অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

মনোলোগ

ভাদ্র-সকালের বিবমিষা

ভাদ্রের বৃষ্টিতে আজকের সকালটা বেশ অদ্ভুতুড়ে। আকাশ এই অন্ধকার হয়ে উঠেছে, এই আলোর ঝলকানি। মেট্রোর জানালার কাচে জলের রেখা নামছে। বাইরে দেবদারুর সারি ভিজে জবুথবু হয়ে আছে। এমন সকালেই মনে হয়, সময় যেন কোথাও গিয়ে থেমে যায়। কিন্তু শহরের ভেতরের দৃশ্যটা ভিন্ন। শহুরে কানাগলি ধরে একটা অদৃশ্য স্রোত কোথা দিয়ে যেন বয়ে চলেছে। সেই স্রোত হয়তো মিশেছে মহা মেঘনায়। যেখানে আজ বিভুদার লাশ পাওয়া গেল। এই সকালের গায়ে বিবমিষার গন্ধ লেগে আছে।

জুলাইয়ের অভ্যুত্থান অনেকের কাছে মুক্তির ইঙ্গিত ছিল, আমার কাছে সেটা ইতিহাসের পুনরাবৃত্তি। স্বাধীনতার পর কতবার যে আমরা ভেবেছি—এবার হয়তো সবকিছু পাল্টে যাবে। অথচ আজও দেখি লুঙ্গি-কাছার আদিম খেলা, দলীয় প্রতিদ্বন্দ্বিতা যাত্রার মঞ্চে রূপ নিয়েছে। যেখানে মানুষের কণ্ঠস্বর শোনা যাওয়ার কথা, সেখানে কেবল তামাশা। বিকৃতি। বিবমিষা পাওয়ার জোগাড়।

মনে রাখবেন, ইতিহাস কখনো পিছু ছাড়ে না। দেশভাগের সময়ের কথা শোনা হয়েছিল দাদু আর নানুমণির মুখে। নদীর ওপারে এক দিনের পরিচিত গ্রাম, হঠাৎ করেই বিদেশ হয়ে যাওয়া। রক্ত, দাঙ্গা, অগ্নিকুণ্ড। সেই ক্ষত কেবল ঢাকাতেই নয়, ওপার বাংলার পাড়ায়-পাড়ায়, তল্লাটে-তল্লাটে রয়ে গেছে। হাজার বছরের ভিটেমাটি হারানোর ব্যথা, আত্মীয়স্বজন ছিন্ন হয়ে যাওয়া—এমন ক্ষত, যা পৃথিবী থেকে চলে না গেলে সারে না। পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের রাস্তাঘাটও সেই স্মৃতির ধুলায় ঢাকা। আমি যখন এই ভাদ্রের বৃষ্টিতে কাদাজল মাড়াই, তখন মনে হয় ওপারেও হয়তো একই রকম বৃষ্টি পড়ে, একই স্মৃতি কারও বুকের ভেতর ফুঁড়ে ওঠে।

আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে উঠেছে ভোক্তা হিসেবে, নাগরিক হিসেবে নয়। আর নাগরিকবোধ না থাকলে রাজনীতি কেবল রঙ্গমঞ্চেই পরিণত হয়। শিক্ষা যদি আধুনিকতা, বিজ্ঞানমনস্কতা শেখাতে না পারে, রাজনীতিও দায়িত্বশীল হতে পারে না।

কিন্তু আমরা কি ইতিহাস থেকে কিছু শিখেছি? দেশভাগের রক্ত, মুক্তিযুদ্ধের আত্মদান, নব্বইয়ের আন্দোলনের উন্মাদনা—সবকিছুই কেমন যেন এখন কুয়াশায় ঢাকা। আজকের রাজনৈতিক মঞ্চগুলোয় ইতিহাসের ভার নেই, আছে কেবল ভাঁড়ামি। একদিন যেসব মিছিল মানুষের স্বপ্ন বহন করত, আজ সেসব মিছিল যেন শুধুই শব্দ আর স্লোগানের ভোজবাজি।

