প্রথম সূর্য: প্রথম আলো

বারোটি মাস দিকদিগন্ত পরিভ্রমণ করে

প্রথম সূর্য পূর্বাচলে উদ্ভাসিত।

পাহাড়-সমতট-জলধারা-বনরাজি

লতাগুল্ম জোনাকি

দোয়েল মুনিয়া পাখি

হরিণশাবক ছাগশিশু

একঝাঁক চাপিলার মতো বালক-বালিকা

হলুদের ছোপ-লাগা শালিক পাখির মতো

জননী

ন্যুব্জদেহ মাতামহী

সকলেই ঊর্ধ্বমুখী—

পরম পিতা তুমি আমাদের প্রণতি গ্রহণ করো,

জাহ্নবীর পুণ্যস্রোতে অবগাহন করে

আমরা যেন শুচিশুভ্র হই

পর্বতশৃঙ্গ যেন কলুষমুক্ত হয়

অন্তরীক্ষ যেন অভিষিক্ত হয়

সমতটের মৃত্তিকা যেন ফলবতী হয়

অরণ্য এবং বনপাংশুল যেন

নিরাপদে থাকে।

তথাপি অমঙ্গলের ক্রন্দন কেন?

পরিব্রাজক সূর্য

তুমি কি দেখো নাই

লাঞ্ছিতা কিশোরীর মৃতদেহ?

তুমি কি দেখো নাই

অন্ধকারের অবগুণ্ঠনে আবৃতা

যুবতীর অপরিসীম লজ্জা?

তুমি কি দেখো নাই

অসহিষ্ণু অধর্মের কশাঘাতে

ক্ষতবিক্ষত পল্লীবধূ

শ্রমজীবী নারীর দেহভস্ম?

তুমি কি দেখো নাই

বিচারালয়ের প্রাঙ্গণে

রক্তাপ্লুতা শিশুর গোলাপকুঁড়ি?

মঙ্গলময় প্রভু,

তুমি কি দেখো নাই

সমাজের রন্ধ্রে রন্ধ্রে নারকীয় কীটের দংশন?

আমার মায়ের মতো শিশিরের রোদ

তোমার কাছে প্রার্থনা—

ঘনসন্নিবিষ্ট অরণ্যের মতো

আমাদের নীলিমায় সন্নিহিত করো

দিকচক্রবালের মতো

দীর্ঘ থেকে দীর্ঘতর করো

সেতার এবং সরোদের যুগলবন্দিতে

নদী এবং সমুদ্রের মোহনার মতো

উদ্বেলিত করো।

নির্ঝরিণী জাহ্নবীর পুণ্যপ্রবাহে

মুছিয়ে দাও বৈষম্যের পঙ্কিলতা

ঘুচিয়ে দাও দ্বিধাদ্বন্দ্ব কলহ-কালিমা

তরঙ্গিত আনন্দে

কন্যাকুমারীকে উচ্চকিত করো

রৌদ্রালোকে

নবীন আশার খড়্গকে প্রজ্বলিত করো।

জননী জন্মভূমি

তোমার চরণে অঙ্গীকার

তোমার শ্যামল অঞ্চলে

রোদ-বাঁধা জীবনের অঙ্গীকার:

যে হলাহল তোমার হৃদয়ের অমৃতকে

নীলবর্ণ করেছে

আমরা তা অঞ্জলি ভরে পান করব

তোমার অশ্রুধারা অন্তরে ধারণ করে

আমরা পরিস্নাত এবং পরিশুদ্ধ হব

এবং প্রথম আলোর আনন্দলোকে

ধ্বনিত হবে

তোমার করুণার মূর্ছনা

এবং আমাদের কণ্ঠে

ঋজু ভালোবাসায় সুপ্রাচীন সংগীত

১৯৯৮ সালের ৬ নভেম্বর প্রথম আলোর প্রথম সাহিত্যপাতা ‘শুক্রবারের সাময়িকী’তে কবিতাটি ছাপা হয়েছিল।