কুঠার লুকাতে আমি জঙ্গলে ঢুকেছি কতবার
আমাকে দেখিয়ে পথ, চলে গেছে কত জাগুয়ার
আশ্রমের মতো ছিল, চেনা চেনা চারপাশ তবে—
কোথাও নৈবেদ্য নেই, মানুষের চেনা অবয়বে
ছিল না নীরব কোনো, ঘাতকের সমদর্শী মন—
সিমারের ভালোবাসা পেয়েছিল মসীময় বন
দেখেছি জলের মাঝে, মাছেরা করেছে ঢেউ চাষ
বাতাসে বাতাসে হাসে, পাখিদের প্রাচীন আবাস
আমাকে আপন ভেবে বুকে টেনে নিয়েছে পাহাড়
কুঠার লুকাতে আমি জঙ্গলে ঢুকেছি যতবার।