যেমন ধরো, চলেই এলাম এমন কোনো দূরে
বৃক্ষরাজির তলায় যেথায় নাচছে তোমার ছায়া
সবুজ দেখে অবুঝ হাওয়াও থমকে গেল ঘুরে!
তোমার ঠোঁটেই ফুটছে আমার গোপন আবেশ মায়া!
আমার গালে ঠোঁট রেখেছে ক্লান্ত সারস পাখি—
ঘুমের ঘোরে তবুও কেন ধানের শরীর আঁকি?
মফস্বলের পায়রাযুগল পালিয়ে গেছে কবে!
ভেড়ার পালেও আগুন আবার উসকে দিল রাখাল
কদিন বাদেই পড়বে দেশে গরম ভাতের আকাল—
ন্যাড়া মাথার জন্তুগুলো আবার সরব হবে!
মহামারির দোষ দিয়ে হায় প্রেম গিয়েছে মজে!
পিচের পথে পিছলে গেছে পকেটমারের আবাস;
সভ্য মানুষ দেশ ছেড়েছে অসভ্যতার খোঁজে—
শহরজুড়ে দিচ্ছে সবাই অভিজ্ঞতার সাবাস!
যেমন ধরো, ছেড়েই গেলাম এমন কোনো বুলি
শ্মশানজুড়ে থাকল পড়ে অচিন যুবার খুলি
ঘাসের দেশে ঘাস খেয়েছি, রইল কী আর বাকি?
বিসর্গতে সুখ পেয়েছি অনুস্বারে ফাঁকি—
ধূর্ত চোখে কেউ কোনো দিন প্রেম দেখেছে নাকি?