আশালতা কাজী নজরুল ইসলামের স্ত্রীর আসল নাম। নজরুলই তাঁর নাম দিয়েছিলেন প্রমীলা। কবির জীবনে এই নারীর ভূমিকা বিস্তর। নজরুল আর আশালতার অনবদ্য প্রেম–বিরহ আর উত্থান–পতনের কাহিনি ধরা পড়েছে এই উপাখ্যানে।

গীতিকার ও সুরকারের সঙ্গে শিল্পীর একটা ঘনিষ্ঠতা গড়ে উঠতেই পারে। সে রকম সম্পর্ক তো অনেকের সঙ্গেই আছে নজরুলের। শুধু গানের কথা ও সুর-তাল ঠিক থাকলেই তো চলে না, কীভাবে গাইলে ছবির দৃশ্যের সঙ্গে গানটি মানানসই হবে, এই ব্যাপারটি বুঝিয়ে দেওয়া তো সংগীত পরিচালকেরই কাজ। সেই কাজ যে কাজী সাহেব ভালো পারেন, এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো এক বিশেষ শিল্পীর সঙ্গে এই সম্পর্ক পেশাদারত্বের সীমা ছাড়িয়ে গেলে চোখে তো পড়বেই, বিশেষ করে সেই শিল্পী যদি হন কাননবালার মতো গায়িকা-নায়িকা।
প্রমীলা কানে তুলতে চাননি, তা-ও লোকজন তাঁকে ছাড়বে কেন, এ ব্যাপারে বউদিকে সতর্ক না করলে যে কর্তব্যে অবহেলা হয়! এই কর্তব্যের খাতিরেই একদিন রঘুবাবু এলেন বাসায়। রঘুনাথ সরকার, গান লেখেন, তাতে সুরও দেন, কিন্তু যথাযথ মূল্যায়ন হলো না বলে মনে দুঃখ পুষে দিন কাটান। চোখের সামনে নজরুল ইসলামের দ্রুত উন্নতি দেখে হয়তো দুঃখবোধটা চাগিয়ে ওঠে মাঝেমধ্যে। হিজ মাস্টার্স ভয়েসের কেরানি সেই রঘুবাবু একদিন বউদিকে জানিয়ে গেলেন, কাননবালার মতো একটা ‘থার্ড ক্লাস’ মেয়ের সঙ্গে নজরুলের ঘনিষ্ঠতা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এতে কাননবালার তো বিশেষ যায়–আসে না, নজরুল ইসলামেরই যত বদনাম।
সময় থাকতে সামাল না দিলে ঘটনা কোথায় গিয়ে গড়াবে, তার ঠিক নেই। নজরুলের অনুপস্থিতিতে বাসায় এসে চা-জলখাবার খেয়ে এসব কথা বলে গিয়েছিলেন রঘুবাবু। কেন যেন খুব একটা গুরুত্ব দেয়নি প্রমীলা। এরপর একদিন ওই কোম্পানিরই শান্তি ও নমিতা নামের দুটি মেয়েও একই কথা বলে গেল। বক্তব্য একই, শুধু বক্তা ভিন্ন। সন্দেহ হয়েছিল, ওই রঘুবাবুই মেয়ে দুটিকে পাঠালেন কি না। নিশ্চয় লোকটার কোনো মতলব আছে, নইলে কে যেচে পড়ে এসে পরের গোয়ালে ধোঁয়া দেয়। গিরিবালার কানেও গেছে কথাগুলো, তিনি কোনো মন্তব্য করেন না, আবার এর সম্ভাবনাকে উড়িয়েও দেন না। দুলিকে একবার বলেছিলেন, ‘তুই নিজে একবার নুরুর সঙ্গে সরাসরি কথা বললেই তো পারিস।’
‘এসব নিয়ে আমার কথা বলতে রুচি হয় না মা।’ প্রমীলার কণ্ঠে অদ্ভুত তিক্ততা।
লোকটা উদয়াস্ত পরিশ্রম করে ঘরে ফেরেন, খেতে বসে নানা বিষয়ে কথা বলেন, খাওয়াদাওয়া শেষে কখনো নতুন গানের দু–একটি লাইন গেয়ে শোনান, বউ-শাশুড়ির মতামত জানতে চান। তাঁকে তখন কী করে জিজ্ঞেস করেন, তোমাকে নিয়ে যা শুনছি, তা কি সত্যি?
কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেল অশোকবাবুর কথা শোনে। কান্দিরপাড়ের সেই অশোক সাহা। কৃষ্ণনগরে যেমন বাড়ি খুঁজে বের করেছিলেন, এখানেও ঠিকই খুঁজতে খুঁজতে এসে হাজির। নানা কুশল বিনিময়ের পর আশালতাকে বললেন, ‘তোমারে না কইছিলাম মা, শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার মতোই কপাল তোমার, সেটাই সত্য হলো। এখন তো কাননবালারে নিয়া কবির নাম শুনি।’
‘এসব কথার সত্য-মিথ্যার ঠিক আছে? একই পেশায় থাকলে দুজনের একটা সদ্ভাব তো থাকতেই পারে...।’ গিরিবালা যেন পাল্টা যুক্তি দাঁড় করিয়ে বিষয়টা বুঝে নিতে চাইলেন।
‘হ, নজরুলের দুই-তিনটা ছবিতে কাননবালা দেবী অভিনয় করছেন, গান করছেন... সুসম্পর্ক একটা থাকতেই পারে।’
একটু চিবিয়ে কথাটা বললেন অশোক সাহা, ওই কথার মধ্যে না বলা কথা আছে। লোকটা চলে যাওয়ার পর মা-মেয়ের আর কোনো বাক্য বিনিময় হলো না। কিন্তু একটা প্রচণ্ড ক্ষোভ দলা পাকাচ্ছে ভেতরে, এতকাল পরে প্রমীলার হঠাৎ করেই মনে হলো, যথেষ্ট হয়েছে, আর নয়, এবার একটা হেস্তনেস্ত হওয়া দরকার।
গ্রামোফোন কোম্পানিতে নজরুলের বিরাট কদর, নিজস্ব কক্ষ আছে, সেখানে রুপার পানের বাটা নিয়ে জাঁকিয়ে বসেন। তাঁর কাছে বড় বড় লোকজন আসেন নিয়মিত। দেশের সেরা সব শিল্পীর গলায় গান তুলে দিচ্ছেন, সে গান রেকর্ড হয়ে বেরোলে বিকোচ্ছেও ভালো। তাঁর সিনেমার গানগুলোও বাজার মাত করছে। সাপুড়ে ছবির ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ’, ‘হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল’, নন্দিনী ছবির ‘চোখ গেল চোখ গেল পাখি রে’, চৌরঙ্গী ছবির ‘রুমঝুম রুমঝুম’ গানগুলো তো মানুষের মুখে মুখে।
এই সাফল্য, যশ-খ্যাতির কিছু কিছু বিড়ম্বনা আছে হয়তো, কিন্তু তার সবটুকুই কেন সইতে হবে প্রমীলাকে, কতকাল সইতে হবে? কত ঘটনার নীরব সাক্ষী হতে হলো এ জীবনে! হয়তো চোখের সামনে কিছু ঘটে না, কিন্তু আগে-পরে সব কথাই তো এসে পৌঁছায় কানে। সেই যে মেদিনীপুরে সভা করতে গিয়েছিল একবার। সেখানে নজরুলের বক্তৃতা শুনে আবেগের বশে দশ-এগারো বছরের একটি মেয়ে গলার হার খুলে পরিয়ে দিয়েছিল কবির গলায়, সেই মেয়েটি তো বাঁচতে পারেনি। ঘরে-বাইরে লোকজনের গঞ্জনা-তিরস্কার শুনে আত্মহত্যা করেছিল কিশোরী। লোকটার মধ্যে জাদুকরি আকর্ষণ আছে—এ কথা কে অস্বীকার করবে। দুলিও তো কিশোরী বয়সে সেই ফাঁদে পড়েছিল, কিন্তু প্রমীলা তো পারলেন না আত্মহননের পথ বেছে নিতে! নার্গিসের কথা না হয় বাদই রইল, সেটা আশালতার সঙ্গে বিয়ের আগের ঘটনা, কিন্তু ফজিলতুন্নেসা, রানু সোম, নোটন মৈত্র—একের পর এক কত বিচিত্র নারী এল তাঁর জীবনে!
এই তো মাত্র কদিন আগে জাহানারা চৌধুরী নামের এক সুন্দরী নারীর ভ্রমণসঙ্গী হয়ে ঘুরে এলেন দার্জিলিং, সঙ্গে নাকি তাঁর ভাইও ছিলেন। জাহানারা বিত্তবান ঘরের মেয়ে, বর্ষাবাণী নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। কবির কাছ থেকে লেখা চাইতে এসে এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছেন যে একসঙ্গে শৈলশহরে চলে গেলেন ঘুরতে! পত্রিকার জন্য কবিতা চেয়েছেন, কবি তাঁর গানের খাতা পাতার পর পাতা ভরে দিয়েছেন গানে-কবিতায়। এ রকম কত ঘটনা! একের পর এক ঘটে, কখনো কবি নিজেই প্রেম ও বিরহে কষ্ট পান, ছটফট করেন, কবিতা-গান-গল্প লিখে সেই যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজেন। প্রমীলার মুক্তি কোথায়? স্বামীর দ্বিচারিতা সহ্য করে অবিচল থাকার দায় বয়েই যেতে হবে বাকি জীবনও? কে চায় খ্যাতিমান স্বামী?
