ইরাকের প্রাচীণ স্থাপত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে
ইরাকের প্রাচীণ স্থাপত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে

মহাফেজখানা থেকে

রবীন্দ্রনাথের ইরাক

২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরাকে হামলা চালায়, সেই পেক্ষাপটে এ লেখাটি প্রকাশিত হয় প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। ২০০৩ সালের ৯ মে প্রকাশিত এ লেখাটি এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়েই ছিল। আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

আমাদের মধ্যে যাঁরা প্রায়ই বলেন, এই বাংলায় বসে সেই মরুদেশ আর খেজুরবীথির স্বপ্ন দেখা কত না শিকড়হীন মানুষের কারবার, তাঁরা একদিন রীতিমতো থ মেরে যাই রবীন্দ্রনাথ একসময় আরব বেদুইন হতে চেয়েছিলেন জানতে পেরে। নদীমাতৃক দেশের অধিবাসী হয়ে মরুভূমিপ্রীতির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এত সব সমালোচনার সঙ্গে সংস্কৃতি আর নন্দনতত্ত্বের কতটুকু যোগ আছে সে প্রশ্নের নিষ্পত্তির জন্য নিঃসন্দেহে এ তথ্য যথেষ্ট নয়। তবে তা যে প্রশ্ন জাগায়, উত্সুক করে তোলে ভিন্নতর কোনো অনুসন্ধানের দিকে, তাকে কি কম বলা যায়? আমাদের মধ্যে আরব বেদুইন হওয়ার ইচ্ছা জাগুক বা না জাগুক, রবীন্দ্রনাথের জীবনে ঘুরেফিরে এসেছে আরব বেদুইন জীবনযাপনের প্রতি ঘোর লাগা দুর্বলতা। যে তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেন, ‘বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে লভিনু মুক্তির স্বাদ এই মোর পণ’, সেই তিনিই আবার হতে চান বেদুইন, হৃদয়ের মরুভূমি-প্রকৃতি তাঁর এতই অপার। রামানন্দ চট্টোপাধ্যায় যখন আরব্য রজনীর গল্প অনুবাদ করেন, তখন বইটি নিয়ে তাঁর কাছে চিঠি লেখেন রবীন্দ্রনাথ, ‘আপনার সম্পাদিত বাংলা আরব্য উপন্যাস উপহার পাইয়া কৃতজ্ঞতা জানাইতেছি। আমি পূর্বেই ইহা ক্রয় করিয়া আমার পরিবারস্থ বালক বালিকা ও বোলপুর ব্রহ্মবিদ্যালয়ের ছাত্রদের অবকাশকালে পড়িবার জন্য দিয়াছি—ইহা হইতেই এই গ্রন্থ সম্বন্ধে আমার মত বুঝিতে পারিবেন।’ খানিকটা আনুষ্ঠানিকতা মেশানো এ চিঠিকে বিবেচনার বাইরে রাখলেও আরব–প্রকৃতির আস্বাদ রবীন্দ্রনাথের শরীরে কখনো খুবই তীব্র, কখনো সামান্য, কখনো নিরুদ্দেশ্য, কিন্তু কখনোই বিলীন হয় না তা।

এই আরব্য–প্রকৃতির আস্বাদ নেওয়া রবীন্দ্রনাথের ইরাককে পাই তাঁর ‘পারস্যযাত্রী’ বইয়ের পাতায়; আরও পাই ছিন্নবিচ্ছিন্নভাবে কখনো স্মৃতিচারণা, কখনোবা গল্পের আখ্যানে, কখনো আবার কারও কাছে লেখা চিঠিতে। ব্যক্তির ব্যক্তি হয়ে ওঠার, স্বাতন্ত্র্য অর্জনের অনেক ঠমক লাগানো বিশ্লেষণের পরও ব্যক্তি শেষ পর্যন্ত সমষ্টিরই দান, তা–ই যেন উচ্চকিত হয় এসব পাওয়ার মধ্য দিয়ে।

