রম্য গল্প

বিশ্বকাপ, বাপ রে বাপ

বিশ্বকাপ শেষ মানে কি ফুটবলের উন্মাদনাও শেষ? ফুটবল নিয়ে বাঙালির আবেগ শাশ্বত।

বিশ্বকাপ ফুটবল অনেকটা হ্যালির ধূমকেতুর মতন। ধুম করিয়া আসে। পার্থক্য শুধু হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর আসিয়া হাজির হয়, আর বিশ্বকাপ ৪ বছর পর।

পার্থক্য কোথায় না থাকে? এক বিশ্বকাপের সহিত অন্য বিশ্বকাপের থাকে না? এই যে কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হইতেছে, কাতারে কাতারে অপ্সরীরা স্বল্পবসনা হইয়া স্টেডিয়ামে ঢুকিতে পারিতেছে? এইবার কি শক্ত পানীয় লইয়া গ্যালারিতে ঢোকা নিষিদ্ধ হয় নাই? প্রতিবার গরমের সময় খেলা হয়, এইবার কি শীতের সময় হইতেছে না? তবে?

পার্থক্য রহিয়াছে অন্যদের সহিত মামুনেরও। বেচারা বিশ্বকাপ ফুটবল লইয়া পড়িয়াছে মহা সমস্যায়। মোবাইলে অনেক গেম খেলিলেও ফুটবলের প্রতি কখনো টান অনুভব করে নাই। কিন্তু বিশ্বকাপ আসিবামাত্রই পাড়াময় জার্সি আর পতাকা লইয়া যে প্যারাময় টানাটানি শুরু হইয়াছে, যেন খেলা না দেখিলে মুখ দেখানোই দায়! অফিসে সকলেই যখন আর্জেন্টিনা, ব্রাজিলের চৌদ্দগুষ্টির ঠিকুজি লইয়া কিলবিল করিতে থাকে, তখন তাহাকে মুখে খিল লাগাইয়া বসিয়া থাকিতে হয়। মুখ খুলিতে গেলেও বিপদ। প্রবল উত্তেজনার বশীভূত হইয়া মেসি, নেইমার, রোনালদোকে দুই–একখানা ফোর, সিক্স মারার দাবি তুলিবামাত্রই সবাই মুখ ঘুরাইয়া দেখে। কেউ কেউ তো বলিয়াই ফেলে, মামুন, এইবার থামুন।

অপমানে জর্জরিত মামুন তাই সাব্যস্ত করিয়াছে, রাত জাগিয়া পুরা একখানা খেলা দেখিবে। অফিস কলিগদের খবরখানা প্রচার করিতেই সবাই হাসিয়া অস্থির। জীবনে যে কখনো ফুটবল খেলা দেখে নাই, সেই ব্যক্তি রাত জাগিয়া খেলা দেখিবে—এই মূল্যবান তথ্য অফিসময় ছড়াইয়া পড়িতে অধিক সময় লাগিল না।       

রিসিপশন হইতে শুরু করিয়া অফিসের ক্যানটিন অবধি যাহার সহিতই দেখা হয়, সে–ই জিজ্ঞাসা করে, ঘটনা সত্যি? খেলা হইবে?  এই সকল প্রশ্নে রাগে গরগরাইয়া ছোটে মামুন।  

কী হইয়াছে মামুন সাহেব? পাশের ডেস্ক হইতে ভাসিয়া আসা পুনমের কিন্নরী কণ্ঠে নিমেষেই মন ভালো হইয়া যায় মামুনের। কেন জানি, অফিসের অন্য স্টাফদের যতটা দূরের মনে হয়, পুনমকে ঠিক ততটাই কাছের বলিয়া লাগে। সব শুনিয়া পুনম বলিল, এত বিচলিত হইবার কিছু নাই। একখানা ফুটবল কিনিয়া খেলা দেখিতে দেখিতে খেলা শুরু করিয়া দিন। রাগ ঝাড়ার দারুণ উপায় হইল ফুটবল। যতই লাথি মারেন, কেউ কিচ্ছু বলিবে না। উপরন্তু রাগও কমিবে, খেলাও হইবে।  মামুনের মনে হইল, এর চেয়ে বড় সত্য আর হইতেই পারে না।

অতঃপর শুভদিন দেখিয়া সন্ধ্যার পর হইতে মামুন প্র্যাকটিস শুরু করিয়া দিল। না, খেলিবার জন্য নয়, খেলা দেখিবার জন্য। মশা তাড়াইবার জন্য লইল অ্যারোসল। টেলিভিশনের একেবারে সামনে বসিয়া দেখিবার জন্য একখানা মাদুর। মাঝামাঝি দূরত্বে বসিয়া দেখিবার জন্য সোফা। কোলে নতুন কেনা ফুটবল। বিভিন্ন ভঙ্গিমায় বসিয়া খেলা দেখিবার জন্য কাঁথা, কম্বল, লেপ লইয়া কসরত চালাইয়া যাইতে লাগিল।

