যাত্রা

আমাদের প্রেমপাংশুল

দুনিয়ায় তুমি আর নাই,

ভেসে যায় নৌকা বোঝাই

উজ্জ্বল টাইটেনিয়াম

স্নায়ুবিকারের তোড়ে ওই

নদী বয় হৃত-মাধুরীর,

দাঁড়ের শব্দ শুনি শুধু

বাদ বাকি আবহ-বধির

বাঁক শেষে মাটিয়া বুরুজ

তারপর ধুলট শহর

গুলি খাওয়া পায়রার মতো

ডানা ঝাপটায় চরাচর

মানুষের ঘর নেই জেনো

যা আছে, তা পুরোটাই পথ

তবু এই ডানা ঝাপটানো

স্বয়ংরচিত দ্বৈরথ

তুমি যত দূর যাবে, যাও

অনিবার তৃষ্ণার জল,

গোধূলি-আলোয় ভরেছি

কনিয়াক মদের বোতল।