১৯৩২-এর মে-তে তিনি পারস্য থেকে ইরাকে যান ইরাক সম্রাটের আমন্ত্রণে। মধ্যপ্রাচ্যের আর সব দেশের মতো তখনো সেখানে চলছে রাজতন্ত্রের কাল। তা ছাড়া এর কিছুদিন আগেই দেশটিকে পাড়ি দিতে হয়েছে প্রথম মহাযুদ্ধের ধকল। লরেন্স অব অ্যারাবিয়া নামে পরিচিত ব্রিটিশ শাসকদের এজেন্ট টি ই লরেন্স তখন প্রতারণার এক দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর মাধ্যমে তখন আরব নেতাদের আশ্বস্ত করা হয়, ব্রিটিশের পক্ষ নিয়ে তুর্কি শাসকদের বিরুদ্ধে লড়াই করলে যুদ্ধ শেষে তাঁদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার দেওয়া হবে। কিন্তু গোপনে যুদ্ধবাজরা করে আরেক চুক্তি সাইকস-পিকট। ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গোপনে এ চুক্তির মাধ্যমে গোটা আরব বিশ্বকে নিজেদের মধ্যে ভাগাভাগির খসড়া করেন। কিন্তু হঠাৎ করেই এ সময় সাম্রাজ্যবাদীদের ওপর বিপত্তি নেমে আসে রুশ বলশেভিক বিপ্লবের ফলে। বলশেভিক সরকার ‘সাইকস-পিকট’ চুক্তি থেকে বেরিয়ে এসে গোপন পরিকল্পনার কথা ফাঁস করে দেয় এবং তীব্র ভাষায় প্রতিবাদও জানায়। ১৯১৭ সালেই ইরাকে আক্রমণ চালান জেনারেল স্ট্যানলি ময়েড। ব্রিটিশ বাহিনী দখল করে ইরাকের বাগদাদ আর বসরা, প্যালেস্টাইন আর জর্ডান। অন্যদিকে ফ্রান্স তার সাম্রাজ্য বাড়ায় লেবানন আর সিরিয়ায়। মসুলের দখলদারি নিয়ে দ্বন্দ্ব জমে ওঠে ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে। সাইকস-পিকট চুক্তি অনুযায়ী এটির দখলদারি পাওয়ার কথা ফরাসিদের। কিন্তু তেলের গন্ধ পেয়ে ব্রিটেন সেটার দখল নিতে মরিয়া হয়ে ওঠে এবং ১৯১৮ সালে তুর্কি শাসক আত্মসমর্পণ করার চার দিনের মধ্যেই ব্রিটিশ বাহিনী মসুল দখল করে নেয়। ইরাকিরা এই সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে ১৯২০ সালের দিকে। ১৯২৫ সালে কুর্দি শহর সুলাইমানিয়াতে বিদ্রোহ চরমে ওঠে। তখন ইরাকে যুদ্ধবিমান থেকে রাসায়নিক বিষাক্ত গ্যাস প্রয়োগ করেন ব্রিটিশ শাসকেরা। পৃথিবীর ইতিহাসে সেই প্রথম বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগ করা হয় স্বাধীনতার স্পৃহা দমাতে। তেল নিয়ে কাড়াকাড়ি তখন থেকেই। সেই সময়ে এ দ্বন্দ্ব এত তুঙ্গে ওঠে যে ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড আর আমেরিকার মধ্যে তেল ভাগাভাগির দায়িত্ব বর্তায় বড় তেল ব্যবসায়ী ক্যালোসেট হালবেনকিয়ানের ওপর। এসব রাষ্ট্রের মধ্যে তিনি ২৩.৭৫ শতাংশ করে তেল বণ্টন করেন এবং এই মধ্যস্থতার জন্য বাকি ৫ ভাগ তিনি কমিশন নেন। ইরাকে এ ধরনের খেয়োখেয়ি ১৯৭২ সালে তেলসম্পদ জাতীয়করণের আগে পর্যন্ত লেগেই ছিল। রবীন্দ্রনাথ এ তেলের ধার বুঝতে পেরেছিলেন কি না জানা নেই আমাদের। তবে ১৯৩২ সাল পর্যন্ত ইরাকে ব্রিটিশ সৈনিকদের উপস্থিতি নিয়ে তাঁর মনে যে কোনো উচ্ছ্বাস বা দুর্বলতা ছিল না, তা একবাক্যে বলে দেওয়া যায়।

অন্যদিকে ভারতবর্ষে তখন পরাধীনতার কাল। চলছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। কি বাঙালি, কি আর কোনো গোষ্ঠী-জাতি; কেউই মুক্ত ছিল না সেই পরাধীনতা থেকে। রাজতন্ত্র ছিল না, গণতন্ত্র তো আরও ছিল না; কিন্তু ছিল সাম্প্রদায়িকতার রাজনীতি আর সাম্রাজ্যবাদের শাসন। সাম্রাজ্যবাদ ধর্মকে টেনেহিঁচড়ে বের করে এনেছিল রাজপথের আন্দোলনকে মিইয়ে দিতে। বাঙালিত্বের বোধ নিয়েও সংশয় ছিল অনেকের মধ্যে, বঙ্গভঙ্গ রদের আন্দোলন বাঙালিকে বরং ঠেলে দেয় আরও দ্বিধাদ্বন্দ্বে। ধর্ম আর রাজনৈতিক বিকৃতির এই সোনায় সোহাগা অবস্থায় মুক্তচিন্তার বোধ আর চেনতা অর্জনের কাজটি জটিল হয়ে উঠছিল আরও বেশি। সাম্প্রদায়িকতার কাঁধে চেপে কী করে গণতান্ত্রিক জাতীয় আন্দোলনের সফলতা কিংবা জাতীয় চেতনা অর্জন করা যায়, তা নিয়ে হাস্যকর পরীক্ষা-নিরীক্ষা বোধ হয় ভারতবর্ষ ছাড়া আর কোনোখানে হয়নি।

