল করতে গেলেন, তখন তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপবাদ, রটনা এবং তাঁর নেতৃত্বকে কুয়াশাচ্ছন্ন করে ফেলা হয়েছিল।
আপনি কি মনে করেন, তাঁর যে রাজনৈতিক উচ্চতা, সেটি খর্ব হয়েছে বাকশালের কারণে?
আবদুল গাফফার চৌধুরী: না, হয়নি। তাতে তাঁর চরিত্রকে আংশিকভাবে ম্লান করা হয়েছে। সিরাজউদ্দৌলার চরিত্র দেড় শ বছর আড়ালে ছিল। তারপর ঐতিহাসিক গবেষণার ফলে সেটা জেগে উঠেছে। তেমনি, তাঁর তো তত দিনও লাগেনি।
আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে, পরবর্তীকালে গত সরকারের সময় আমরা দেখলাম, সেই জাসদের কয়েকজন আবার মন্ত্রিসভায় ঠাঁই নিলেন এবং তখন আমরা তাঁদের কাছ থেকে একটা ব্যাখ্যা শুনলাম যে তারা আসলে তৎকালীন সময়টা অস্থির করেননি। আপনার মূল্যায়নটা কী?
আবদুল গাফফার চৌধুরী: আমার মূল্যায়নটা একটু কঠোর। বাংলাদেশের স্বাধীনতার যে ক্ষতি তাঁরা করেছেন, সেটা জামায়াত, বিএনপিও করেনি। বঙ্গবন্ধুর পপুলারিটি, বঙ্গবন্ধুর দর্শনের যে ভিত্তি, তাঁরা অতিবিপ্লবী হয়ে, অতিবিপ্লবী সেজে তা ধ্বংস করেছেন। একটা ইনভেন্টাইন অ্যাডভেঞ্চার করেছেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে।
জাসদ যদি এ ধরনের অস্থিরতা তৈরি না হতো, তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন রকম হতে পারত কি না?
আবদুল গাফফার চৌধুরী: সম্পূর্ণ ভিন্ন হতো। তাঁরা যদি জাতীয় ঐক্যটাকে রক্ষা করতেন, বঙ্গবন্ধুর নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা না করতেন, তাহলে একাত্তরের পরাজিত শক্তি সাহস পেত না সাড়ে তিন বছরের মধ্যে মাথা তোলার। জাসদের কর্মী নামেই বহু জামায়াতি এবং ধর্মান্ধ শ্রেণির তরুণ জাসদে ঢুকে এটাকে একটা সন্ত্রাসী দলে পরিণত করেন।
অনেকেই বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রত্যক্ষ খুনি যাঁরা, তাঁদের ফাঁসি হয়েছে বা বিচার হয়েছে। কিন্তু এর পেছনে ষড়যন্ত্রকারী যাঁরা, তাঁদের বিচার হয়নি এবং তাঁদের বিচারের জন্য একটা কমিশন করা উচিত। আপনি কী মনে করেন?
আবদুল গাফফার চৌধুরী: আমি মনে করি যে সিরাজুল আলম খান, আ স ম আবদুর রব—এ শ্রেণির যেসব পথভ্রষ্ট জাসদ, যাঁরা এককালে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন...
মানে নিউক্লিয়াসের সিরাজুল আলম খান?
আবদুল গাফফার চৌধুরী: হ্যাঁ। সিরাজুল আলম খান কার্ল মার্ক্স মনে করে, চেহারা-টেহারা বানিয়েছেন। কিন্তু তাঁর রাজনৈতিক জ্ঞান আমার নিজের মতে খুবই সীমিত এবং একজন অ্যাডভেঞ্চারিস্ট, হি ইজ নট আ পলিটিক্যাল ফিলোসফার। কিন্তু তিনি পলিটিক্যাল ফিলোসফার সাজার চেষ্টা করেন। তিনি একজন অতি রং, পলিটিক্যাল অ্যাডভেঞ্চারিস্ট, এটা করতে গিয়ে নিজেকে ধ্বংস করেছেন, দেশটাকে ধ্বংস করেছেন। তাঁর যোগাযোগ ছিল না, জিয়াউর রহমান থেকে এরশাদ—এমন কোনো সামরিক ডিক্টেটর নেই। তাঁর সঙ্গে ছিলেন আ স ম আবদুর রব—তিনি বঙ্গবন্ধুর সন্তানতুল্য ছিলেন—এরা সবাই মিলে ব্রুটাসের ভূমিকায় অভিনয় করেছেন।