সবিশেষ

অনুবাদক কেন নেপথ্যচারী

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

অনুবাদে, বিশেষত সৃজনশীল রচনার অনুবাদে, অনুবাদকের কৃতিকে (বা স্রেফ পরিশ্রমের কথাও যদি বলি) সম্মান জানাতে যে কুণ্ঠা, এর পেছনে কারণ কি এক ধরনের হীনম্মন্যতা, যা লেখকের জন্য খ্যাতিনাশক বা প্রকাশকের বাজারনীতির পরিপন্থী? দুটির কোনোটাই নয়—এই যুক্তি অচল। আমাদের এখানে বা উপমহাদেশের বিভিন্ন প্রকাশনীর অনূদিত বইয়ের মলাটে অনুবাদকের নাম ছাপা হতে দেখা যায়। কারণ, সম্ভবত সীমিত বাজারের কথা ভেবে প্রকাশকেরা বিষয়টি নিয়ে মাথা ঘামান না। অপরদিকে পাশ্চাত্যে, বিশেষত ইংরেজিতে অনূদিত বইয়ের প্রথম, এমনকি দ্বিতীয় মলাটে অনুবাদকের, তিনি যত যশস্বীই হোন, নাম বসানোর জায়গা বরাদ্দ থাকে না। ব্যতিক্রমী উদাহরণ রয়েছে, তবে ব্যতিক্রম তো ব্যতিক্রমই।

কেন? যে সম্ভাব্য কারণের কথা বলেছি, তার পেছনে আরও বিশদ কারণ থাকার কথা এ জন্য যে বিষয়টা বিচ্ছিন্ন তো নয়ই বরং আন্তর্জাতিক প্রকাশনা অঙ্গনে যেন এক নীতিনিষ্ঠ ব্যবস্থা। কথাটা বিশেষভাবে প্রযোজ্য অন্য ভাষার সৃজনশীল লেখার ইংরেজি অনুবাদের বেলায়। ফলে যা হয়, অনূদিত রচনা পড়লেও পাঠক অজান্তে অনেক সময় সেসব লেখাকে মূল লেখকের রচনা বলে ধরে নেন। প্রকাশকও সম্ভবত তা–ই চান। পাঠককের নজর কেড়ে বলতে যান না বইটা অনূদিত। কদাচিৎ এমন পাঠক পাওয়া যাবে যিনি মূল লেখকের পাশাপাশি অনুবাদকের নামটাও মনে রাখার চেষ্টা করেন।

দ্য গার্ডিয়ান পত্রিকায় কিছু দিন আগে এক নিবন্ধে লেখক-অনুবাদক জেনিফার ক্রোফট এই বলে ক্ষোভ ঝেড়েছেন যে ম্যান বুকারের মতো নামজাদা পুরস্কারপ্রাপ্ত কোনো বইয়ের মলাটেও অনুবাদককে খুঁজে পাওয়া যায় না। এতটুকু মান্যতা দিতে প্রকাশক নারাজ। উদাহরণ হিসেবে ২০২১ সালে ফরাসি লেখক ডেভিড দিওপর ইংরেজিতে অনূদিত বুকারপ্রাপ্ত উপন্যাস অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক–এর প্রসঙ্গে ক্রোফট বলেন মূল বইটি ফ্রান্সে বছর কয়েক আগে বের হওয়ার পর থেকেই পাঠকের মনোযোগ কেড়েছিল। ইংরেজি অনুবাদেও বইটি সাড়া জাগিয়েছে, কিন্তু বইয়ের মলাটসহ তিন-তিনটি ব্লার্বের কোথাও অনুবাদক আন্না মোসচোভাকিসের নামোল্লেখ করার সৌজন্য প্রকাশক পুশকিন প্রেস দেখানোর প্রয়োজন মনে করেনি। খ্যাতনামা পর্তুগিজ ও স্প্যানিশ অনুবাদক মার্গারেট জি কস্তা অনুবাদ নিয়ে কথা বলতে গিয়ে যা বলেছেন, তা তাঁর নিজের জন্য তো বটেই, যেকোনো অনুবাদকের জন্য বেদনাদায়ক। তাঁর বক্তব্য,Ñ‘লেখক ছাড়া অনুবাদকের স্থান নেই, এ কথা সত্য। আমি যখন সুইডিশ থেকে ইংরেজিতে একটা উপন্যাস বা গল্পের অনুবাদ নিয়ে কাজ করি, তখন অনুবাদক হিসেবে প্লট, চরিত্র বা আখ্যানের টানাপোড়েন ইত্যাদি নিয়ে আমার কিছু করার থাকে না। তবু লেখকের সঙ্গে আমার এক ধরনের সংহত ও নিবিড় মানসিক যোগসাজশে আমি আমার ভাষায় যা বর্ণনা করি, তার মাধ্যমেই সুইডিশ নন এমন পাঠকেরাও এই বিষয়গুলো সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করতে পারেন। কিন্তু আদতে ব্যাপার যা, একটি বই প্রস্তুত করতে অন্যান্য সহযোগী বা যোগসাজশকারী যেমন এডিটর বা সম্পাদক, ডিজাইনার, প্রুফরিডার, বাঁধাইকারীদের মতো অনুবাদককেও অদৃশ্য ও নেপথ্যচারী হয়ে যেতে হয়।

