চিৎকার: সাফায়েত আহমেদ

চিৎকার আর কান্নাকাটিতে ঘুম ভেঙে গেল। সম্ভবত রাত তিনটা বা চারটা হবে। এত রাতে আবার কী হতে পারে?

কারও কিছু হলো না তো?

কান্নাকাটির আওয়াজটা হেলুসিনেশনও হতে পারে!

প্রবল জ্বরে হেলুসিনেশন হওয়া অস্বাভাবিক কিছু না। চার দিন ধরে হাড়কাঁপা জ্বরে শরীরের অবস্থা শোচনীয়। যেন হাত-পা নাড়াতেই পারছি না। তবুও এখন কেমন জানি শরীরটা হালকা হালকা লাগছে।

মনে হচ্ছে অল্প বাতাসেই উড়ে যাব। হয়ত জ্বরটা চলে গেছে।

মাকে বলে আসা দরকার, জ্বর চলে গেছে। তিনিই সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন।

দরজা পেরিয়ে বাইরে বের হতেই দেখি আমার নিথর শরীর ঘিরে সবাই চিৎকার করছে!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com alimazij@gmail.com]