ছবি আজ চলে গেল।
আমাদের বিয়ের পাঁচ বছর পর। আমার সঙ্গে দিনগুলো ওর সত্যিই ভীষণ একঘেয়ে, বর্ণহীন হয়ে উঠেছিল। ওর এমন হাঁপিয়ে ওঠা দেখতে আমারও আর ভালো লাগছিল না।
তাই আজ চলে গেল ছবি।
ছবির একটা পোর্ট্রেট এঁকেছিলাম অনেক আগে। আর ক্যানভাসে ওই ছবি আঁকার অনেক আগেই হৃদয়ে আঁকা হয়ে গিয়েছিল। ছবি জানত সবই।
বিয়ের ব্যাপারে ছবি শর্ত দিয়েছিল, বিয়েতে সে রাজি, তবে পাঁচ বছরের জন্য, এরপর ভালো না লাগলে তাকে স্বেচ্ছায় চলে যেতে দিতে হবে। এই শর্তেই বিয়ে হয়।
বন্ধুরা আপত্তি তুলেছিল। বলেছিল, এটা বিয়ে না পাগলামি।
জবাবে বলেছিলাম, ভালোবাসা মানেই পাগলামি। সুখের চেয়েও বেশি যন্ত্রণা।
ছবিও সায় দিয়ে বলেছিল, আমি মধুর এ যন্ত্রণাকে ভালোবেসেছি।
ছবি আমার আঁকা ওর ছবিটি সঙ্গে নিয়ে গেছে ঠিক, কিন্তু আমার হৃদয়ে আঁকা ওর ছবিটি নিতে পারেনি।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:info@onnoalo.com
alimazij@gmail.com]