‘ভালো ছেলে পেয়েছি, এবার রাজি হয়ে যা। পাগলামো বাদ দিয়ে, এবার বিয়েটা করে ফেল, মা।’ সালমা বেগম মেয়ে শীলার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন।
‘আমি তোমাকে বহুবার বলেছি, সিহাব ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারব না। ওকে আমি ভালোবাসি, মা। অন্য কাউকে ভালোবাসতে পারব না।’ শীলা মায়ের ওপর বিরক্ত হয়।
সালমা বেগমের ইচ্ছা করছে, মেয়ের গালে কষে একটা চড় বসিয়ে বায়বীয় এই ছেলের প্রতি ওর ভালোবাসার ভূত ছাড়ান। যে ছেলের কোনো অস্তিত্ব নেই, যে ছেলেকে চোখে দেখা যায় না, শুধু বাতাসের মতো অনুভব করা যায়, সেই ছেলেকে তো বায়বীয়ই বলবেন তিনি। যথাসাধ্য চেষ্টা করে রাগটা দমন করেন। ভারী গলায় বলেন, ‘অনেক হয়েছে। এবার তোর পাগলামো থামা। এত লেখাপড়া করেছিস, অফিসে এত বড় পজিশনে আছিস, আর বুঝতে পারছিস না, এটা যে তোর পাগলামো? ঘোরতর পাগলেও এমন পাগলামো করে না। যার অস্তিত্বই নেই, তাকে কি কেউ কোনো দিন ভালোবাসে? অস্তিত্বহীন একটা ছেলেকে তুই ভালোবেসে বসে আছিস!’
‘কে বলেছে, সিহাবের অস্তিত্ব নেই?’ শীলা গলা চড়ায়, ‘অবশ্যই আছে। যার অস্তিত্ব নেই, তাকে আমি দেখতে পেলাম কীভাবে, বলো? অস্তিত্ব আছে বলেই আমি ওকে দেখতে পেয়েছি।’
শীলার চোখ জোড়া এবার দূরে বহুদূরে ভেসে যায়, কয়েক মুহূর্ত সে যেন কোথায় তলিয়ে যায়। সূর্যরশ্মির কিরণে সাগরের পানি যেমন চিক চিক করে, তেমনি হঠাৎ শীলার চোখ জোড়া চিক চিক করে ওঠে খুশিতে, গদগদ গলায় এবার সে মাকে বলে, ‘আমরা একসঙ্গে ঘর বেঁধেছি! কী সুন্দর ছিমছাম সুন্দর পরিপাটি সংসার ছিল আমাদের! জানো মা, সিহাব আমার জন্য প্রতিদিন অফিস থেকে ফেরার পথে দোলনচাঁপা নিয়ে আসত!’ শীলা বুক ভরে শ্বাস টেনে নেয়, যেন একগুচ্ছ দোলনচাঁপা ওর সামনেই রাখা আছে। আমাদের বাবুটার নাম আমরা কী ঠিক করেছিলাম জানো, নীল! কী দারুণ নাম, তা–ই না! আমাদের যে নীলগিরিতে পরিচয় হয়েছিল, মা। মা, দেখো তুমি, আমি একদিন না একদিন সিহাবকে ঠিকই খুঁজে পাব। সিহাব আছে, অবশ্যই কোথাও না কোথাও আছে সিহাব।’
‘আবারও শুরু করলি এই পাগলামো! আর পারি না তোকে নিয়ে। পাগল হলে তবু নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। পাগল মেয়ে, পাগলামো করছে। কিন্তু দিব্যি সুস্থ, স্বাভাবিক একটা মেয়ে, নিপুণ দক্ষতার সঙ্গে যে অফিস সামলাচ্ছে, যার অধীনে পঁয়ত্রিশ-চল্লিশ জন ছেলে-মেয়ে কাজ করছে। যে মেয়ে দেশের বাইরে গিয়ে অফিসের জন্য, দেশের জন্য, সম্মান বয়ে আনছে, সেই মেয়েই কিনা বিয়ের কথা বললেই এমন পাগলামো করে, মা হয়ে আমি কীভাবে সহ্য করব!’ সালমা বেগম আঁচলে চোখ মুছতে মুছতে শীলার ঘর থেকে বেরিয়ে যান।
