নিরস্ত্র মানুষের গান

উন্মাদনা থেমে গেলে

নিরস্ত্র লোকটি মন খারাপ করে বসে আছে

চায়ের দোকানের সামনের বেঞ্চিতে।

 তার প্রতি আর কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

 অথচ একটু আগে যখন রাজার নামে দিচ্ছিল গালি

লোকেরা কতই না তালি, আমোদে মেতেছিল।

 চ্যালা কাঠ হাতে তাড়া করলে পথিককে

লোকেরা কতই না আদরে নিরস্ত্র করেছিল।

ধুলো ছিটাতে চাইলে ফুটন্ত চায়ের পানিতে

ভেঙে ফেলে চাইলে ক্যাশবাক্সের কাচ

তবেই না দোকানি কলা-বনরুটি সেধেছিল।

 এখন সে নিরস্ত্র।

 পাগলামো থামিয়ে মন খারাপ করে বসে আছে

খাবারের দোকানের সামনের বেঞ্চিতে।

 তার প্রতি আর কারও কোনো ভ্রুক্ষেপ নেই।