ছড়া

সম্প্রীতি

পাঁচটি আঙুল পাঁচ রকমের

পাঁচ প্রকারের কৃতি

পাঁচ ধরনের ধর্ম তাদের

পাঁচটি সংস্কৃতি।

মিলেমিশে ফুটে থাকে

হাতের পাঞ্জাদেশে

কাজের সময় ঐক্যবদ্ধ 

ধর্ম-নির্বিশেষে।

একটি আঙুল আঘাত পেলে

অন্য আঙুল এগিয়ে যায়

সমদুঃখে সমব্যথায়

দরদভরা হাত বোলায়।

হোক না আঙুল নানা রকম

কেউ পিছে কেউ আগে

ভাতটা খেতে গেলে কিন্তু

পাঁচ আঙুলই লাগে।