মাঝে মাঝে মনে হয় দীর্ঘকাল বেঁচে আছি কত দিন মৃত্যু আসেনি
আবার মনে হয় এই তো সেদিন শৈশবে পিতামহের অতি ক্লেশে ধরে আনা মাছগুলো
জলে ছেড়ে দিয়ে লাফিয়ে উঠেছি জীবন্ত মাছের মতোই;
এর মাঝে চলে গেছে দেখার বয়স কত...
সময় ক্ষয়ে যাবে ভেবে দেখতে যাইনি রং—গোলপায়গানের গোলাপি পাহাড়ে
বনানীর সবুজ বিস্তার, দেখিনি ক্লান্ত চোখে শূন্য মাঠের ঘুম;
অথবা আদিম পিতারা আমাদের অন্তরের তলে দিয়ে গেছে এমন অসহ-কৃপণ রীতি
কেবল হাঁটু গেড়ে করেছি কামনার ক্ষয়—একা একা গোপনে গোপনে
সময় ছুটেছে তার স্রোতে...
মানুষ তীরের কাছে এসে থেমে গেছে
মিলনের মোহনায় দম ফুরিয়েছে তার;
মানুষ হাজার হাজার রাতি জীবন চেয়েছে, যাপন চেয়েছে রমণীয়
তবু শুধু মৃত্যু-জাগানোর উৎসবে নির্মমভাবে রুদ্ধ হলো সে
তুচ্ছ তার বাসনা পরিসর!