
বাবার ওপর আমার ভীষণ রাগ হতো,
মনে মনে কতই বকতাম তাকে!
আর মা, এই রাগের কথা জেনেও আমাকে বোঝাতেন—
বলতেন, পিতা স্বর্গ পিতা ধর্ম।
শুনে বিদ্রূপের হাসি লুকাত এই কাঙাল মন।
একবার তুমুল বর্ষার রাতে পুবের জানালা দিয়ে দেখি
বাবা আমাদের জন্য একটা হাঁস নিয়ে ফিরছেন;
হাঁসের মাংস খাব ভেবেই খুশি খুশি আমাদের চোখ
বহুদিন পর মায়ের মুখেও ফোটে হাসি—
ভাঁজপড়া চামড়ায় সে হাসি কাঠগোলাপের মতো
বর্ষার স্যাঁতসেঁতে মাটির উনুনে
আগুন যখন হাঁসের মাংসের গন্ধ ছড়ায়,
মা তখন
ঘাম আর লাকড়ি দিয়ে
আঁকেন আমাদের সংসার।