অপেক্ষা যেন কেমন একটা ব্যাপার! ফুরাইতেই চায় না। মুহূর্তের পর মুহূর্ত গড়াইলেও একখানা সেকেন্ড হয় না। এক, দুই, তিন করিয়া এক শ পর্যন্ত গুনিলেও একখানা মিনিট হয় না। রাশি রাশি মিনিট চলিয়া যায়, তবু ঘড়ির কাঁটা ঘণ্টার ঘোষণা দেয় না। মামুনের অপেক্ষার প্রহর দীর্ঘ হইতে দীর্ঘতর হয়।

মামুন মনে করিতে চেষ্টা করে, জীবনে এমন অপেক্ষা ইহজীবনে কেহ তাহার জন্য করিয়াছে? হৃদয়বাগানে সুপ্ত বাসনা লইয়া কত ফুলের চাষই না সে করিয়াছে! ফুল বুঝিয়াছে ভুল, চাষের ঘাস হইয়াছে বাঁশ। সেসব মনে পড়িলেই বিদগ্ধ স্মৃতি হৃদয়ে হুল ফুটাইতে শুরু করে। ভাবনার জগতে হারাইয়া যাইবার কারণে অবশ্য লাভই হইল। খেলা শুরু হইবার সময় ঘনাইয়া আসিল। রাত্রি নিঝুম হইল। চলিয়া আসিল অন্তিম সেই ক্ষণ।

রেফারির বাঁশিতে শুরু হইয়া গেল খেলা। উয়াআআআওওও কী অপূর্ব গ্যালারি! কী সুন্দর মাঠ! খেলাও মনে হইতেছে সেই রকম হইবে। মামুন সোফায় বসিয়া টেলিভিশনের পানে চক্ষু গোল্লা পাকাইয়া তাকাইয়া রহিল। বিশ্বকাপ বলিয়া কথা। উপরন্তু অফিসে যেইভাবে তাহার খেলা দেখিবার সংবাদ প্রচার হইয়াছে, প্রত্যুষে অফিসে সবাই যে প্রতিমুহূর্তের নিখুঁত বর্ণনা শুনিতে চাহিবে, তাহাতে সন্দেহ প্রকাশের কোনোই অবকাশ নাই। খেলার ধারাবর্ণনা ধারাবাহিকভাবে বর্ণনা করিতে না পারিলে তাহাকে লইয়া যে কী ট্রলটাই না করবে সবাই, পালাইবার পথ পর্যন্ত রাখিবে না। এই সব কথা সে কল্পনাও করিতে পারে না। করিতে চায়ও না।

অনেকক্ষণ অপলক তাকাইয়া থাকিয়াও মামুন বুঝিতে পারে না, খেলা এত ম্যাড়ম্যাড়া হওয়ার হেতু কী? বল তো মাঝমাঠেই ঘোরাফেরা করে। এ দেয় ওকে, ও দেয় একে। মাঝমাঠে বল লইয়া সময় কাটাইলে কোনো পয়েন্ট যোগ হয় কি না, কাল পুনমের কাছে জানিতে হইবে। পুনম তাহাকে বুঝাইয়াছে, ফুটবল গোলের খেলা। গোল দিতে পারিলে জিত, খাইলে চিত। তবে? পেপার–পত্রিকায় পড়িয়াছে, এইবার নাকি অনেক দল অনেক উদ্দেশ্য লইয়া বিশ্বকাপ খেলিতে আসিয়াছে। এদেরও তেমন কোনো উদ্দেশ্য নাই তো?       

ক্রমেই মামুন অধৈর্য হইয়া পড়ে। হালার পো হালারা কী খেলিতেছে? এ তো আমাদের দেশের পুলিশ আর বিরোধী দলের ধাওয়া–পাল্টাধাওয়ার দৃশ্য। একবার বল লইয়া একদিকে সবাই দৌড় দেয়, আবার ছোটে অন্যদিকে। ধুত্তরি বলিয়া মাথার নিচে দুইখানা কুশন ঢুকাইয়া লম্বা সোফায় লম্বা হইয়া পড়ে মামুন।  

আহ্​, কী শান্তি। ধীরে ধীরে তাহার নয়ন ছোট হইতে শুরু করে। হঠাৎ রেফারির লম্বা বাঁশিতে ধড়মর করিয়া ওঠে সে। ব্যাপার কী, বুঝিতে টেলিভিশনে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখে, তাহাকে কেউ কিছু বুঝিতে সুযোগ না দিয়া খাওয়ার লোভে দুই দলের খেলোয়াড়, কোচ, রেফারি, লাইনসম্যান—সকলে একত্র হইয়া মাঠ ছাড়িতেছে। উহাদের দেখিয়া মনে হইতেছে, ভিতরে বিরিয়ানির প্যাকেট শর্ট আছে। একটু পরে গেলেই আর পাওয়া যাইবে না। হায়রে লোভীর লোভী রে!

