
পাথর না হই, নদী না হই, মেঘই হব
পাখি হতে বাধা কোথায়, উড়ে উড়েই
কাটবে বেলা দেশান্তরে ঘুরে ঘুরে
গুহার ভেতর সন্ত হব,
ভাতগন্ধ মুছে ফেলে এক বস্ত্রে বেরিয়ে গিয়ে
সরাইখানায়, শিরীষতলায়
ভাবসঙ্গিনীর সুরের সঙ্গে সুর মিলিয়ে
নতুন জন্ম হয় কি না হয় দেখতে চাই।
তার আগে যে বাঁচতে হবে
লঙরখানার পঙ্ক্তিভোজে বসতে হবে,
এ কি এমন কঠিন কিছু, তোমার কিংবা আমার জন্য
পাহাড় কিংবা অরণ্যানী সুনিশ্চিত হবে ধন্য,
গুহাজীবন শেষ হলে পর যখন দুজন
ঘুমাতে যাব ঘাসের শয্যায় রাতদুপুরে,
ফুলশয্যা তৈরি তখন, পাখির কূজন
মিশতে থাকে ভাবসঙ্গিনীর ধূমনূপুরে।
ভোর থেকেই ভোরের রঙিন মহুয়া খাই।