কথা হলো, বইয়ের মলাটে অনুবাদকের নাম ছেপে দিলেই কি কাজের কাজ হয়ে যায়? যেহেতু এ নিয়ে অনুবাদকদের ক্ষোভ রয়েছে, কিছুটা হয়তো হয়—অন্তত এর একটি প্রতীকী গুরুত্ব তো রয়েছে। ২০১৩ সালে ইংল্যান্ডে জনাকয়েক ইংরেজি ভাষার অনুবাদক এক জোট হয়ে #নেমদ্যট্রান্সলেটর (#namethetranslator) নামে একটি বড়সড় প্রচারণা চালু করেছিলেন। তাঁদের ক্ষোভের লক্ষ্য ছিলেন প্রকাশক, সেই সঙ্গে মিডিয়া, বইয়ের আলোচক ও পত্রপত্রিকার সম্পাদক। অনূদিত বই বিপণনে কেন বিখ্যাত অনুবাদকের নাম ব্যবহার করা হয় না, এ–ও ছিল তাঁদের ক্ষোভের অন্যতম কারণ।

বিশ্বে শুধু অনুবাদে আজীবন নিবেদিত অসংখ্য মানুষ ছিলেন, রয়েছেন। অন্যের লেখাজোখার মূল আবহকে যতদূর সম্ভব বজায় রেখে ভিন্ন ভাষায় স্থানান্তরের অত্যন্ত পরিশ্রমসাধ্য ও সময়সাপেক্ষ কাজটা তাঁরা করেন মূলত নিজেদের তাগিদে। আর বলার অপেক্ষা রাখে না, তাঁদের পরিশ্রম ও নিষ্ঠার ফলস্বরূপ বিভিন্ন ভাষার লেখকদের বই-পুস্তক যেমন পাঠকের কাছে পৌঁছতে পারছে, তেমনি বৈশ্বিক চিন্তাভাবনা-দর্শনের মেলবন্ধন ও নিত্যনতুন ডিসকোর্সও তৈরি হচ্ছে। অনুবাদ ছাড়া যা কিছুতেই সম্ভব হতো না। এই নিখাঁদ সত্য যখন আজকের বিশ্বায়নকে দ্রুত এগিয়ে নিচ্ছে, ভৌগোলিকতার দূরত্ব ও বেড়াজাল ভেঙে দিচ্ছে, তখন বিষয়টি নিয়ে প্রচারণা তৈরি করে জনমত গড়ে তোলার ঘটনা দুঃখজনক।