রবীন্দ্রনাথ ঠাকুর

সাম্রাজ্যবাদ যা করে থাকে, প্রথমে অর্থনৈতিকভাবে তারপর রাজনৈতিক আর সাংস্কৃতিকভাবে তা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না এ দুই দেশের। তাই সেই ১৯৩২ সালে কেবল প্রাচীন সভ্যতা ছাড়া আর কিছু নিয়ে গৌরব করার সামর্থ্য ছিল না ইরাক ও ভারতের। সাম্রাজ্যবাদ থেকে মুক্তির আন্দোলন এ সময়ে বেশ বড়সড় জায়গা দখল করে নিলেও মোটা দাগে বলতে গেলে তা তখনো এমন সাংস্কৃতিক ভিত্তি দাঁড় করাতে পারেনি, যা থেকে পরিবর্তনের কিংবা নতুন কোনো ঐতিহ্য সৃষ্টির ইঙ্গিত সুস্পষ্ট হয়ে উঠবে। পাশ্চাত্য জাতি ও সভ্যতার নানা সংকট আর বিপদ সম্পর্কে বহুবিধ উদ্বেগ থাকার পরও রবীন্দ্রনাথ তখনো আস্থাশীল ছিলেন তাদের ওপর। পারস্য ভ্রমণে গিয়েও তিনি তাই ১৯১২-তে ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতার কথা প্রায়শই তুলে আনেন। বলেন, ইউরোপিয়ানদের ওপর আমাদের অভিযোগের অন্ত নেই। কিন্তু বাস্তবতা এই, একসময় এশিয়া সভ্যতার উর্বর প্রান্তর হলেও এখন আর নেই এবং ইউরোপ গিয়ে তিনি আবিষ্কার করেন, ‘সহজ মানুষ আর নেশন এক জাতের লোক নয়।’ সাম্রাজ্যবাদী শাসন আর মনন যে ইউরোপের সবকিছু পাল্টে দিচ্ছে, সে অনুযোগ ‘পারস্যে’ তিনি ভালোভাবেই উপস্থাপন করেন:

মনে পড়ছে ইরাকে একজন সম্মানযোগ্য সম্ভ্রান্ত লোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘ইংরেজ জাতের সম্বন্ধে আপনার কী বিচার।’ আমি বললেম, ‘তাঁদের মধ্যে যাঁরা best তাঁরা মানবজাতির মধ্যে best।’ তিনি একটু হেসে জিজ্ঞাসা করলেন, ‘আর যারা next best?’—চুপ করে রইলুম। উত্তর দিতে হলে অসংযত ভাষার আশঙ্কা ছিল। এশিয়ার অধিকাংশ কারবার এই next best-এর সঙ্গেই। তাদের সংখ্যা বেশি, প্রভাব বেশি, তাদের স্মৃতি বহুব্যাপক লোকের মনের মধ্যে চিরমুদ্রিত হয়ে থাকে। তাদের সহজ মানুষের স্বভাব আমাদের জন্যে নয় এবং সে স্বভাব তাদের নিজেদের জন্যেও ক্রমে দুর্লভ হয়ে আসছে।

আমাদের এ সময়ের মুখোমুখি হলে রবীন্দ্রনাথ হয়তো সত্যিই অসংযত হয়ে পড়তেন। কেননা নিজেই তিনি আত্মসমালোচনার ভঙ্গিতে লিখেছেন এই ভ্রমণবিবরণীতে, ১৯১২-তে ইউরোপ ঘুরে আসার কয়েক বছর পর শুরু হয় প্রথম মহাযুদ্ধ এবং তখন তিনি দেখতে পান ইউরোপ বিজ্ঞানকে আসলে কোন কাজে লাগাচ্ছে। তাঁর মতে, বিজ্ঞানের এই অপব্যবহারের মধ্য দিয়েই ইউরোপ এগিয়ে যেতে শুরু করে প্রাচীন এশিয়ার পরিণতির দিকে, ‘জড়তত্ত্বের’ দিকে। কিন্তু ইউরোপের এই পরিণতির প্রতিমুখে তিনি দেখতে পান এশিয়ার নতুন সম্ভাবনা:

আমাদের এ সময়ের মুখোমুখি হলে রবীন্দ্রনাথ হয়তো সত্যিই অসংযত হয়ে পড়তেন। কেননা নিজেই তিনি আত্মসমালোচনার ভঙ্গিতে লিখেছেন এই ভ্রমণবিবরণীতে, ১৯১২-তে ইউরোপ ঘুরে আসার কয়েক বছর পর শুরু হয় প্রথম মহাযুদ্ধ এবং তখন তিনি দেখতে পান ইউরোপ বিজ্ঞানকে আসলে কোন কাজে লাগাচ্ছে। তাঁর মতে, বিজ্ঞানের এই অপব্যবহারের মধ্য দিয়েই ইউরোপ এগিয়ে যেতে শুরু করে প্রাচীন এশিয়ার পরিণতির দিকে, ‘জড়তত্ত্বের’ দিকে। কিন্তু ইউরোপের এই পরিণতির প্রতিমুখে তিনি দেখতে পান এশিয়ার নতুন সম্ভাবনা:

তার কারণ, য়ুরোপের চাপটা তার বাইরে থাকলেও তার মনের উপর থেকে সেটা সরে গেছে। একদিন মার খেতে খেতেও য়ুরোপকে সে সর্বত্রভাবে আপনার চেয়ে শ্রেষ্ঠ বলে ধরে নিয়েছিল। আজ এশিয়ার এক প্রান্ত থেকে আর-এক প্রান্ত পর্যন্ত কোথাও তার মনে আর শ্রদ্ধা নেই। য়ুরোপের হিংস্রশক্তি যদিও আজ বহুগুণে বেড়ে গিয়েছে, তত্সত্ত্বেও এশিয়ার মন থেকে আজ সেই ভয় ঘুচে গেছে যার সঙ্গে সম্ভ্রম মিশ্রিত ছিল। য়ুরোপের কাছে অগৌরব স্বীকার করা তার পক্ষে আজ অসম্ভব, কেননা, য়ুরোপের গৌরব তার মনে আজ অতি ক্ষীণ। সর্বত্রই সে ঈষৎ হেসেই জিজ্ঞাসা করেছে but the next best?

