অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

গুচ্ছকবিতা

আমি সেই প্রমিত রাক্ষস

মেঘের ছায়া

রেলগাড়িতে পাথর ছুড়ে মারতে চাওয়া মন
ছল্কে ওঠে বোবা-বোবা ক্রান্তীয় শালবন,
বন পেরোলে শীর্ণ নদী, হাওয়া নিরুদ্দেশ—
জানলা গলে আসছে রেণু, ভালো লাগার রেশ।

নর্মসখী মেঘের ছায়া, দূরে দিঘল বক—
সব উড়ে যায়, পাথর হাতে যেকোনো বালক
হয় আগুয়ান, গুটিসুটি—সহজ এ শিকার,
হাতে পাথর, চোখে খুনের নেশা দুর্নিবার।

দূরে তখন ফুঁসছে নদী, তপ্ত—ফেননিভ,
রক্তারক্তি হবে বলে আজ লোকোমোটিভ
উঠে এল ব্রিজের গায়ে; রাত্রি, বিসম্বাদ—
রেলগাড়িতে পাথর ছোড়া গৌণ অপরাধ!

অ্যাসাসিন’স ক্রিড

ভূপাতিত করেছি ড্রোন,
তুল্যমূল্য যত প্রপাগান্ডা-মেশিন।
কামানের নলগুলো ঘুরিয়ে রেখেছি সব
রাহুগ্রস্ত সেনাছাউনির দিকে।

ওদিকে ফুলের পাপড়ি ছিটিয়ে
এগিয়ে আসছে যারা—
তারাই তো হন্তারক!

তুমি যদি তাদের স্নেহচুম্বন করো,
মৃদু হেসে যদি আজ
বুকে টেনে নাও—
সেনাদল বিদীর্ণ হবে।

হাওয়ার রাত্রিজুড়ে
পড়ে রবে ছোপ-ছোপ
কাকাতুয়া-চিৎকার!

শশাঙ্ক রিডেম্পশনের স্মৃতি

ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে,
আমাদের ব্যাকুল করে তুলেছে
শশাঙ্ক রিডেম্পশনের স্মৃতি।
আমরা গাড়ি ঘোরাচ্ছি
বনেটে রক্তের চিহ্ন
মুছে ফেলব বলে।

কেউ একজন জানালায়
টোকা দিয়ে জানতে চাইল
নৈশ-স্কুলের ঠিকানা!
আমরা ভাবলাম এত দূর
এই অজপাড়াগাঁয়ে
ধর্মগুরু, এনজিও, আর
ফিলানথ্রপিস্টরা কী রকম
সময়মতো পৌঁছে গেছে!

জিজ্ঞাসা-হেতু সে আমাদের
খুলে দেখাল দারিদ্র্য,
তার গ্রাম্য-সরলতা।
বিনিময়ে কাচ নামিয়ে আমরা তাকে
দেখালাম হাতঘড়ি, কোয়ার্টজ,
আমাদের সোনায়-বাঁধানো-দাঁত,
ভণিতা।

রজঃরক্তে লেখা গান

জিভ দিয়ে চেটে নিই
রজঃরক্তে লেখা গান,
যেটুকু গড়িয়ে নেমেছে
হিড়িম্বার ঊরু বেয়ে।

আর যত অর্ধদেবতা,
অযোনিসম্ভূত ভূত-প্রেত-দানো
সকলেই একযোগে
লৌকিক গান করে।

যজ্ঞ ভেদ করে
প্রকাশিত হয় ডুমুর,
সারা রাত অপৌরুষেয়
গ্রন্থের পাতা ওড়ে।

পৃথিবীটা আজ রণদামামা
আর মন্থর আলোর কণায়
ভরে গেছে।
বনবাস থেকে ফিরে এসেছেন
রাজাধিরাজ।

অরণ্যখচিত প্রান্তরে
অক্ষৌহিণী তার
অপেক্ষায় টগবগ করে ফুটছে।

বজ্রঝিলিকের রাত—
থেমে-থেমে পথ হাঁটি,
নিজ দেহ থেকে
মাংস ছিঁড়ে খাই,
আমি সেই প্রমিত রাক্ষস।

বালিয়াড়ি

অবাধ তথ্যপ্রবাহের দিন
ঘোড়ার নাল থেকে আমি
সরাচ্ছি বালি
স্পেস জাঙ্ক

পৃথিবীর গৌণ বাতায়নগুলো
ভরে উঠেছে কেবলই
মুখ্য সংকেতে

আমি দেখছি বালিয়াড়ির ওপর
শুয়ে আছে সাপ—স্থির
অচঞ্চল

তোমার স্মৃতির মতো বিলীয়মান
নাজকা-লাইন ধরে
লিখে রাখছি উপপ্রমেয়
দানিকেনের যত অনুমান-প্রস্তাব