অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

কবিতাযুগল

কত যুক্তির খুঁটি, কত সিদ্ধান্তের পাটাতন

অস্তিত্ব

হাজার অকথ্য শব্দে ঘেরা
আমার এই নিঃশব্দ সকাল খুঁজেছিল একটি পড়শি গাছ
কত পথ হেঁটে গেছি তবু পথ চিনিনি, চিনতে পারিনি গাছ
যাকে পাশে রাখতে পারি।
পথ বলে—আর কত?
সে আমাকে ফাঁস পরানো অপরাধী করে
হাফছাড়া অনুমান ও আত্মবিশ্বাসে ভর করে
আমার চোখ থেকে স্বপ্ন—ঘাসফুল ঝরে গিয়ে গড়াগড়ি খায়
কাঁচামাটির বুকে।
একটি সত্য—আমার কোনো সন্দেহ থাকে না
লক্ষ্যভ্রষ্ট হয়ে আমি পৌঁছাতে চাই না কোনো আবাঞ্ছিত মধ্যাহ্নে।
জীবিতদের জগতের আলো
আলো ছায়া আজ প্রতারণা খেলছে
দেয়াল তুলে দিয়েছে আগাছার জঙ্গল।
তার পরতে পরতে অকথ্য কোলাহল, উত্তেজনা, আক্রোশ
আমার বুক ভারী হয়ে আসে, ফুরিয়ে আসে নিশ্বাসের পথ।
শিশিরে ভেজানো পলিথিন, রক্তে ভেজা কাপড়ের টুকরো
বাসি গন্ধময় খাবারের পাহাড়ে কালো জুতোর গহ্বরে নবজাতকের মরা শরীর
ফুলে–ফেঁপে রাতভর ভাঙা গ্রামোফোনে সুর তোলে ঐকমত্যে একমত মরিয়া।
ঋতু খেলায় ক্রমেই সন্ধ্যা নামে আমাদের শরীরে
অথবা বরফের খাঁজে নিভৃত কোণে।
কারও প্রতীক্ষা সেখানে সাড়া ফেলে না।
মানুষের মৌমাছি ব্যস্ততা-আকুলতা-বিহ্বলতা ধরে রাখতে পারেনি আমাকে।
কেবলই আঘাতে আঘাতে স্মৃতি-মসনদের ইট খুলে নিয়ে গেছে
তাহাদের বিবেক শূন্যতায়।
চিন্তার ক্লান্তি আমাকে নিঃস্ব করতে পারেনি কেবল পড়ে থেকেছে
চূর্ণ-ইটের অণু-পরমাণু।
কোনো এক পর্যায়ে অন্ধকারের কথা ভেবে
যানজটের কথা ভেবে
দূরত্বের কথা ভেবে
আমার ভ্রমণ-ক্লান্তির কথা ভেবে কতবার থমকে দাঁড়িয়েছি
কেবল ভেতর বিহ্বলতাই আমাকে নিঃস্ব করতে পারেনি।
জীবনে কত যুক্তির খুঁটি, কত অসংখ্য সিদ্ধান্তের পাটাতন
নিষ্ঠুরভাবে নাকচ করেছি।
উদ্ভট সভাসদ রাজ্যাভিষেক
আমাদের পথ ঘুরিয়ে দিয়েছে মাকড়সার জালপ্রতিম পথের মাথায়।
দুহাত কতবার ঘষেছি জমাট মরচের ফানুসে—ক্ষতবিক্ষত হাত।
চোখের দৃষ্টি ঘোলা হতে হতে ফিরে আসে শস্যদানায়
কেননা প্রিয় শব্দগুলো প্রিয় থেকে প্রিয়তর হয় নদীতীরে ফিরে।
আমাদের শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে ওঠে পিতৃপুরুষের গানে।
অতঃপর সমগ্র সত্তায় সুর বেঁধে জলতরঙ্গে সংগীত উচ্চারিত হয়
চিরদিনের তোমার আকাশ তোমার বাতাস...

প্রতারণা

আমি অন্ধ হতে হতেও দেখবার চেষ্টা করি
চারপাশে গোল হয়ে বসে অন্ধকার দেখছে আমাকে।
অনুমানে স্থানটিকে চেনার চেষ্টা করি—
শব্দ ভেসে আসছে খুব চেনা।
এরপর একটি স্বপ্ন বা দুঃস্বপ্নের কথা বলতে পারি
যদিও আমি ছিলাম স্বপ্নের কেন্দ্রবিন্দু।
সূর্য দ্বিপ্রহরের অগ্নিমূর্তি ফেলে আরাম করে বসেছে
পশ্চিম আকাশের মাঝামাঝি
কত কিছুর জন্যই তো আমরা—
শস্য জন্মানো থেকে শুরু করে শস্য সংরক্ষণ পর্যন্ত
সূর্যের ওপরে নির্ভর করি।

দুদ্দাড় একদল লোকের ছুটোছুটির শব্দ
জানালার কাচ ভেঙে পড়ার শব্দ
আকাশ ভাঙা বজ্রপাতের শব্দ
দরজা ভাঙার শব্দ
অন্ধকার ঘেরাটোপে
দেয়ালে হাতুড়ি ভাঙার শব্দ
আগুনের তাপ ও গন্ধ নির্বিঘ্নে—
আমাকে নিশ্বাস নিতে দেয় না।
আমার আশেপাশে স্তূপ করা কাপড়
পুরোনো দলিল-দস্তাবেজ পুড়ছে, পুড়ছে রক্ত-মাংস
পুড়ছে বই।
আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছে।
আমি তখনো বসে ছিলাম অন্ধকার গোলার্ধে।
এই ময়লা ছাইভস্মের ভেতর
বিশ্বাস নিশ্চয় আমাকে এখানে কেউ খুঁজে পাবে না।
এ-ই আমার নিরাপদ স্থান।
তবুও চোখ আর কান সজাগ রেখে
আমি অপেক্ষা করছিলাম আমার ধ্বংসের।
খুব কাছেই কানে ভেসে এল
মানুষের লাশ খুঁচিয়ে খুঁচিয়ে
কী যেন খোঁজার চেষ্টা করে তারা
যদিও সেখানে এতটুকু রক্ত নেই
তবু নরকঙ্কাল টেনে নিয়ে যায় বাণিজ্যের আশায়।
আসলে অসহিষ্ণুতা নতুন কোনো বৈশিষ্ট্য ধারণ করে।

আমার মাথার ওপরের ছাদ ক্রমশ নিচে নেমে আসছে।
চড়া অন্ধকার হাতের তালুতে আড়াল করে
আমি পৌঁছে যাই আরও আরও অন্ধকার ভালোবেসে
নিরাপত্তার আশায়
আসলে ভালোবাসা মানে ফেলে আসা।
কে আমার শত্রু আর মিত্রই বা কে
স্বাতন্ত্র্যের সকল উপস্থিতি আজ আমি হারিয়ে ফেলেছি।
এই সংকটে ভয় ও আশঙ্কায় আমি দেবতা খুঁজি।
অন্ধকার আমাকে সতর্ক করে দেয় দেবতা মানেই ছলনা