শীলা মায়ের চলে যাওয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে।
শীলা সবে অনার্স ফাইনাল শেষ করেছে। সকালের বাসে মা, বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে সে বান্দরবানে ঘুরতে যাচ্ছে। শীলা খুব উত্তেজিত। বান্দরবানের কোথায় কোথায় ঘুরবে, তা আগেই ইউটিউব দেখে ছোট ভাইয়ের সঙ্গে বসে ঠিক করে এসেছে। আসার আগে ইউটিউবে সে সব কটি ট্যুরিস্ট স্পট দেখেছে। ওর সবচেয়ে পছন্দের জায়গা নীলগিরি। হোটেলে পৌঁছেই রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল ওরা। সকালে ওদের প্রথম যাত্রা নীলগিরির পথে।
শীলারা চাঁদের গাড়িতে নীলগিরির পথে যাচ্ছে। সেপ্টেম্বর মাস। পাহাড়ি আঁকাবাঁকা পথে চাঁদের গাড়ি ঢালু পথ বেয়ে কখনো ওপরে উঠছে, কখনো নিচে নামছে। কোথাও কোথাও পাহাড়ের বুক চিড়ে রাস্তাটি এঁকেবেঁকে চলেছে আবার কোথাও কোথাও পাহাড়ের কোল ঘেঁষে। ঢাকার গরমের হিংস্রতা এখানে নেই। হু হু করে বয়ে চলা শীতল বাতাসের চাদর কেটে কেটে চলেছে ওরা। উত্তেজনায় ওরা দুই ভাই–বোন আর বসে থাকতে পারল না। ছাদখোলা চাঁদের গাড়িতে উঠে দাঁড়াল। বাতাসের দাপট আর চাঁদের গাড়ির ঝাঁকুনিতে ওরা টালমাটাল, শক্ত করে গাড়ির মোটা লোহার রড ধরে দাঁড়িয়ে আছে দুজন। শীলার চুল বাতাসে পতপত করে উড়ছে, যেন খুশির নিশানা উড়িয়ে দিয়েছে সে। দুপাশের পাহাড়গুলো রাজ্যের জানা–অজানা সবুজ গাছপালা আর রংবেরঙের ফুলগুলোকে তাদের বুকে জড়িয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে। সূর্যরশ্মি সবুজ গাছপালার ওপর পড়ে ঝলমল করছে। খুশিতে আত্মহারা হতে হতে অবশেষে ওরা নীলগিরির গেটে এসে পৌঁছাল। গেট থেকে ওরা ঢালু পথ বেয়ে হাঁটছে আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। প্রচুর ছবি তুলছে ওরা। একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছে। কিন্তু ফ্যামিলি পিকচার ওঠাতে হবে তো। ওঠাবে কে? শীলা এদিক–ওদিক তাকিয়ে সামনে সিহাবকে দেখতে পেয়ে বলল, ‘এক্সকিউজ মি, আমাদের একটা ফ্যামিলি পিকচার উঠিয়ে দেবেন, প্লিজ?’