মনে হয়, এর শিকড় খুঁজতে গেলে দাঁড়াতে হয় শিক্ষার সামনে। ঔপনিবেশিক শাসকেরা আমাদের যে শিক্ষানীতি দিয়ে গিয়েছিল, তার ভেতরেই ছিল একধরনের ফাঁদ। আশ্রমকেন্দ্রিক শিক্ষা, যেখানে জীবনমুখী চর্চা ছিল, সেটাকে ধীরে ধীরে হটিয়ে দেওয়া হলো। তার জায়গায় এল পরীক্ষাভিত্তিক, চাকরিমুখী শিক্ষা। স্বাধীনতার এত বছর পরেও আমরা সেই কাঠামো ভাঙতে পারিনি। পশ্চিমবঙ্গও পারেনি, তারাও একই ধাঁচে আটকে গেছে। পার্থক্য কেবল রূপে, মূলে নয়।

ফলাফল স্পষ্ট। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে উঠেছে ভোক্তা হিসেবে, নাগরিক হিসেবে নয়। আর নাগরিকবোধ না থাকলে রাজনীতি কেবল রঙ্গমঞ্চেই পরিণত হয়। শিক্ষা যদি আধুনিকতা, বিজ্ঞানমনস্কতা শেখাতে না পারে, রাজনীতিও দায়িত্বশীল হতে পারে না।

আজ ভাদ্রের এই সকালে দাঁড়িয়ে মনে হচ্ছে, শহরের প্রতিটি গলি, প্রতিটি সেতু আসলে ইতিহাসের সাক্ষী। এগুলো জানে আমরা কতবার ব্যর্থ হয়েছি। মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু তার নৈতিক শক্তি আমরা আগলে রাখতে পারিনি। নব্বইয়ের গণ-অভ্যুত্থান আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেই গণতন্ত্রকে আমরা পার্টির তামাশায় নষ্ট করেছি। আর এখন জুলাই অভ্যুত্থান—তার ভেতরেও আমরা দেখছি একই পুনরাবৃত্তি।

এই পুনরাবৃত্তির ভেতরেই জন্ম নিচ্ছে বিবমিষা। প্রতিদিন সকালের খবর খুললে মনে হয়, রাজনীতি আর মানুষের জীবনের মধ্যে দূরত্ব আকাশছোঁয়া। জলাবদ্ধ ঢাকাই হয়তো এটার সবচেয়ে স্পষ্ট প্রতীক—উন্নয়ন হলো, কিন্তু পানি নামার নালা হলো না। ঠিক তেমনি রাষ্ট্রে স্লোগান আছে, উৎসব আছে, কিন্তু মানুষের প্রতি দায় নেই।

প্রায়ই ভাবি, ইতিহাস হয়তো আমাদের ক্ষমা করবে না। দেশভাগের পর যারা ওপার থেকে এপারে এল, কিংবা এপার থেকে ওপারে গেল—তারা অন্তত বিশ্বাস করেছিল, একটা নতুন শুরু হবে। মুক্তিযুদ্ধের সময় মানুষ প্রাণ দিল এই ভেবে যে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। নব্বইয়ের ছাত্ররা গুলি খেল এই ভেবে যে আগামী প্রজন্ম স্বাধীনভাবে কথা বলতে পারবে। অথচ আজকের প্রজন্ম কী বিশ্বাস করছে? তারা মেট্রোরেলের টিকিট কাটছে, সোশ্যাল মিডিয়ায় হাসছে, কিন্তু ইতিহাসের ভার কি তারা অনুভব করছে?

