অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

কবিতাত্রয়ী

নাছোড় মাথা তুলছে সবুজ লতারা

কল-মি

টাকার পিঠে ঠিকানা লেখে কারা?
ব্যর্থ চিঠি লিখছে কে ঠোঙায়?
বাসের সিটে, স্নানঘরে, নামহারা
কল-মি লিখে হারিয়ে কারা যায়?
সেই নাম্বার টুকেও আবার কারা
শোনায় রাতে উড়োফোনের গান...
ওপাশে চুপ। দেয়ালে মাথা কোটে
নেই কথারা। শঙ্কা-অভিজ্ঞান।

দিঘির ধারে শেওড়াগাছের দিকে
তারা কি সব প্রেতের মতো একা?
প্লাবনে, কোনো প্রজাতিসঙ্গীকে
পায়নি তারা নুহের জাহাজেও?

টাকার পিঠে ঠিকানা লেখে কারা?
কল-মি লিখে হারিয়ে কারা যায়?
এই শহরে, কাঠফাটা দুপুরে,
হয়তো হন্যে খুঁজছে তাদের বাড়ি
সেই ঠোঙাটি হাওয়ায় ঘুরে ঘুরে
সেই টাকাটি, চোটলাগা সওয়ারি...

সাদা ডানা

এই যে একটা শিশু
চিৎকারে কাঁপাল নার্সিং হোম
আর তার নাম রাখা হলো, ভাষণ

এই যে পাথরের গায়ে
নাছোড় মাথা তুলছে সবুজ লতারা—
অপর পাথর দিয়ে আড়াল করেও
কিছুতেই দাবানো যাচ্ছে না

এই যে ঘরপালানো ছেলেমেয়ের মুখে
ভাত তুলে দিয়ে ভালোবাসা বলছে,
‘সুখে থাকো, সুখে থাকো’

এই যে বোমারু বিমানের দীর্ঘতাকে
কাঁচকলা দেখিয়ে
আরও আরও উঁচুতে উড়ে গেল
একটা সাদা ডানার পাখি

এরাই এক একটা
সত্যিকার স্বাধীনতার কবিতা!

মিডল ক্লাস

নিচের লাইনটি আমার নয়:

ওপরের লাইনটিও আমার নয়—

ওপর-নিচের মাঝখানে নিরাপদ
ওই মিডল ক্লাস সাদা অংশটুকু আমার।

আপনি পড়তে পারছেন তো?