সিহাব মিষ্টি হেসে বলল, নিশ্চয়ই।
সিহাবের ক্লিকে ওরা নীলগিরির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচুর পারিবারিক ছবি তুলল। ঘুরতে ঘুরতে পরিচয়ের পর্বটি সেরে ফেলল ওরা।
এরপর ফোন নম্বর দেওয়া–নেওয়া, প্রতিদিন কথা বলা, একসঙ্গে বান্দরবানের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া... সিহাব মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে কর্মরত। অফিসের কাজে বান্দরবানে এসেছে। কাজ শেষে কদিন সে বান্দরবান শহরটা ঘুরছে। ঢাকায় ফেরার পরও সিহাব ও শীলার যোগাযোগ চলে। একসময় তারা গভীর প্রেমে জড়িয়ে পড়ে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় দুজনের। টোনাটুনির সংসার পাতে ওরা। সিহাব শীলার প্রেমে মাতোয়ারা। শীলাও সিহাবের প্রেমে দিওয়ানা। দুজনের ভালোবাসায় সংসারটি যেন স্বর্গ হয়ে ওঠে। একসময় শীলা নিজের ভেতরে তাদের সন্তানের অস্তিত্ব টের পায়। শীলা ঠিক করে, ওদের সন্তানের নাম হবে নীল। নীলগিরিতে ওদের পরিচয়, তাই সন্তান ছেলে বা মেয়ে যা-ই হোক না কেন, ওর নাম হবে নীল। দিন গড়ায়, মাস গড়ায়, সিহাব রোজ ঘুমানোর আগে শীলার পেটে কান পেতে নীলের হৃৎস্পন্দন শোনে, ওর সঙ্গে গল্প করে, খুনসুটি করে।
আজ ওদের বিবাহবার্ষিকী। সিহাব অফিস থেকে বিশাল এক কেক আর দোলনচাঁপার তোড়া নিয়ে এসেছে। কেকের ওপরে তিনটি মোমবাতি জ্বালিয়ে ওরা ওদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করল। শীলা রাতের সব কাজ গুছিয়ে আজ সিহাবের কোলে মাথা রেখে টিভি দেখতে শুরু করল। বিবাহবার্ষিকীর রাতটা একটু দীর্ঘ করার জন্য প্রতিবছর সে এই কাজ করে। ঘুমিয়ে পড়লে তো মুহূর্তেই রাত শেষ। টিভি দেখতে দেখতে ওরা টুক টুক করে ওদের প্রেমের দিনগুলো আর বিয়ের দিনের স্মৃতি রোমন্থন করছে। নীল ওর পেটে গুট গুট করে লাথি মারছে। নিজের পেটে হাত রেখে নীলের স্পর্শ অনুভব করে শীলার শরীরে এক অন্য রকম শিহরণ হয়। মনে মনে বলে, ‘এত দুষ্টু ক্যান রে তুই?’ হঠাৎ কোথা থেকে এক চিলের মরণচিৎকারে শীলার সুখের সংসার ভেঙে খান খান হয়ে যায়! সিহাব ওর জীবন থেকে মুহূর্তেই হারিয়ে যায়!
সেদিন থেকে শীলা একমুহূর্তের জন্য সিহাবকে ভুলতে পারেনি। খুঁজে চলেছে অবিরাম। বান্দরবানে যে কদিন থেকেছে, সারাক্ষণ ওর চোখ জোড়া সিহাবকে খুঁজেছে। আজ পাঁচ বছর ধরে শীলা সিহাবকে হন্যে হয়ে খুঁজছে। ওর দৃঢ় বিশ্বাস, সিহাবকে একদিন না একদিন খুঁজে পাবেই। পৃথিবীতে সিহাবের অস্তিত্ব যদি না থাকত, তাহলে সেই সুন্দর ব্যক্তিত্বসম্পন্ন মুখ, সেই গভীর চোখ, সেই পুরু ঠোঁটের মানুষকে সে দেখল কীভাবে! কীভাবে সেই মানুষের সঙ্গে প্রায় তিন বছর সংসার করল!
