কেবলি লাবণ্য ধরে

ভ্রমে

ভোর পাঁচটায় সূর্য ওঠার আগে,

রিসোর্টে এসে দাঁড়ায়ে থাকবে জিপ

শেয়ালের ডাকে বনানী যেমন জাগে—

পাহাড়ে তেমন জাগবে অন্তরীপ;

ঘুম ঘুম চোখে আমরা বেরিয়ে যাব

আলাহিয়া রাগে পাখিরা করবে গান—

পথে পথে কত ঝরনার দেখা পাব,

তুমি ভুলে যাবে চাপা সব অভিমান

পাহাড়ি রাস্তা চলে যাবে এঁকেবেঁকে—

পাতাদের মতো ভয়ে কেঁপে উঠে তুমি,

যদি সরে যাও পাহাড়ের মায়া থেকে

বলব তোমাকে, সামনেই জলাভূমি

ফিনফিনে হাওয়া শেরপার মতো যেন

হয়তো সঙ্গ দিয়ে যাবে সারা পথ—

শহরে কোথাও বুনোফুল নেই কেন?

উত্তর দিতে ছুটে যাবে অধিরথ—

তখন হয়তো মেঘেরা আসবে কাছে,

তোমাকে গোপনে ডেকে যাবে মুগ্ধতা—

সাদা সাদা ঢেউ আকাশে ছড়ায়ে আছে

কথা ভুলে গিয়ে তুমি হবে নীরবতা

সূর্যকে ডেকে বলব তখন, ‘ওঠো’,

সিলভার থেকে সোনারং হবে ক্রমে

জাগতিক মোহ পাহাড়ের চেয়ে ছোট—

আমরা দুজন থেকে যাব এই ভ্রমে।