গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

দেশে-বিদেশে

গথাম বুক প্রাইজের চূড়ান্ত তালিকায় ১১ বই

অভিনেত্রী লিলি টেলরের প্রবন্ধের বই, রেস্তোরাঁ উদ্যোক্তা কিথ ম্যাকন্যালির স্মৃতিকথা ও শেয়ারবাজারের ভয়াবহ ধস নিয়ে অ্যান্ড্রু রস সরকিনের জনপ্রিয় বইসহ মোট ১১টি বই গথাম বুক প্রাইজের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ডলার।

গথাম বুক প্রাইজ চালু হয় ২০২০ সালে। এটি প্রতিষ্ঠা করেন বই ব্যবসায়ী ও সমাজসেবী ব্র্যাডলি টাস্ক এবং রাজনৈতিক কৌশলবিদ হাওয়ার্ড উলফসন। এই পুরস্কার দেওয়া হয় নিউইয়র্ক সিটিকে কেন্দ্র করে লেখা কথাসাহিত্য ও নন–ফিকশন বইকে।

চূড়ান্ত তালিকায় থাকা ১১টি বই নিউইয়র্ক শহরের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছে। লিলি টেলরের টার্নিং টু বার্ডস বইয়ে নীরবতা, প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসার গল্প পাওয়া যাবে। কিথ ম্যাকন্যালির আই রিগ্রেট অলমোস্ট এভরিথিং বইয়ে উঠে এসেছে নিউইয়র্কের রেস্তোরাঁ ও খাবারের জগৎ। অ্যান্ড্রু রস সরকিনের ১৯২৯ বইয়ে তুলে ধরা হয়েছে ওয়াল স্ট্রিটে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মহামন্দার দিকে ঠেলে দেয়।

এ ছাড়া চূড়ান্ত তালিকায় রয়েছে নিউইয়র্কের ১৯৯০-এর দশকের সংগীত ও ডিজে সংস্কৃতি নিয়ে মার্ক রনসনের স্মৃতিকথা নাইট পিপল: হাউ টু বি এ ডিজে ইন ৯০’স নিউইয়র্ক সিটি। ১৯৮০ দশকের নিউইয়র্ক শহরকে পটভূমি করে লেখা অ্যাডাম রসের উপন্যাস প্লেওয়ার্ল্ড। ১৯২০ দশকের হার্লেম রেনেসাঁ আন্দোলনকে কেন্দ্র করে ভিক্টোরিয়া ক্রিস্টোফার মারের উপন্যাস হারলেম র‍্যা পসোডি।

তালিকায় থাকা বাকি বইগুলো হলো বেঞ্চ অ্যান্সফিল্ডের বর্ন ইন ফ্লেমস, রবি গুপ্তের গারবেজ টাউন, জন কেনির আই সি ইউ হ্যাভ কলড ইন ডেড, কেতি কিতামুরার অডিশন, জনাথন মাহলারের দ্য গডস অব নিউইয়র্ক।

এক বিবৃতিতে ব্র্যাডলি টাস্ক ও হাওয়ার্ড উলফসন বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে নিউইয়র্ক সিটি এখন লেখকদের জন্য আকর্ষণের জায়গা। এই শহর অসংখ্য কথাসাহিত্য ও নন-ফিকশন বইয়ের আদর্শ পটভূমি।

সূত্র: এপি
গ্রন্থনা: রবিউল কমল