জানি না। হয়তো তারা অন্যভাবে ইতিহাস তৈরি করবে। কিন্তু আমার ভেতরে প্রশ্ন জাগে—যদি নৈতিকতার জায়গাটা ফাঁকা থাকে, তবে প্রতিটি অভ্যুত্থানই শেষ পর্যন্ত রঙিন আলোর তামাশায় পরিণত হয়।

ঢাকার ভাদ্র-সকালের এই মনোলোগ তাই শেষ হয় এক অস্বস্তিকর উপলব্ধিতে: ইতিহাস যেমন আমাদের ঋণী করে রেখেছে, তেমনি সাংবাদিকতাও আমাদের দায়ী করে রেখেছে। বিভুদার মৃত্যু সেই দায়কে আরও ভারী করে দিল।

বৃষ্টি বাড়ছে। জানালার কাচ ভিজে একরকম অস্বচ্ছ হয়ে গেছে। বাইরে ঝাপসা দৃশ্য, ভেতরেও যেন ঝাপসা সময়। আমি নিজের সঙ্গেই কথা বলি, যেন এক দীর্ঘ মনোলোগ। ঢাকার ভাদ্র-সকাল আমাকে মনে করিয়ে দেয়—আমরা এখনো ইতিহাসের ঋণ শোধ করতে পারিনি। ওপারের পশ্চিমবঙ্গও সেই একই স্মৃতি বহন করে, তবে সেখানে কুয়াশা আরও ঘন, ছায়া আরও আবছা।

তবু আশা কোথাও মরে না। হয়তো এই বিবমিষার ভেতর থেকেই একদিন নতুন আলো ফুটবে। একদিন শিক্ষা আবার মানুষ তৈরি করবে, রাজনীতি আবার মানুষের জন্য হবে। ইতিহাস সেই দিনটাকেই খুঁজে ফিরছে।

কিন্তু হঠাৎই মনে পড়ে যায় বিভুদার কথা। মৃত্যুকে স্বেচ্ছায় আলিঙ্গন করে তিনি যে অসহায় ব্যথার কথা লিখলেন, তা আসলে কেবল একজন প্রবীণ সাংবাদিকের ব্যক্তিগত অভিমান নয়—এটা আমাদের তথাকথিত ভদ্র-শিক্ষিত মানুষদের মুখোশটাকে নাড়িয়ে দিয়েছে। যে পেশা একদিন সত্যের পক্ষে দাঁড়াত, মানুষের কণ্ঠস্বর হতো, আজ তা দলবাজির, স্বার্থের, বিজ্ঞাপনের খেলায় বন্দী। বিভুদা একট করুণ আর্তি রেখে চলে গেলেন...

মেট্রোর জানালার ভেজা কাচে আমি নিজের প্রতিবিম্ব দেখি—অস্পষ্ট, ঝাপসা। মনে হয়, এটাই বর্তমানের প্রতিচ্ছবি; সময়ের সত্যকে স্পষ্টভাবে দেখাতে না পারা। ব্যক্তিমানুষের রুচি-সংস্কৃতি যদি অন্ধকার ভেদ করতে না পারে, তবে সমাজ কোন আলোয় দাঁড়াবে?

ঢাকার ভাদ্র-সকালের এই মনোলোগ তাই শেষ হয় এক অস্বস্তিকর উপলব্ধিতে: ইতিহাস যেমন আমাদের ঋণী করে রেখেছে, তেমনি সাংবাদিকতাও আমাদের দায়ী করে রেখেছে। বিভুদার মৃত্যু সেই দায়কে আরও ভারী করে দিল। আমরা যদি তাঁর রেখে যাওয়া শূন্যতা থেকে শিক্ষা নিতে না পারি, তবে এই বিবমিষা শিগগিরই কাটবে না।

তবু আশা কোথাও মরে না। হয়তো এই বিবমিষার ভেতর থেকেই একদিন নতুন আলো ফুটবে। একদিন শিক্ষা আবার মানুষ তৈরি করবে, রাজনীতি আবার মানুষের জন্য হবে। ইতিহাস সেই দিনটাকেই খুঁজে ফিরছে।