আমি এত রাস্তায় হাঁটি
আপনার দিকে যাওয়ার
রাস্তা পাই না,
আমি খোদারে বলি
দোস্তরে বলি
দুশমনরেও বলি
তারা কত রাস্তা দেখায়
সব রাস্তা ঘুইরা আসে
নিজের কাছেই—
আপনারে পাই না;
কুয়াশা যেমন
শীতরে রাস্তা দেখায়,
আপনার ইশকের বাতি
জ্বলে না কেন পথে;
আমার রুহের দুশমন
আমি নিজেই হইছি—
আপনারে পাই না।