সেই সময়ে ১৯৩২-এ পাশ্চাত্যের ‘জড়তত্ত্ব’মুখী অভিযাত্রার পাশাপাশি ইরাক তার সব দৈন্য নিয়ে, রাজতন্ত্র নিয়ে মাথা কুটলেও মৌলবাদের জিকির তোলেনি, ধর্মের শ্রেষ্ঠত্ব দেখিয়ে পৃথিবীর সামনে খলরাষ্ট্র হতে চায়নি। বিভক্তি ছিল, ছিল গোষ্ঠীতে-গোষ্ঠীতে, উপজাতিতে-উপজাতিতে দ্বন্দ্ব ও সংঘাত। কিন্তু ভারতের মতো বর্ণে আর অসবর্ণে, ধর্মে আর ধর্মে সংঘাতে মেতে ওঠার নজির ছিল না তার। ভারতে রাজতন্ত্র ছিল না, গণতন্ত্রও ছিল না। ছিল সাম্প্রদায়িকতা আর সাম্রাজ্যবাদের সবল উপস্থিতি। ধর্ম নিয়ে আত্মতৃপ্তি আর গোঁড়ামি যে সাম্রাজ্যবাদের পথকেই সুগম করে দেয়, ভারতবর্ষ দীর্ঘ যুগ ধরেই তার সাক্ষ্য দিয়ে আসছে। কেবল ভারতে নয়, গোটা এশিয়াতেই যে ধর্ম আর রাজনীতির শারীবাদী সালসায় রাজনীতি জটিল হয়ে উঠতে পারে আর তাই রাজনীতি ধর্ম থেকে মুক্তি পাওয়ার পথসম্ভাবনা খুঁজে ফিরছে, তা–ও রবীন্দ্রনাথ পুনর্বিবেচনা করেছেন পারস্য ভ্রমণের পথে পা বাড়িয়ে। এশিয়ার এই নবযুগের আহ্বানে তিনি মুগ্ধ হয়েছেন; কিন্তু বিপদের ঝুঁকিও দেখেছেন। এশিয়ার বিভিন্ন দেশে তিনি এ বক্তব্য শুনতে পান যে ‘সাম্প্রদায়িক ধর্ম মানবের সকল ক্ষেত্র জুড়ে থাকলে চলবে না।’ তাঁর এ অনুভবের উদাহরণ হিসেবে তিনি একটি ঘটনার উল্লেখ করেছেন। প্যালেস্টাইন শাসন বিভাগের একজন উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর বিদায়ী ভোজসভায় সেই কর্মচারী বলেছিলেন, প্যালেস্টাইন একটি মুসলিম রাষ্ট্র। সংগত কারণেই এর সরকারও গঠন করবে মুসলমানরাই। তবে এই শর্তে যে এতে ইহুদি ও খ্রিষ্টান সংখ্যালঘুদের প্রতিনিধি থাকবেন। এর উত্তরে তখন জেরুজালেমের মুফতি হাজি এমিন এল-হুসেইনি বলেছিলেন, ‘আমাদের কাছে এটা মুসলমানের নয়, একেবারেই আরব জাতিগত প্রশ্ন। এ দেশে থাকার সময় তুমি নিঃসন্দেহে খেয়াল করেছ যে এখানে মুসলমান আর খ্রিষ্টান আরবদের মধ্যে কোনো ব্যবধান নেই। আমরা খ্রিষ্টানদের সংখ্যালঘু হিসেবে নয়, পুরোপুরি আরব হিসেবেই চিন্তা করি।’

আমাদের দেশের অনেক রবীন্দ্রবোদ্ধাই কারণে-অকারণে তাঁর ‘সভ্যতার সংকট’ প্রসঙ্গ টেনে আনেন। তাতে কখনো কখনো মনে হতে পারে, রবীন্দ্রনাথ হঠাৎ করেই জীবনের শেষ ভাগে এসে সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে একটা ‘বিপ্লবাত্মক’ প্রবন্ধ লিখে বসেছেন। কিংবা এই একটি প্রবন্ধ বাদে তাঁর সভ্যতা নিয়ে মৌলিক ও সুদূরপ্রসারী আর কোনো লেখালেখি নেই। কিন্তু পাশ্চাত্যের বিবিধ সংকট, প্রাচ্যের বিলুপ্ত শ্রেষ্ঠত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে রবীন্দ্রনাথের পর্যবেক্ষণ ও চিন্তার শুরু আরও অনেক আগেই। ‘সভ্যতার সংকট’-এর দশকখানেক আগে লেখা রবীন্দ্রনাথের এই প্রাচ্য পর্যবেক্ষণও সাক্ষ্য দিচ্ছে এর। সাধারণভাবে যে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে কিংবা আমাদের রবীন্দ্রবিশেষজ্ঞরা যেভাবে তাঁর সঙ্গে আমাদের পরিচিত করে তুলেছেন তাতে এসব প্রসঙ্গ খুঁজে পাওয়া যায় না। রবীন্দ্রনাথের এই ইরাক ভ্রমণের বিবরণে শুধু ইরাক নয়, প্রাচ্যের রাজনৈতিক সংকট, পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের সম্পর্ক, প্রাচ্যের জনগণের ধর্ম ও সাম্প্রদায়িকতা নিয়ে হঠাৎ ছুঁয়ে যাওয়ার মতো মন্তব্যগুলো শেষ পর্যন্ত আর অকস্মাৎ বিচ্ছুরিত চিন্তার মধ্যে সীমিত থাকে না। বরং তা সভ্যতার সংকটের কথাগুলো বলার মতো এক শক্ত ভিত্তি তৈরি করে।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)