এই মধ্যরাতে দর্শকদের মুড়ি খাইতে দিয়া নিজেরা বিরিয়ানি খাবার লোভে বিদায় নেওয়ায় মামুন অত্যন্ত মর্মাহত হইল। মনের কষ্টে কৌটা হইতে মুড়ি খাইতে খাইতে যখন তাহার চাপার শিকড় উঠিয়া যাইবার জোগাড়, সেই সময় খেলোয়াড়দের ময়দানে ফিরিতে দেখা গেল।

বাবুর্চির হাত মনে হয় পাকা। কেমন ঢেকুর তুলিয়া উভয় দলের খেলোয়াড়েরা, কোচ, রেফারি, লাইনসম্যান। সকলেই দন্ত বিকশিত করিয়া হাসিতে হাসিতে মাঠে ফিরিতেছে। সবাইকে খুশি করা সহজ ব্যাপার নহে। উহাতে হিম্মত লাগে। বাবুর্চির পাক চাখিয়া দেখিবার সুপ্ত বাসনা গুপ্ত রাখিয়া আবার খেলা দেখায় মনোযোগ দিল মামুন।

মাঠের প্রান্ত পরিবর্তন করিয়া খেলোয়াড়েরা যখন খেলা শুরু করিতে প্রস্তুত হইল, সে–ও তখন সোফার আসন ছাড়িয়া টেলিভিশনের সম্মুখে অবস্থানরত মাদুরে বালিশ, কম্বল লইয়া প্রান্ত পরিবর্তন করিল। খেলা শুরু হইবার সঙ্গে সঙ্গে খেলোয়াড়েরা যেইরূপ প্রতিপক্ষের উপর ঝাঁপাইয়া পড়ে, তদ্রূপ কোথা হইতে লড়াকু এক দল মশক বাহিনী আসিয়া বিপুলবেগে ঝাঁপাইয়া পড়িল মামুনের উপর।     

টেলিভিশনের ভিতরে–বাহিরে একই সঙ্গে দুই খেলা শুরু হইয়া গেল। টেলিভিশনের ভিতরে দুই প্রতিপক্ষের লড়াই, বাইরে মামুন ও মশার লড়াই। গোলরক্ষক যেমন দুই হাতে বল জড়াইয়া ধরে, কখনো বা ঘুষি মারে, মামুনও তেমনি কখনো এক পা দিয়া আরেক পায়ে, কখনোবা গোলকিপারের মতন দুই হাত তুলিয়া আক্রমণ চালায়। হাড্ডাহাড্ডি লড়াই শুরু হইয়া গেল। কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। বিশ্বকাপ, টেলিভিশন, ফুটবল, মশা, মামুন, কম্বল, কয়েল—কে কাহার খেলা দেখিতেছে, ঠাওর করা দুষ্কর হইয়া পড়িল।                  

সমস্ত মাঠ দৌড়াইতে দৌড়াইতে প্লেয়াররা ক্লান্ত হইয়া পড়ে। আর শূন্যে হাত-পা চালাইতে চালাইতে ক্লান্তি বোধ করে মামুনও। ধীরে ধীরে তাহার নেত্র আবার ছোট হইতে শুরু  করে। একসময় যে খেলা নেত্রযুগল বড় বড় করিয়া দেখা শুরু করিয়াছিল, তাহা নেত্র-কোনায় চলিয়া আসে। নেত্রের পর্দা শাটার নামাইতে শুরু করে। মাথা কাত হইয়া পড়িতেই ধড়মর করিয়া উঠিয়া নিজেকে শুধরায় মামুন। ঝিমাইতে ঝিমাইতে দুই আঙুলে নেত্রের পর্দা টানিয়া ধরিয়া টেলিভিশনের পর্দায় মনোনিবেশ করে সে। তবে তাহার অক্ষিযুগলের ছোট-বড় হইবার পালা চলিতে থাকে পালাক্রমে।

অকস্মাৎ খেলার ধারাভাষ্যকার নিজের গলার রগ ফুলাইয়া চিৎকার দিয়া ওঠে, গোওওওল। মাঠের পরিবেশ একমুহূর্তেই পাল্টাইয়া যায়। বিদ্যুৎবেগে বল তাহার অবস্থান বদলাইতে থাকে। দর্শকেরাও চিৎকার করিয়া তাহাদের সমর্থন প্রকাশ করে। পতাকা নাড়াইয়া খেলোয়াড়দের উজ্জীবিত করিয়া দেয়। পাঁচ মিনিট যাইতে না যাইতেই প্রতিপক্ষ দুরন্ত কৌশলে গোল পরিশোধ করিয়া খেলায় টানটান উত্তেজনা ফিরাইয়া আনে। আহা, সে কী উত্তেজনা। চিৎকারে কান পাতা দায়। দুই দলই মরিয়া হইয়া তাহাদের সর্বস্ব উজাড় করিয়া আক্রমণ শাণাইতে থাকে। মামুনকে কামড়াইতে থাকা মশককুল পর্যন্ত কামড়ানো বাদ রাখিয়া অবাক হইয়া খেলা দেখিতে থাকে।

আর মামুন? সারা দিনের ক্লান্তিতে সেই যে পনেরো মিনিট আগে চোখের শাটার নামাইয়াছে, সূর্য মধ্যগগনে যাইবার পূর্বে খুলিবে বলিয়া মনে হয় না।