
প্রসন্ন হাওয়া রুদ্ধশ্বাসে, থমকে আছে নদীর পাশে
আকাশ লাগছে ঝড়ের মতো তীব্র বেপরোয়া—
যদিও এমন রাত্রিবেলা নক্ষত্রদের করছি হেলা
অনির্দিষ্টে তাকায়ে দেখি মেঘ থেকে হয় ধোঁয়া...
ঠিক যেন এক রঙ্গশালা, মাতাল দৃষ্টি ভাঙছে তালা
বন্দী আছি এই জগতে, জগত থেকে দূরে—
স্তব্ধ রাতে অন্ধকারও চোখের নিচে হচ্ছে গাঢ়
বিচ্ছিন্ন পথ পেরিয়ে গেলে ডাকবে ভবঘুরে...
বনের মাঝে পাখির বয়ান, শুনতে কেবল ভাঙছি ধেয়ান
কান্না-হাসি, সুরের ফাঁসি, অনেক হলো শোনা—
জলপরি আর চাঁদকপালি, আরও যেসব চোখের বালি
ভিন্নরূপে ফেরত আসে বাড়াতে যন্ত্রণা...
দেখেছি পাহাড়, হয়েছি নিচু—সাগরে নিয়েছি ঢেউয়ের পিছু
যা কিছু শিখেছি এ জীবনে আমি, মরে মরে কতবার
অস্তিত্ব নেই যেসব ফুলের, তারাই জানে আমার ভুলের
কোথায় গেলে, কেমন করে, হবে যে সৎকার...