দমকা বাতাস

আজ সকালে দমকা বৃষ্টি ভেজাল আমাকে,

আমার পকেটে তখন একপশলা রোদ

হি হি করে হাসতে হাসতে খোঁচাল আমাকে,

আমি রোদ আর বৃষ্টির নৌকায় চড়ে

রাজনৈতিক বাহাসের ঝড়ের খোঁপায় পা রাখতেই

রোদ আর বৃষ্টির তর্কের ঢেউ খলবলিয়ে ওঠে,

উঁকি দেয় 

যেন সূর্যোদয় হচ্ছে সাত আসমানে,

আর বাতাসের তশতরিতে সুগন্ধ ছড়াতে ছড়াতে উষালোকে

থমকে থাকল কদমের রেণু!

আমাকে ভেঙাল সেই নির্গন্ধ কদম।

এ দুনিয়ায় ভেংচি একটি উৎকৃষ্ট শিল্প

কারিগরি বিদ্যাধরগণ গবেষণা করলে লাখেরাজ পাবেন,

ইতরতাও হতে পারে সেই শিল্পের আরেক শাখা!

তুমি কি তাদেরই সহযোগ দিচ্ছ হে?

তুমি কি নবনীর সৌরভে সিক্ত করো তোমার মৃত্তিকা?