ফুল্লরাকে, ভোরে

এই ভোর, বেদনাবাহিত। কম্পমান ঠোঁটের ফাটলে, কুসুমিত সূর্য কামুকী। পিঠার মতন একা গালে, থই থই শবনমি তিল, রোদ্দুরে ফুলে ওঠা, লাল। মৃদু লাল, কুসুম কুসুম। হাফ বয়েলড নিশ্বাসগুলা, নূরের রেহেল থেকে ধুলা, উড়ায়। কেমন তাপে সখী, পাখি পরিযায়ী হয়ে যায়?

এ ভোরের নাম হোক সুবা। উদিত আকাশে লাল হোক, সানফ্লাওয়ারের মতো যুবা। গোলাপি, মেরুন আর ঘিয়া, রাতজাগা বাসি ছদরিয়া, উড়ুক। সাবানগোলা জলে, বুদ্​বুদে বিম্বিত হোক, চরাচরব্যাপ্ত শীৎকার! নিউজপেপার কেটে কেটে, জোড়া দেওয়া গ্লোবাল ভিলেজে, ফুল্লরা, তোমার ক্লিভেজে, সূর্যোদয় হবে নাকি? হোক। আধা সেদ্ধ ভাতের বলক, উপচায়ে পড়ুক এশিয়ায়। এই ভোর ভাসায়ে দাও প্রিয়া, দুর্বিনীত ফ্যানের সাদায়।