
বিছানা ছেড়ে উঠে নিশি রেজাকে ট্রাউজারটা ছুঁড়ে দিয়ে মেঝেতে নিজের কাপড় খুঁজতে খুঁজতে শোনে মেসেজ আসবার ‘টুং’ আওয়াজটা, লুপ্তসংজ্ঞ মুহূর্ত থেকে জেগে ওঠাই জগতের নিয়ম, বেদনায়। মোবাইলটা খপ করে তুলে নেয় সে, জানে না তার মুখটা বাঁকা হয়ে উঠেছে, কিছুক্ষণ আগের সমস্ত কোমলতাকে মুছে ফেলে।
রেজা তোমার সোনাপাখির মেসেজ এসেছে।
কড়ির ‘চার চোখ’ উঠলে ছোঁ মারার মতো রেজা মোবাইল ফোনটা কেড়ে নেয় না। চুপচাপ চেয়ে থাকে সিলিংয়ের দিকে।
লিখেছে, মড়কের ভেতর আমি তোমাকে বাঁচিয়ে রাখব।
কীভাবে রেজা, মেসেজ দিয়ে? দেখা তো করতে যেতে পারবে না।
রেজা নিশির দিকে ঘোরে, নিশি হেসে পেন্ডুলামের মতো দুলতে দুলতে বলে— ‘মড়কের ভেতর আমি তোমাকে বাঁচিয়ে রাখব।’
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]