গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

মৃত্যু

(তুমি প্রিয় মানুষ ছিলে, শামস সুমন)

মৃত্যু আমাদের প্রতিবেশী

একই পাড়ায় থাকি আমরা

হয়তো সে বাস করে পাশের ঠিকানায়

কিংবা হয়তো এগারো–বারো বাসা দূরে

ঠিক কত দূরে বা কত কাছে

কোনো দিন কারও মনে হয় না, চিনে রাখি

সে প্রত্যেক বাসা ও মানুষদের চেনে

হয়তো প্রায় রোজই আমাদের ডান–বাম ঘেঁষে

পাড়ার প্রত্যেক পথে যাওয়া–আসা করে

কারও মনে প্রশ্ন জাগে না, কেমন দেখতে সে

যে বাড়িতে গিয়ে কড়া নাড়ে

দরজা খুলে সে মানুষটাই কেবল দেখতে পায়—

দেখে, হুবহু তার মতো একজন মুখোমুখি

সে বাক্যহীন, সে অভিব্যক্তিহীন

মনে প্রশ্ন জাগে না, কাকে চাই

শোনে অমোঘ এক আহ্বান, যেতে হবে

বিনা বাক্যেই বেরিয়ে পড়ে মানুষ

হয়তো বাড়ানো হাত ধরে

কিংবা একজনের ছায়া হয়ে অন্যজন

পৃথিবীতে প্রশ্ন পড়ে থাকে, কেন যেতে হবে।