ফটোকপি

একটা দিন যেন

আরেকটা দিনের ফটোকপি

একটা সকাল

আরেকটা সকালের

যেন একই কথা

বলে যাইতেছি—

টেপরেকর্ডারের মতন

শোনার ভঙ্গিতে

বইসা থাকো তুমি

জানাই আছে

কোনটার পর

কোন প্রসঙ্গ আসবে,

যেমন বর্ষার পর শরৎ—

সেই একই মেঘ

একই চাঁদের ছবি

তারপরও

একটু মুগ্ধ হওয়া লাগে বইলা

একটু খুশি হই,

যেন এমন চাঁদ

‘জীবনেও দেখি নাই আর!’

টেপরেকর্ডার হওয়ার ডরে

দুই-চারটা বেশি কথা বলি,

যেন প্রুফ করতে চাই

আজকের দিনটা

গতকালের মতন না—

এই সকালটা তো

কিছুটা ডিফরেন্ট

নিজের কাছে

নিজেকে প্রুফ করা লাগে—

এখনো অতটা

মেশিন হই নাই

ভাইবা আরেকটু

খুশি হইতে থাকি।