প্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র জাপানের মধ্যেই তিনি দেখেছিলেন ইউরোপ কিংবা পাশ্চাত্যের মতো মুক্ত হয়ে ওঠার সম্ভাবনা। আনন্দিত হয়েছিলেন তিনি জাপানের নবজাগৃতি দেখে; কিন্তু ভয় পেয়েছিলেন ইউরোপের অস্ত্রসম্ভারে সজ্জিত হয়ে জাপানের নিরাপদ হয়ে ওঠার চেষ্টা দেখে। কেননা এই নিরাপত্তার চিন্তা থেকেই যে সাম্রাজ্যবাদী লোলুপতার জন্ম হয়, রবীন্দ্রনাথের তা জানা ছিল। হয়েছেও তা–ই, ইউরোপ আর আমেরিকার সাম্রাজ্যবাদী মারীমড়ক গ্রাস করেছে জাপানকেও, সেও চেয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর পাশ্চাত্যের মতো প্রভুত্ব করতে। এক বুক আচ্ছন্নতা নিয়ে রবীন্দ্রনাথ তাই লিখেছেন, ‘কী করে মিলতে হয় জাপান তা শিখল না, কী করে মারতে হয় য়ুরোপের কাছ থেকে সেই শিক্ষাতেই সে হাত পাকিয়ে নিলে। এই মার মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে একদিন এসে ছোবল মারবে তারই বুকে।’

১৯৩২ সালে লেখা রবীন্দ্রনাথের এই অনুমান সত্য হয়ে ওঠে দ্বিতীয় মহাযুদ্ধের সময়। যে জাপান সাম্রাজ্যবাদের শক্তি জমিয়ে তুলেছিল নিজের ভেতর, সেই ফ্যাসিবাদী জাপানই তখন আরেক সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষার ছোবলে শক্তিহীন হয়ে পড়ে।

পারস্য বা ইরাক ভ্রমণ রবীন্দ্রনাথের এমন এক উপলক্ষ, যা ধারণ করেছে প্রাচ্যের কাল–অকাল। এই ইরাক রাজতন্ত্রের প্রতিভূ হয়েও কিংবা উপজাতি আর গোষ্ঠীর যাবতীয় সংঘাতের পরও এক জাতীয় রাষ্ট্র গঠনের সম্ভাবনায় পরিপূর্ণ, যদিও রবীন্দ্রনাথ সেই প্রসঙ্গে যাননি। তিনি এমনকি প্রথম মহাযুদ্ধের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক শাসকের চরিত্র ও কাঠামোয় যেসব চমকপ্রদ পরিবর্তন ঘটে, তা–ও এড়িয়ে গেছেন। যে পাশ্চাত্যকে তিনি জ্ঞানগরিমার পথিকৃৎ পাদপীঠ মনে করতেন সেই পাশ্চাত্যের জন্য ছিল তাঁর যাবতীয় উত্কণ্ঠা। এশিয়া যে জেগে উঠছে আর পাশ্চাত্য যে ক্রমাগত জড়তত্ত্ববাদের দিকে এগিয়ে যাচ্ছে, তা যেন ছিল তাঁর কাছে অপ্রত্যাশিত না হলেও বেদনাদায়ক। মনে হয় তিনি চেয়েছিলেন প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যত দুর্বলই হোক না, সম্পর্কের একটি বিন্দু জেগে উঠুক। তিনি পারস্য আর ইরাকে এই বিন্দু দেখতে পেয়েছিলেন। তাই সামান্য সময়ের জন্যও ফিরে তাকিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যের সুপ্রাচীন সভ্যতার ইতিহাসের দিকে, যার স্মৃতি আর অনুপ্রেরণা দিয়ে এ বিন্দু সুস্পষ্ট হয়ে উঠতে পারে। প্রাচ্য আর পাশ্চাত্যের দার্শনিক আর ঐতিহাসিক দূরত্ব কিংবা নৈকট্য এক বড় ঘোরতর হিসাব-নিকাশের বিষয়আশয়। কখনো তা শ্রেণিবিবরণ থেকেই অনেক বেশি বোধগম্য লাগে, কখনো আবার শ্রেণিকাঠামোর হিসাব-নিকাশ থাকে এত অতলে যে আমরা মানতেই চাই না, শ্রেণির সঙ্গে উত্পাদন স্তর কিংবা উত্পাদনব্যবস্থার সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে। তা ছাড়া যেভাবে এ আলোচনা এগোতে থাকে তাতে ধর্মও হয়ে ওঠে এক বড় কার্যকারণ। প্রাচ্যের এত সব পশ্চাত্পদতা, শ্রেণি চিহ্নায়নের ক্ষেত্রে সংজ্ঞায়নের জটিলতা, প্রাচ্যে জাপানের নতুন এক উত্থান তাঁর সামনে যে সচেতন আর অবচেতনের জটিলতা তৈরি করে, তাতেও পক্ষপাত দেখতে পাই ইরাকের দিকে। বাগদাদে মিউনিসিপ্যালিটি কর্তৃক মিউনিসিপ্যালিটি উদ্যানে কবির সংবর্ধনায় তিনি যে বক্তৃতা দেন, তাতেও এর আভাস পাওয়া যায়:

ইরাক-সম্রাটের সাদর নিমন্ত্রণে আজ যে আমি ইরাকের প্রাচীন ও বিরাট সভ্যতার সঙ্গে ব্যক্তিগত সংস্পর্শে আসবার সুযোগ পেলেম সেজন্য সম্রাটকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি।...আমার আহ্বান এই—আসুন, আমরা পরস্পর মিলিত হয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক দ্বন্দ্ববিদ্বেষের মূল ছিন্ন করে দিই, মানুষে মানুষে সহজ বিশ্বাসের নিত্য সম্বন্ধ প্রতিষ্ঠিত করি। ইতিহাসের গৌরবের যুগে আপনাদের আরবসভ্যতা প্রাচ্য ও প্রতীচ্য জগতের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে প্রাধান্য লাভ করেছিল; আজও ভারতবর্ষের মুসলমান অধিবাসীদের আশ্রয় করে আমার দেশের মানসিক ও আধ্যাত্মিক জীবনে আরবসভ্যতা প্রতিষ্ঠিত আছে।...আমাদের ধর্মসমূহ আজ হিংস্র ভ্রাতৃহত্যার বর্বরতায় কলুষিত, তারই বিষে ভারতের জাতীয় চেতনা জর্জরিত, স্বাধীনতার দিকে ভারতের অভিযান আজ বাধাপ্রাপ্ত। তাই আমার প্রার্থনা, তমসাচ্ছন্ন কুবুদ্ধিজনিত সমস্ত কুসংস্কার ও মোহ অতিক্রম করে আজ আপনাদের চিন্তাবিদদের বাণী দিয়ে আমার দুর্ভাগা দেশে প্রেরণ করুন, তাকে দেখিয়ে দিন কল্যাণের পথ, দেখিয়ে দিন নৈতিক বিনষ্টি থেকে মুক্তিলাভের উপায়।

আবারও আমরা দেখি অজান্তেই রবীন্দ্রনাথ ফিরে যাচ্ছেন ধর্মীয় সম্প্রদায়ের সেই সব জটিল সম্পর্কের কাছে, যাতে কেবল সাম্প্রদায়িকতাই পরিপুষ্ট হয় আর তাই জাতীয় চেতনা দুর্বল হয়ে পড়ে। কেননা, রাজনৈতিক সংকটের জরায়ুতে বেড়ে উঠতে উঠতে সাম্প্রদায়িকতা যে কী ঘোরতর মানবিক সংকট তৈরি করে, তা ভারতবর্ষের অধিবাসী হিসেবে রবীন্দ্রনাথের চেয়ে আর কারই–বা বেশি জানার কথা। আর এই সংকটের মুখে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ফিরে গেছেন অতীতে—ইরাকের ও ভারতের প্রাচীন সভ্যতার গৌরবময় দিনগুলোতে। ইরাকের প্রাচীন সভ্যতার একটি অনস্বীকার্য সৃষ্টি আরব্য রজনীর গল্প। এসব গল্প তাঁর ওপর কী দারুণ প্রভাব ফেলেছিল, তা জানা যায় একদিন গোয়ালন্দের নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় তাঁর মনের ভেতর জেগে ওঠা অনুভূতির বিবরণ থেকে :

হয়তো সম্মুখের দৃশ্যটা খুব একটা চমত্কার কিছু নয়—একটা হলদে রকমের তৃণতরুশূন্য বালির চর ধু ধু করছে, তারই গায়ে একটা জনশূন্য নৌকো বাঁধা রয়েছে এবং আকাশের ছায়ার ফিকে-নীলবর্ণ নদী বয়ে চলে যাচ্ছে—দেখে মনের ভিতরে কী রকম করে বলতে পারি নে—বোধ হয় সেই ছেলেবেলায় যখন আরব্য-উপন্যাস পড়তুম, সিন্ধবাদ নানা নূতন দেশে বাণিজ্য করতে বাহির হত, ভৃত্য-শাসিত আমি তোষাখানার মধ্যে রুদ্ধ হয়ে বসে বসে দুপুর বেলার সিন্ধবাদের সঙ্গে ঘুরে বেড়াতুম, তখন যে আকাঙ্ক্ষাটা মনের মধ্যে জন্মেছিল সেটা যেন এখনও বেঁচে আছে—এই বালুচরে নৌকো বাঁধা দেখলে সে-ই যেন চঞ্চল হয়ে ওঠে।

কিংবা এই গোয়ালন্দের নদীতে ঘোরার সময় পাওয়া এ অনুভূতির কয়েক বছর পর তিনি সাজাদপুরের (শাহজাদপুর) কুঠিবাড়িতে এক নির্জন দুপুরে যা লেখেন তাতেও আমরা পাই আরব্য রজনীর প্রতি তাঁর দুর্বলতা:

পারস্য বা ইরাক ভ্রমণ রবীন্দ্রনাথের এমন এক উপলক্ষ, যা ধারণ করেছে প্রাচ্যের কাল–অকাল। এই ইরাক রাজতন্ত্রের প্রতিভূ হয়েও কিংবা উপজাতি আর গোষ্ঠীর যাবতীয় সংঘাতের পরও এক জাতীয় রাষ্ট্র গঠনের সম্ভাবনায় পরিপূর্ণ, যদিও রবীন্দ্রনাথ সেই প্রসঙ্গে যাননি। তিনি এমনকি প্রথম মহাযুদ্ধের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক শাসকের চরিত্র ও কাঠামোয় যেসব চমকপ্রদ পরিবর্তন ঘটে, তা–ও এড়িয়ে গেছেন। যে পাশ্চাত্যকে তিনি জ্ঞানগরিমার পথিকৃৎ পাদপীঠ মনে করতেন সেই পাশ্চাত্যের জন্য ছিল তাঁর যাবতীয় উত্কণ্ঠা।

