করোনা টেস্ট: শিমুল তমাল

শহিদুল সাহেবের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা সন্দেহে। কিন্তু তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন এটা ভেবে যে এখন টেস্ট রিপোর্ট কোথায় পাবেন?

গভীর রাতে শহিদুল সাহেব রাস্তায় বেড়িয়ে পড়েন। একা একা হাঁটতে থাকেন হাসপাতালের উদ্দেশে। হাসপাতালের গার্ড নাক ডেকে ঘুমাচ্ছে। তিনি সোজা চলে গেলেন ডিউটি অফিসারের রুমে।

হাসপাতালে নাইট শিফটের ডিউটি অফিসার শহিদুল সাহেবকে দেখে বললেন, 'আরে, আপনি কী করছেন এখানে? কাকে খুঁজছেন?'

তিনি খুব শান্ত কণ্ঠে বললেন, 'আমার টেস্ট রিপোর্ট!'
কী টেস্ট?
আমার করোনা পরীক্ষার জন্য নমুনা আনা হয়েছে।
ডাক্তার সাহেব তাকে বললেন, 'আরে, আপনি করোনার ঝুঁকি নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আপনার তো বাসায় থাকা উচিত, মৃত্যুভয় নেই আপনার?'
শহিদুল ইসলাম বললেন, 'আমার মৃত্যুর পরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না দেখে শান্তি পাচ্ছিলাম না, তাই নিতে এসেছি।'


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com, alimazij@gmail.com]