
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো জটিল এক হিসাব কষেছিল। সেই জটিল-কঠিন সময়ে বাংলাদেশ তথা উপমহাদেশীয় পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর যেসব গোপন চিঠিপত্র, দলিল বা তথ্য আদান-প্রদান করেছে, সেগুলো এখন অবমুক্ত। সোভিয়েত ইউনিয়ন কি আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থনের ব্যাপারে দ্বিধায় ছিল? বাংলাদেশের চূড়ান্ত বিজয় কেন ২০ ঘণ্টা বিলম্বিত হলো? মার্কিন গোপন দলিলগুলো বিশ্লেষণ করে সেসব প্রশ্নের জবাবসহ অজানা নানা তথ্য বের করে এনেছেন প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান।
মার্কিন দলিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
মিজানুর রহমান খান
প্রকাশক: প্রথমা, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০২২
দাম: ৩৫০ টাকা।
প্রবাসী সরকারের কাছে গোপনে তথ্য পাঠিয়েছিলেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন। মুক্তিযুদ্ধকালে ইত্তেফাক–এর পাতায় সাহসিকতার সঙ্গে তিনি তুলে ধরেছেন ঘটনার ইতিবৃত্ত। পাকিস্তান সামরিক বাহিনী আর তাদের এদেশীয় দোসর আলবদরের দল সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ করেছিল ১৯৭১–এর ১০ ডিসেম্বর দিবাগত রাতে। একাত্তরের অবরুদ্ধ ঢাকা মহানগরীতে বসে সিরাজুদ্দীন হোসেনের অকুতোভয় সাংবাদিকতা, রাজনৈতিক বিশ্লেষণ আমাদের ইতিহাস ও গবেষণায় এক উল্লেখযোগ্য সংযোজন।
জাহান্নামের আগুনে বসিয়া: একাত্তরে সিরাজুদ্দীন হোসেনের অকুতোভয় সাংবাদিকতা
সম্পাদনা: সেলিম রেজা নূর, জাহীদ রেজা নূর, তৌহীদ রেজা নূর
প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০২২
দাম: ৪০০ টাকা।
সমসাময়িক খ্যাতিমান সাংবাদিকদের মধ্যে কে কে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার নিয়েছেন, তার চেয়ে বলা ভালো কে কে নেননি। সাংবাদিকদের মধ্যে যেমন পশ্চিমে ডেভিড ফ্রস্ট, ওরিয়ানা ফালাচি, পিটার জেনিংস, জন পিলজার, সিডনি শনবার্গ, গেভিন ইয়ং, অ্যান্থনি মাসকারেনহাস, সাইমন ড্রিং, ডন টেট; উপমহাদেশে কুলদীপ নায়ার, মাজহার আলী খান ও সৈয়দ নজিউল্লাহ; বাংলাদেশে কে জি মুস্তাফা, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, ফজলে লোহানী, সেরাজুর রহমান, আতাউস সামাদ; লেখক-চলচ্চিত্রকারদের মধ্যে নাগিসা ওশিমা, অন্নদাশঙ্কর রায়, বদরুদ্দীন উমর—অনেকেই নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার। এই বইয়ের এসব কথোপকথনে উন্মোচিত হয়েছে বাংলাদেশের স্বাধিকার সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ নানা বিষয়।
মুখোমুখি বঙ্গবন্ধু: ৫০টি সাক্ষাৎকার ও কথোপকথন
জামিল বিন সিদ্দিক
প্রকাশক: বাতিঘর, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২২
দাম: ৬০০ টাকা।