কেন জানিনে, মনে হয় এই রকম সোনালি রৌদ্রে ভরা দুপুরবেলা দিয়ে আরব্য উপন্যাস তৈরি—অর্থাৎ, সেই পারস্য এবং আরব দেশ, ডামাস্ক সমরকন্দ বুখারা-আঙুরের গুচ্ছ, গোলাপের বন, বুলবুলের গান, শিরাজের মদ-মরুভূমির পথ, উটের সার, ঘোরসওয়ার পথিক, ঘন খেজুরের ছায়ায় স্বচ্ছ জলের উত্স-নগর, মাঝে মাঝে চাঁদোয়া খাটানো সংকীর্ণ রাজপথ, পথের প্রান্তে পাগড়ি এবং ঢিলে কাপড়-পরা দোকানি খরমুজ এবং মেওয়া বিক্রি করছে-পথের ধারে বৃহত্ রাজপ্রাসাদ, ভিতরে ধূপের গন্ধ, জানালার কাছে বৃহৎ তাকিয়া এবং কিংখাপ বিছানো-জরির চটি ফুলো পায়জামা এবং রঙিন কাঁচলি-পরা আমিনা জোবেদি সুফি, পাশে পায়ের কাছে কুন্তলায়িত গুড়গুড়ির নল গড়াচ্ছে, দরজার কাছে জমকালো কাপড়-পরা কালো হাবসি পাহারা দিচ্ছে—এবং এই রহস্যপূর্ণ অপরিচিত সুদূর দেশে, এই ঐশ্বর্যময় সৌন্দর্যময় অথচ ভয়ভীষণ বিচিত্র প্রাসাদে, মানুষের হাসিকান্না আশা-আকাঙ্ক্ষা দিয়ে কত শতসহস্র রকমের সম্ভব অসম্ভব গল্প তৈরি হচ্ছে।

তাঁর এ আত্মকথন থেকে আরও জানা যায়, এভাবেই আরব্য উপন্যাসের কথা চিন্তা করতে করতে কোনো একদিন অকস্মাৎ তিনি লিখে ফেলেন ‘পোস্টমাস্টার’ গল্প। আর সেই পোস্টমাস্টার গল্পেও ছায়া ফেলে আরব্যচিন্তা:

অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব-সমেত সমস্ত গাছপালা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয়, এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধ-মরা ভদ্রসন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে।

এই আরব্য উপন্যাসকে আরও তীব্রভাবে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন তাঁর গল্প ‘ক্ষুধিত পাষাণ’-এ। প্রায় আড়াই শ বছর আগে নির্জন এক প্রাসাদের আরও নির্জন গ্রীষ্মের সন্ধ্যায় একদিন আবিষ্কার করেন তাঁর মধ্যে আর প্রথম দিনগুলোর মতো সেই ভয় আর হাহাকার নেই। তার বদলে সেখানে জেগে উঠছে মোহ ও পুলক। সেখানে তিনি অনেক সংকীর্ণ অন্ধকার পথ, অনেক দীর্ঘ বারান্দা, অনেক গম্ভীর নিস্তব্ধ অন্তহীন সভাগৃহ কিংবা আরও কত রুদ্ধবায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পেরিয়ে অনুসরণ করে ফেরেন এক মায়ামূর্তিকে, যাকে তিনি দেখতে পান না:

...তথাপি তাহার মূর্তি আমার অগোচর ছিল না। আরব রমণী, ঝোলা আস্তিনের ভিতর দিয়া শ্বেত প্রস্তর রচিতবৎ কঠিন নিটোল হস্ত দেখা যাইতেছে, টুপির প্রান্ত হইতে মুখের ওপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে, কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা।

‘আমার মনে হইল, আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাসলোক হইতে উড়িয়া আসিয়াছে। আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিমগ্ন বোগদাদের নির্বাপিতদীপ সংকীর্ণ পথে কোনো-এক সংকটসংকুল অভিসারে যাত্রা করিয়াছি।...’

রবীন্দ্রনাথের এই ‘ক্ষুধিত পাষাণে’র আরব্যচিত্র এখানেই শেষ হয় না। তিনি এক আরব্য রজনী কাটিয়ে অপেক্ষা করেন আরও সহস্র রজনীর জন্য। সন্ধ্যার পর নেশাতুর বিহ্বলতা নিয়ে শ শ বছর আগের এক অলিখিত ইতিহাসের অন্তর্গত ব্যক্তি হয়ে ওঠেন। বিলাতি খাটো কোর্তা এবং আঁটো প্যান্টালুন বাদ দিয়ে তিনি মাথায় মখমলের ফেজ তুলে, ঢিলা পায়জামা, ফুলকাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরে রঙিন রুমালে আতর মেখে সিগারেটের বদলে গোলাপজলপূর্ণ বহুকুণ্ডলায়িত বড়সড় আলবোলা নিয়ে বসতেন বিশাল গদি-আঁটা বড় কেদারায়। এক অদৃশ্য নারীর কান্না শোনেন তিনি ঘোরের ভেতর আর নিজের কাছে নিজেই সামান্য হয়ে যেতে থাকেন, উন্মন হয়ে জানতে চান:

