প্রতিদিন মেরুদণ্ড সেলাই করে মানুষ অফিস যায়
‘কলিগস আর নট ফ্রেন্ডস’ জেনেও
অফিস রুমে ফুটছিল প্লাস্টিক ফুল।
একটি পিরিচে রাখা বত্রিশ রকম দাঁত
অনেকগুলো জিহ্বা।
মুখে মাস্ক থাকলে ফেসিয়াল এক্সপ্রেশন গোপন থাকে।
তথাপি চোখগুলো চোখের বিপরীতে খেলছে,
যেন রক্তের ভেতর দারুণ দাবার চাল।
চাঁদের বিপরীতে চাঁদ
পৃথিবী কাঁপছে শিহরণে।
যোগ্যরাই নক্ষত্র হবে এমন না
তারা ব্যক্তিগত নেবুলার ভেতর বুঁদ হয়ে আছে।
আমরা না-জন্মানো কালপুরুষমণ্ডলীর দিকে তাকিয়ে—
ভিড় জমছে ত্রিকালদর্শী মাকালফলের।
তাদের পাঞ্জাবির পকেটে আঁকা ঘাসফুলগুলো
আর প্রজাপতির অপেক্ষায় নেই।
যদিও ফুলের সাথে ফুলেরই রমণ হয়
মাঝখানে ফেঁসে যায় প্রজাপতি।
আমাদের পৌষে বানানো বরফের ভাস্কর্য গলে গেলে
আমরাও কি ভুলে যাব তাকে নির্মাণের স্মৃতি?
প্রবল খাদের দিকে যাচ্ছে একঝাঁক মানুষ।
চালকের আসনে বসা লোকটির কিছু করার নেই।
স্টিয়ারিং কখনো চালকের হাতে থাকে না।
সরে আসছে পা ব্রেক থেকে।
ওপর থেকে দেখো, আরও ওপর থেকে
ওরা সব রঙিন পিঁপড়া।
মৃত্যু, মৃত্যুদূতের কাছে এ রকম সহজ উপমা।
সে দেখছে, তার শরীরের জলদানা মিশে যাচ্ছে মেঘে।
দামি ময়েশ্চারাইজার ধরে রাখতে পারছে না তাদের।
সে জানে একদিন সেও পরিণত হবে জলবিন্দুতে
তাকেও ধরে রাখতে পারবে না আইসিইউ মেশিন।
বাইরে প্রিয়মুখ গুনতে গিয়ে ডেইলি হাসপাতাল চার্জ
জর্জরিত হবে দ্বিধায়।
কেউ কেউ মরে গিয়েও বাঁচায় সকলকে।
একটা রিজার্ভ কবর তাকে দেওয়া হবে প্রথম মৃত্যুদিবসে।
চোখের নিচে ঘুম নয়, বিষুবীয় ছায়া জমে আছে
পাঁজরে ফুলতে থাকা হৃৎপিণ্ডের সাধ হলে উড়ে যেতে
উড়িয়ে দিলাম—
আমি আর কাউকে প্রশ্ন করি না
কেন, কীভাবে—
রিসাইকেল বিনে রেখে এসেছি
আকাশজয়ী কাগজের ঘুড়ি।
মনে হয়—আছে, থাক কিছু স্ক্রিনশট-মুহূর্ত
কাপ্লেট ঘুম কেটে গেলে সেও যাবে উড়ে।
আমি নাকি এক মেটাফোর, জেরক্স কপি
অন্য কোথাও রেখে এসেছি রুহের কোডিং
মাঝেমধ্যে কে যেন পাঠায় নোটিফিকেশন।
জানতে চাই নাই তার নাম।