যা হোক, এ ধরনের প্রচারণার ফলেই কিনা কে জানে, ২০১৬ সালে ম্যান বুকার আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এখন থেকে পুরস্কারপ্রাপ্ত অনূদিত বইয়ের ক্ষেত্রে পুরস্কারের অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। করাও হয়েছে। এতে আর কিছু না হোক, অনুবাদকের শ্রমকে স্বীকৃতি দেওয়া হয়েছে, মেধাকে কতটুকু বলা মুশকিল। কিন্তু প্রথম মলাটে লেখকের নামের পাশে বা নিচে অনুবাদকের নাম ছাপার ব্যাপারে প্রকাশক এবং সম্ভবত মূল লেখকের মনোভাবে পরিবর্তন আসতে অনেক বাকি। অবস্থাদৃষ্টে এমনই মনে হচ্ছে। সেই সঙ্গে এমনও অভিযোগ রয়েছে, অনেক নামীদামি প্রকাশক অনুবাদকের ন্যায্য কপিরাইটের বিষয়ও মানতে নারাজ।

প্রকাশনার বাজারে অনুবাদের গুরুত্বকে মেনে নিয়েও অনুবাদককে প্রকাশক নেপথ্যচারী দেখতে অভ্যস্ত। এর পেছনে কি এমন যুক্তি রয়েছে যে একজন অতি বিখ্যাত লেখকের বইকে অনুবাদ বলে প্রচার করলে বইটা মার খাবে, বাজার পাবে না? বিচিত্র নয়। বাজারের রীতিনীতি সব সময় সাধারণ বিচারবুদ্ধিতে চলে না। বই বিক্রিই যখন কথা, প্রচলিত কায়দার বাইরে না যাওয়াই হয়তো প্রকাশকদের নিরাপত্তা জোগায়। কিন্তু ব্যাপারটা যে অন্যায্যই নয়, অনৈতিকও—এ নিয়ে দোলাচলের সুযোগ নেই। অনুবাদকের শ্রম-নিষ্ঠা-মেধা অস্বীকারের একটি ঘৃণ্য কারসাজি এখানে পরিষ্কার। কৌতূহলের বিষয় হলো, এই কারসাজির ফলে বাজারে বহুল পঠিত লেখক রয়েছেন, যাঁদের রচনার অনেক আগ্রহী সমঝদারও স্বচ্ছন্দে ভুলে যান সেসব অনুবাদ। অধুনা জনপ্রিয় মুরাকামি হতে পারেন প্রকৃষ্ট উদাহরণ। একসময় আলবার্তো মোরাভিয়াকে নিয়ে এমন হয়েছে। বাজারের নিয়ম-নীতিই নিশ্চয়ই কারণ। আবার এ–ও সত্য, বাজারচলতি জনেরা ফিকশনের যাঁরা নিয়মিত অনুবাদক তাঁদের সম্ভবত নিজেদের নিয়ে তেমন গরজ থাকে না; অনেক ক্ষেত্রে প্রকাশক নানা শর্তসাপেক্ষ চুক্তিতে তাঁদের নিয়োজিত করেন। এর উল্টো পিঠে অনূদিত বই যদি হয় যুগান্তকারী (এক নিশ্বাসে অজস্র বইয়ের নাম করা যেতে পারে), তাহলে সেই সব অনুবাদককে যোগ্য সম্মান না জানানোকে কী বলা উচিত ধুরন্ধর বেনিয়াবৃত্তি!