অফিস ছুটি নিয়ে প্রতিবছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটা শীলা নীলগিরিতে কাটায়। কারণ, সেপ্টেম্বরের তিন তারিখে নীলগিরিতে সিহাবের সঙ্গে ওর পরিচয় হয়েছিল। তাই এই দিনে সে নীলগিরির চারপাশের পাহাড়ের দিকে অপলক তাকিয়ে থাকে। টানা সাত দিন নীলগিরির একটা রিসোর্টে কাটায়। ওর আশা, হয়তো সিহাব নীলগিরিতে ঘুরতে আসবে।
প্রতিবারই শীলা হতাশ হয়ে ফিরে আসে। কিন্তু হতাশ হলেও নতুন বছরের জন্য সে আশায় বুক বেঁধে অফিসের কাজে মনপ্রাণ সঁপে দেয়। অফিসের ট্যুরে দেশে, বিদেশে যেখানেই যায়, শীলা গভীর চোখ আর দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন চেহারার সিহাবকে খুঁজে ফেরে।
সেপ্টেম্বর মাস। এবারও বরাবরের মতো নীলগিরিতে এসেছে শীলা। সিহাবকে সে নীলগিরিতেই খুঁজে পাবে, এমন আত্মবিশ্বাস নিয়েই প্রতিবছর নীলগিরিতে আসে। এবার যেন ওর আত্মবিশ্বাসটা বহুগুণ বেশি। ওর মন সারাক্ষণ বলছে, এবার আমি তোমাকে খুঁজে পাব সিহাব। পাবই তোমাকে। তিন তারিখটা সে নীলগিরিতেই সারা দিন ঘুরে বেড়িয়েছে, খাওয়াদাওয়া করেছে। রাতে রিসোর্টে ফিরেছে। এখানকার স্টাফদের সঙ্গে শীলার বেশ ভাব। রাতে খেয়েদেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল শীলা। অফিসের জরুরি মিটিং পড়ায় কাল ভোর পাঁচটায় ঢাকায় ফেরার বাসে উঠতে হবে। এখান থেকে সাড়ে চারটায় রওনা দিতে হবে। সে লাগেজ গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল। নীলগিরিতে ভোর সাড়ে চারটা মানে প্রায় অন্ধকার আর খুব নিরিবিলি! রিসোর্টে বলে রেখেছে, ওদের গাড়ি শীলাকে বাস পর্যন্ত নিয়ে যাবে।
দমকা বাতাসের ঝাপটায় জানালার পর্দাগুলো এলোমেলো উড়ছে। শীতল বাতাসের ঝাপটা এসে শীলার মুখ–চোখে লাগে। খোলা জানালার দিকে তাকায় শীলা। দুধের ফেনার মতো গাঢ় সাদা মেঘ চারপাশের পাহাড়গুলো ঢেকে রেখেছে। জানালা দিয়ে হালকা কিছু মেঘ ঘরেও ঢুকেছে। প্লেনে না চড়লে কোনো দিন মেঘকে সে ছুঁতে পারবে না, ছোটবেলার সেই ধারণা ভুল প্রমাণ করার জন্য সে যেন বারবার মেঘগুলো ছুঁয়ে দেখছে। সূর্যের আলো একটু একটু করে বাড়ছে আর পাহাড়গুলো মেঘের ফাঁক গলে উঁকিঝুঁকি মারছে। বারান্দায় বসে পাহাড়, সূর্য আর মেঘের এই খেলা দেখতে দেখতে সে চায়ে চুমুক দিচ্ছে। বারান্দার মেঝেতে লুটিয়ে পড়া সকালের একটুকরো মিষ্টি রোদ ধীরে ধীরে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। রিসোর্টের এক কিশোর হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, ‘আপা, নীলগিরির খাদে একটা চাঁদের গাড়ি উল্টে পড়েছে। পাঁচজন মারা গেছে, আপা!’
শীলার চায়ের কাপ ছলকে কিছুটা চা মেঝেতে পড়ে যায়। চা আর ওর গলা দিয়ে নামে না। সে কাঁপা গলায় জানতে চায়, ‘এখান থেকে জায়গাটা কত দূর?’
‘কাছেই আপা, একদম কাছে, হাঁটাপথ।’ কিশোরটি যেমন ঝড়ের বেগে এসেছিল, তেমনি ঝড়ের বেগে বেরিয়ে যায়।
শীলার পা জোড়া যেন আপনমনেই চলতে থাকে। চোখ দুটি ঝাপসা হয়ে আসে। একবুক আশা নিয়ে যারা নীলগিরি দেখতে এসেছে, তারা আজ নীলগিরিতেই শেষ! কী অনিশ্চিত জীবন! শীলা পায়ে পায়ে জটলার কাছে এসে দাঁড়ায়। খাদ থেকে আহত ব্যক্তিদের তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহগুলো একে একে তুলে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় রাখা হচ্ছে। হঠাৎ একটা মৃতদেহের দিকে তাকিয়ে শীলা চিৎকার করে ওঠে, ‘সিহাব!’