অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

অগ্নিশিখা

দিয়ো না চাঁদের ত্রুটি এখনই সারায়ে
তৃষিত রাতের মায়াঘোরে,
আমার ঠোঁটের ত্রুটি তুমিই সারাবে
ডাহুকী ডাকলে কোনো ভোরে।

হৃদয় গড়িয়ে যায় দিগন্তের দিকে
কম্পমান আমার শরীর,
যে নদীর ধারা বয় অতীব গোপনে
আমি তার ডুবু ডুবু তীর।

আমাকে বপন করো তোমার উঠোনে
জল আর অশ্রু দিয়ো ঢেলে,
চুমু হয়ে জন্ম নেব তোমার শিথানে
ঠোঁটে নীল অগ্নিশিখা জ্বেলে।

দুঃখ দিয়ো হাতে তুলে সন্ধ্যার বাতাসে
মুখে দিয়ো মায়াবী বাদাম,
দুহাতে বেদনা নিয়ে আমি টেনে ধরি
ভাসমান শাড়ির লাগাম।