অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

ভাই হত্যার বিচার চাই

ফুলের করুণ মৃত্যু মাড়িয়ে, আছেন ঘুমিয়ে যারা
মাত্রাজ্ঞানে যাদের চেতনা এমনি এমনি খাড়া

তাদের বলছি, গুলিতে ঝাঁঝরা ভাইয়ের দেহ দেখে
ছেলের লাশেও চালাও অস্ত্র, অস্ত্র চালাও চোখে

বদলা নেয়ার সাহস এবার সর্বহারার দেশে
সাঈদের লাল রক্ত গিয়েছে আমাদের দেহে মিশে

হাসপাতালের মৃতের সংখ্যা, মর্গে নিথর দেহ
বাড়ির গেটে জালিম পাঠিয়ে জানটা কবজ করো

তবু, পথে পথে পানির বোতল বিলিয়ে দিয়েছে ভাই
উন্নয়নের গল্প ফাঁদার হত্যাবিচার চাই

বাবার বুকের মাঝবরাবর মেয়ের মৃত্যু দিলে
পায়নি রক্ষা, কিশোর ছেলেরা, রাষ্ট্র কোথায় ছিলে?

শহীদ পুত্র তাকিয়ে আছেন, মাটির নিচেই দেহ
ভক্তপ্রেমী মাবুদ এবার, খুনির বিচার করো

কবর ভেঙে মিছিল লাশের নামবে যখন পথে
ও স্বৈরশাসক পালাবে কোথায়, কোন সে গোপন রথে!

সত্যি স্বাধীন মাটিতে ঘুমিয়ে, থাকবে তিন শ ভাই
হীরক রাজার পতন ঘটাতে কয় শ শরীর চাই

গ্যালন গ্যালন রক্তে রাঙা নিথর রাষ্ট্রভূমি
জুলুমকারীর পতন ঘটিয়ে মুক্ত হবেই তুমি

৩১ জুলাই, ২০২৪