অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

হিরের টুকরোগুলো, মণিমুক্তোগুলো

কতকাল কেটে গেল তোমাকে অনুবাদ করছি
আর আক্ষেপ করছি!
রূপের রহস্য ঠিকমতো ধরতে পারছি না
হাত থেকে পিছলে যাচ্ছে প্রিয় টাকিমাছ
জেলির প্রকৃত রং উঠে আসছে না
নাকের সুতীক্ষ্ণ তির, চোখের ধনুক, চুলের ঝরনাধারা,
কোমরের খরস্রোত—আঁকাবাঁকা সাপের আঙ্গিক,
কণ্ঠের অপূর্ব মাধুর্য—ঠিকঠাক উঠে আসছে না
হিরের টুকরোগুলো, মণিমুক্তোগুলো হারিয়ে যাচ্ছে
—এই হারানো মানিকের জন্য আমার হাহাকার!
আহা কী রূপ আমি বিসর্জন দিচ্ছি!
তবে কি হারাধনের মাঝেই লুক্কায়িত প্রকৃত তুমি?
একবার যদি সম্পূর্ণ তোমাকে স্পর্শ করতে পারতাম!
যদি সবটুকু রস নিংড়ে আনতে পারতাম!