আমার কবিতা বাংলায় লেখা
এরা চর্যাপদ চেনে
বৈষ্ণব কবিতার দিনক্ষণ জানে
এরা বিহারীলাল, জয় গোস্বামী,
সৈয়দ হকের সাথে
আড্ডা দেয় ঘন ঘন
এরা মুগ্ধ লালন-কীর্তন ভাটিয়ালি গানে।
আমার কবিতা রবীন্দ্রনাথের মতো,
বাংলা কবিতা
লন্ডন, টরন্টো, নিউইয়র্ক ঘুরেফিরে
সরিষা খেতের আল ধরে, শিশিরভেজা পায়ে,
পোড়া মরিচ দলে পিষে পান্তা খায়
মাটির সানকিতে।
আমার কবিতা হার্টের রোগীর মতো নিয়ম করে
হাঁটাহাঁটি করে গ্লোবাল ভিলেজে,
মাপজোখ করে বায়ুর আর্দ্রতা, নদীর নাব্য
কাব্যের স্নিগ্ধতা।
আমি বলি, কোন সাধু
কোন বনে বসে করিছে সাধন,
তাতে—
কি আসে যায়!