খানিকটা অন্য প্রসঙ্গে আসি। অনুবাদক বলতে গড়পড়তা একশ্রেণির কলমজীবীকে বোঝায় না। অনুবাদকের ‘প্রকারভেদ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে অনুবাদকের ভূমিকাও সব সময় এক নয়। বলা হয়ে থাকে ট্র্যান্সেলেটর এগজিস্টস ইন দ্য মার্জিন। মার্জিন টপকানো তাঁর কাজ নয়। তাই কি? ধরে নিলাম মার্জিনেই তাঁর বাস; কিন্তু ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশের মানুষের আচার-আচরণ, মূল্যবোধ, সামাজিক বিশ্বাস-সংস্কার—এককথায় যাকে নুয়ান্স বলা চলে, অন্য ভাষায় পৌঁছে দিতে তাঁকে যা করতে হয়, তা মার্জিনে গুটিসুটি বসে করা চলে না। তাঁকে প্রয়োজনে স্বাধীনতা নিতে হয়, টেকস্টকে নেড়েচেড়ে স্থানান্তরযোগ্য (স্থানান্তর কথাটা সচেতনভাবেই ব্যবহার করছি) করতে মার্জিন টপকাতে হয় কখনো কখনো, আক্ষরিক ভাষান্তরে কাজ হয় না, রূপান্তর বা ট্রানক্রিয়েশন ছাড়া তখন পথ থাকে না। তাঁকে সৃষ্টিশীল হতে হয় অনুবাদে সৃষ্টিশীলতা। এ ছাড়া আঞ্চলিক ভাষা, ডায়লেক্ট, স্ল্যাংসহ উপভাষার মোকাবিলাও তো করতে হয়। এর চেয়েও বড় কথা, একটা ভিন্ন ভাষার গণ্ডি থেকে রচনাকে বের করে বিশ্বজনীন করার প্রয়াসও কি মেধাবী অনুবাদকেরা প্রায়শই করেন না? কতটা গভীরভাবে প্রাণিত হলে এমন দুরূহ কাজে উদ্বুদ্ধ হওয়া ও দীর্ঘ দিন নিয়োজিত থাকা সম্ভব তা সৎ ও আন্তরিকভাবে অনুধাবন করা গেলে অনুবাদককে নেপথ্যে রাখার নোংরা বেসাতি পরিত্যাজ্য হতে বাধ্য।

বড় বড় প্রকাশনা সংস্থার ব্যাপার যদি হয় ব্যবসা, অনূদিত বই নিয়ে যাঁরা নিয়মিত পত্রপত্রিকায় (দ্য নিউইয়র্ক রিভিউ অব বুকস–এর মতো প্রভাবশালী কাগজের কথা মনে রেখেই বলছি) লেখেন, তাঁদের কজনকে পাওয়া যাবে একটা উন্নত মানের অনূদিক বই নিয়ে লিখতে গিয়ে অনুবাদ সম্বন্ধে দু-একটা আলটপকা মন্তব্যের বাড়তি কিছু বলছেন! ভাবখানা মূল বই নিয়েই লিখছেন। অথচ অনুবাদক কাজটা করতে গিয়ে কী চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন, কতটা সার্থকভাবে তা করতে পেরেছেন, আদৌ করতে পেরেছেন কি না, এসব নিয়ে কথা না বাড়ানোই বুঝি দস্তুর। বলা নিষ্প্রয়োজন, এতে খাটনি ছাড়াও মূল ও অনুবাদের ভাষা আয়ত্তে থাকা বাঞ্ছনীয়। তা যদি না হয়, অনুবাদকের যথাযথ মূল্যায়ন দুরস্ত। এ থেকে এ কথা বলা কি অন্যায্য যে অনুবাদকের কাজের মূল্যায়ন-ব্যর্থতারই কারণ তাঁদের আড়ালে রাখার?

তারপরও বলতে হয়, যোগ্য অনুবাদককে প্রাপ্য মান্যতা না দেওয়া বা দিতে গড়িমসি করা অপরাধতুল্য। জীবনব্যাপী সাধনা সত্ত্বেও কারও পক্ষে উন্নত সাহিত্য পাঠের উপযোগী কয়টা ভাষা রপ্ত করা সম্ভব? দীর্ঘ দিন ধরে স্প্যানিশ, চেক, পর্তুগিজ, ফরাসি, জার্মান, সাভি৴য়ান ও রুশ ভাষার যেসব সেরা লেখা পাঠকের হাতে উঠে আসছে, তার পেছনে যাঁরা নিরলস লেগে আছেন, তাঁদের পর্দার পেছনে রাখা বজ্জাতি ছাড়া কী!

সরল-সোজা কথাটা বলতেই হচ্ছে, মেধাবী অনুবাদকের হাত ধরার সুযোগ না থাকলে পাঠকের যত আগ্রহই থাকুক, নিজের ভাষা-সাহিত্যের বদ্ধ চৌহদ্দিতেই ডিগবাজি খেতে হতো, সেই চৌহদ্দি যত চওড়াই হোক।