দোলন-চাঁপা লিখে সেই যে কিশোরী দুলির মন দুলিয়ে দিয়েছিলেন, সেই মোহ তো কবে কেটে গেছে। এখন মনে হয় শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা হওয়ার চেয়ে দরিদ্র কৃষকের আদরে-ভালোবাসায় পরিপূর্ণ পর্ণকুটিরে থাকা অনেক সুখময়।
গিরিবালা লোক লাগালেন। মেয়েকে বিমর্ষ দেখেন, আড়ালে কাঁদতে দেখেন, তাঁর চোয়াল শক্ত হয়ে ওঠে। এর সত্যাসত্য যাচাই করতেই হবে। রঘুবাবুর সাহায্য চেয়েছেন, তিনি এ ব্যাপারে এক পায়ে খাড়া। একদিন ‘হিজ মাস্টার্স ভয়েসে’র দারোয়ান দশরথ বাসায় এসে খবর দিয়ে গেলেন, কাননবালার চিঠি পেয়ে কবি তাঁর বাড়িতে গেছেন। কী কাকতাল! দশরথ বেরিয়ে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার চণ্ডী ফিরে এল গাড়ি নিয়ে।
‘বাবুকে কোথায় দিয়ে এলি?’ শান্ত কণ্ঠে চণ্ডীর কাছে জানতে চাইলেন গিরিবালা।
‘কাজে গেছেন মা, রাতে গিয়ে নিয়ে আসব।’ কাঁচুমাচু উত্তর চণ্ডীর।
‘কাজে গেছেন মানে? কাজটা কোথায়, সেটাই তো জানতে চাইছি।’ এবার গলা একটু চড়ল গিরিবালার।
‘আর্টিস্টের বাড়িতে...।’
‘আর্টিস্টটা কে?’
মহাফাঁপরে পড়ল চণ্ডী, এ রকম বিপদে কখনো পড়েনি। বাবু কোথায় যায়-আসে—এ নিয়ে তো বাড়িতে প্রশ্ন ওঠেনি কোনো দিন। এখন কী বললে সুবিধা আর কী বললে বিপদ হবে, বুঝতে পারে না।
‘চুপ করে আছিস কেন হারামজাদা, কোন আর্টিস্টের বাড়িতে দিয়ে এসেছিস?’
‘আমি তো নামটা জানি না।’
‘ঠিক আছে, তোর নাম জানার দরকার নেই, আমায় নিয়ে চল ওই বাড়িতে...দেখছি আর্টিস্টটা কে!’
একটা অঘটনের ভয়ে সারা শরীর কাঁপতে থাকে প্রমীলার, রণমূর্তি নিয়ে গাড়িতে উঠলেন গিরিবালা।
গাড়ি পৌঁছাল কাননবালার বাড়িতে। সদর দরজায় প্রহরী পরিচয় জানতে চেয়েছিল, কিন্তু সেটা জানানোর কোনো তোয়াক্কা না করে দোতলায় গিয়ে সোজা কাননবালার বৈঠকখানায় ঢুকেছেন গিরিবালা। কবি নজরুল ইসলাম তখন কিছু একটা আবৃত্তি করে শোনাচ্ছেন কাননবালাকে। কতটা ঘনিষ্ঠ সেই দৃশ্য, মায়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারেননি, তবে মেজাজ হারিয়ে চেঁচিয়ে উঠেছিলেন গিরিবালা, ‘উঠে এসো, নুরু..., শিগগির উঠে এসো...।’ হতভম্ব হয়ে পড়েছিলেন দুজনেই। এর মধ্যে পাশের ঘর থেকে পরিচারকেরা ছুটে এসেছে। কাননবালা হাতজোড় করে বুকে ঠেকিয়ে সম্ভাষণ জানিয়েছেন অপরিচিত ভদ্রমহিলাকে, ‘আপনি বসুন, মাসিমা।’
তাঁর এই বিনয়কে ভণ্ডামি মনে হয়েছিল, রাগে তখন হিতাহিত জ্ঞান হারিয়েছেন গিরিবালা, পা থেকে চটি খুলে ছুড়ে মেরেছিলেন কাননবালার দিকে। অল্পের জন্য তাঁর গায়ে লাগেনি। পরিচারকেরা তেড়ে গিয়েছিল, কিন্তু হাতের ইশারায় তাদের নিবৃত্ত করেছেন নায়িকা। মাথা নিচু করে গিরিবালার সঙ্গে বাড়ি ফিরে এসেছেন নজরুল।
মাঝেমধ্যে মনে হয় মায়ের মতো এমন সাহসী একরোখা হতে পারলেন না কেন তিনি, কেন নিজের স্বামীকে ধরে রাখতে পারলেন না নিজের করে নিজের ঘরে। আবার উল্টো কথাটাও ভাবেন, এ রকম জোর খাটিয়ে পাওয়া যায়? মানুষের মনের ওপর জোর খাটালে কি সত্যিকারের ভালোবাসার সম্পর্কটা থাকে?