অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

ডাক

রাত্রি ডাকহরকরা, বিলি করে স্মৃতির চাবুক
আমাকে ডাকছে দূর থেকে এক চুম্বক পাহাড়
আমাকে ডাকছে তার ভাষাহীন অলঙ্ঘ্য বাসনা
অন্ধ চোখ, শুধু তার গান শুনি, জানি না ঠিকানা

কত দিন পরি নাই পাটভাঙা ধনেখালি শাড়ি
অনেক জহর গিলে ভুলে থাকি লুপ্ত জহরত
কান্নার হীরক আমি তুলে রাখি ম্যাজিক সিন্দুকে
আয়নার ভাঙা বুকে ভাঙা মুখ দেখি আমারই

ফুলভর্তি হ্রেষা ডাক, কোথায় সে ক্ষিপ্র অশ্বারোহী!
রক্ত গলগল ঝরে, বাল্যকাল আমাকে ডাকছে
রাত্রির উদ্দাম পাব থেকে আনন্দের ফেনা এসে
ঘরবন্দী দেশহারা দাসটির মনে লেগে থাকে,

জেলখাটা কয়েদির মতো আমি শুনছি সে ডাক
মুক্তির মাণিক্য জ্বলা তীব্র রোদ, ডাকছে আমাকে
তবু মুক্তি নেই আর মাংসসহ বিক্রি হয়ে গেছি
সারা রাত শুনি ঘরপলাতকা আর্ত সেরেনাদ