
বাঁধ ভেঙে আসছে কুয়াশা
পড়ন্ত রোদের দিন শেষে,
তৃণগুল্ম যদি টের পেল
কেন মুখ ঘোরাও আশ্লেষে।
দৃশ্যদূর হে চিত্রল মেঘ
দাহপত্র পিঠে করে সর
অবল্কল অনাদি কাণ্ডের
বৃক্ষ-লতা কাঁপে থরথর।
এখানে অনন্য বেদনার
শিশিরে রচিত স্নানঘরে
আঁখিপল্লবের ভাষা ফেরে
নতুন অর্থের সরোবরে।
বাঁধ ভেঙে আসছে কুয়াশা
ঘন মোহদৃশ্যকল্পজাল,
হাড়ে রক্তে ওমে তাপে তবে
কী লড়াই চেয়েছ কাঙাল!