
আগামী ১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আর নতুন বই নিয়ে নিয়মিত রিভিউ প্রকাশ করবে না।
৮ আগস্ট মিডিয়া নেশনের ড্যান কেনেডি জানিয়েছেন, ফ্রিল্যান্স লেখকদের কাছে পাঠানো একটি নোটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এপি। সেখানে বলা হয়েছে, ‘দুঃখজনকভাবে বইয়ের রিভিউয়ের পাঠকসংখ্যা তুলনামূলক কম এবং আমরা আর এই কাজের পরিকল্পনা, সমন্বয়, লেখা ও সম্পাদনায় সময় ব্যয় করতে পারছি না। বই নিয়ে সংবাদ কাভারেজ চালু থাকবে, তবে আপাতত সেগুলো শুধু স্টাফ সদস্যরাই করবেন।’
পাবলিশার্স লাঞ্চ জানিয়েছে, এপির কর্মী সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এটি মূলত তাদের কার্যক্রম ছোট করছে।
এ সিদ্ধান্ত বই–সংক্রান্ত সাংবাদিকতার জন্য কী অর্থ বহন করবে, তা আলাদা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। তবে এপির শিল্পসংক্রান্ত কাভারেজ গুরুত্বপূর্ণ ছিল, কারণ ছোট ও স্থানীয় পত্রিকাগুলো প্রায়ই তাদের রিভিউ ব্যবহার করত। রিভিউগুলো ছিল বিস্তৃত এবং পাঠকের জন্য উপযোগী। এখন এগুলো না থাকায় যেসব ছোট পত্রিকা নিজেদের বই বিভাগ চালাতে পারে না, তারা হয়তো পুরোপুরি সাহিত্যসংক্রান্ত সংবাদ ছাপানো বন্ধ করে দেবে।
এই খবর এমন সময়ে এল, যখন নিউইয়র্ক টাইমস ঘোষণা করেছে যে তারা থিয়েটার রিভিউর ধরন বদলাবে, যেন পাঠকের কাছে শুধু ‘প্রথাগত রিভিউ’ নয়, নতুন আঙ্গিকে পৌঁছানো যায়।
এপির বই রিভিউর ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট যে যদি কোনো উপন্যাস বড় কোনো সংবাদ না হয়, তবে সেটি নিয়ে লেখা হবে না। ফলে সেই বই নতুন পাঠকের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যাবে।
সূত্র: লিটারেরি হাব
গ্রন্থনা: রবিউল কমল