অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

নদীর নিমন্ত্রণে

একদিন নদীর নিমন্ত্রণে গেছি তার বাড়ি।
দেখি তালাবদ্ধ ঘর। উঠানে মাটির কলসের সারি। জীর্ণ রশিতে
টাঙানো একটুকরা শৈশব। হাঁকতে হাঁকতে পৌঁছালাম ওপাশের
ঘাটে। ঘাটের মাঝি ডুব দেয় বর্ষার ফেলে যাওয়া জলে।
ওপাশে বিশাল বন। যেতে যেতে বনের পথ বেয়ে এঁকেবেঁকে
গেছ তুমি। চেহারাসুরত নেই আগের মতো। শুকনা কাঠের মতো
নিস্তব্ধতা তোমার শরীরে। বোঝার উপায় নেই—একদিন দ্বিগুণ
করে এখানে প্রেম এসেছিল।
আমি বললাম, একি হাল! কী করে এমন হলো?
তুমি বললে, যেভাবে তিলে তিলে তুমি অবহেলা করেছ।
মন খারাপ করে ফিরতি পথে পা বাড়ালাম। দেখি বিকেলের
গোড়ায় কিছু কেশ ঝুলে আছে শরতের কাশের মতো।