বুনো আঠালির গান

আপাতত স্থির হয়ে আছি। মুগ্ধতার নাতিদীর্ঘ

হাওয়া পাতার মুঠোয় ভরে নিয়ে যাচ্ছে অন্য গ্রহে—

অন্য কোনো মৌবনে। সমুদ্র, পাহাড় ও অন্তহীন

পথ, তোলপাড় ঝড়ে মেলে রাখে পাগল আকাশ...

আপাতত এই পথ মিলনরহিত, এই পথে

কাঁটার বিন্যাস—সরে যায় হাওয়া, পথের ইঙ্গিত

গন্তব্য নিশানা পেতে এই পথে যেতে হবে তবু।

জ্বর-জরা পায়ে ঠেলে যেতে হবে অবিমৃশ্যতায়

পাথর-বাগান ধরে যেতে হবে টলোমলো পায়ে

যেতে হবে, যেতে হয় বুকে রেখে যত অনিশ্চয়

অন্ধ হাতির যেমন ভয় থাকে—চোরা গিরিখাতে

আগুনতৃষিত এই পথ টানে নিস্পৃহ হাপর

যে গান পতিত হলো এই পথে তারও কিছু সুর

মেঘের পকেটে বাজে—মনে হয় বৃষ্টি হচ্ছে দূরে!