দুঃস্বপ্নের ঘোড়া ও ব্যক্তিগত রাত্রিযাপন

খরগোশ এবং কচ্ছপের গল্পে আছি মুগ্ধ হয়ে

অথচ দুঃস্বপ্নেও ঘোড়ার লাগাম আমার হাতে

অজস্র খুরের শব্দে প্রতিনিয়ত ঘুম ভাঙে

সাদাকালো দৃশ্যের ভেতর রং ঢুকে পড়ে

আচমকা, এবড়োখেবড়ো, জাগলেই মৃত

যেন ঘুমেই জেগে ছিলাম স্বচ্ছ জলে।

অসংখ্য গাধার সাথে লাগামহীন দৌড়ে

কচ্ছপের ভূমিকায়

গুটি গুটি পথ হাঁটি

আমি সেই দুঃস্বপ্নের সম্ভাব্য সওয়ারি।

প্রচ্ছদের ঘোড়া খেয়ে গেলে ঘাস খসখসে

সাদা পৃষ্ঠা পড়ে থাকে—সাথে অব্যবহৃত কালি

গদগদে হৃদয় আর রসাধিক্য টইটম্বুর শরীর;

চোখে তার চিকচিকে বালি। আলোর রিফ্লেকশন—

মরীচিকা! ভ্রম!

অতিকায় দুপুরকে জেনেছি ব্যক্তিগত রাত্রিযাপন

খরগোশের ঘুম নিয়ে, টসটসে

আহত চোখ হাতে, আলস্যে জেগে থাকি।