তুমি কবে ছিলে, কোথায় ছিলে হে দিব্যরূপিণী….. তোমাকে কোন্ বেদুয়ীন দস্যু বনলতা হইতে পুষ্পকোরকের মতো মাতৃক্রোড় হইতে ছিন্ন করিয়া, বিদ্যুতগামী অশ্বের ওপরে চড়াইয়া, জ্বলন্ত বালুকারাশি পার হইয়া, কোন্ রাজপুরীর দাসীহাটে বিক্রয়ের জন্য লইয়া গিয়াছিল। সেখানে কোন্ বাদশাহের ভৃত্য তোমার নববিকশিত সলজ্জকাতর যৌবনশোভা নিরীক্ষণ করিয়া স্বর্ণমুদ্রা গনিয়া দিয়া, সমুদ্র পার হইয়া, তোমাকে সোনার শিবিকায় বসাইয়া, প্রভুগৃহের অন্তঃপুরে উপহার দিয়াছিল।

রবীন্দ্রনাথ ঠাকুর (২৫ বৈশাখ ১২৬৮—২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)

এই আরব্য উপন্যাসের রেশ, লুপ্ত সভ্যতার অসামান্য আঘ্রাণ, প্রথম কৃষিপত্তনের স্মৃতি, প্রথম চিত্রললিপির নিদর্শন—একটি প্রথম বই, আইনের প্রথম উদ্বোধন ইত্যাদি সবই পারস্যমেশানো প্রাচীন ইরাকের! সেই প্রাচীনতা বাদ দিয়ে এমনকি স্মৃতিশক্তির খুব নাগালে হাত বাড়ালে আমরা পাই পরাধীনতা থেকে মুক্তির জন্য ইরাকের পুনঃপুন সংগ্রাম ও যুদ্ধ। ১৯১৮ সালে বীরবিক্রমে যে ব্রিটিশ সৈনিকেরা খুনে খুনে লাল ইরাকের জনগণের মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমরা তোমাদের মুক্ত করতে এসেছি, তাদের কয়েক বছর পরই মাশুল দিতে হয়েছিল কড়ায়গণ্ডায়। আগবাড়িয়ে অন্যায্যভাবে ত্রাতার দায়িত্ব পালন করতে গিয়ে উচিত শিক্ষা পাওয়ার গ্লানি আর প্রতিহিংসা এত দিনে কেন যে আবার ব্লেয়ারের মধ্যে ফিরে এসেছে, তার জবাব দিতে পারবে বিশ্বায়ন আর তেলসম্পদ। কিন্তু আগবাড়িয়ে মুক্তিদাতা বা ত্রাতা সাজার বিবিধ পাশ্চাত্যমুখী প্রচারণাই যেন ইরাকের বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীগুলোকে ঠেলে দেয় নিজেদের মধ্যে ঢিলেঢালা হলেও একটি সুনির্দিষ্ট বন্ধন তৈরি করার দিকে। আর এই বন্ধন যত দৃঢ় হয়েছে ইরাকের রাষ্ট্রীয় চরিত্র ততই মজবুত হয়েছে। তেলসম্পদকে জাতীয়করণ করে ইরাক তার রাষ্ট্র আর জনতাকে নিরাপদ করলেও পাশ্চাত্যের মনে ক্ষোভ জাগিয়েছে। আর কুয়েত আক্রমণের মধ্য দিয়ে ইরাকের রাষ্ট্রীয় চরিত্র যাত্রা করে প্রাচ্যের সেই জাপানের দিকে, যাকে দেখে একদা আতঙ্কিত রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘একদিন নিজেই মৃত্যু ডেকে আনবে’। ইরাকের সাদ্দাম হোসেনের পক্ষে সব দিক সামলে রাষ্ট্রীয় ঐক্য টিকিয়ে রাখা সম্ভবপর ছিল একনায়কত্ব দিয়ে। এবং তিনি তাই করার চেষ্টা করেছেন। তিনি একদিকে ঐতিহ্যের প্রতি নম্র ছিলেন, অন্যদিকে সৃষ্টি করতে চেয়েছিলেন আধুনিক ধর্মীয় উন্মাদনা। সাম্রাজ্যবাদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে ইরাক মুখোমুখি হয় এক ঘোরতর সংকটের, ইসলামকে সে আত্মরক্ষার ঢাল বানায়, কিন্তু মানুষের কথা ভেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে কুণ্ঠিত হয়। তার সরকারকাঠামো নির্মিত হয় ধর্মনিরপেক্ষ নেতাদের সমন্বয়ে, সব ধর্মের আবেগকে ধারণ করে। অন্তত রাষ্ট্রসত্তা নির্মাণের কাজে সাদ্দামকে প্রাজ্ঞই মনে হয়, একাত্তরের পর আমরা ধর্মকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে দিতে যেসব ভুলের মূল আর কাণ্ড ছড়িয়ে দিয়েছি আমাদের মাটি আর আকাশে, তিনি তা করতে যাননি।

রবীন্দ্রনাথের প্রাচীন পারস্য ভ্রমণ থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশের ভ্রমণ ও পর্যবেক্ষণ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক, অবস্থান, রাজনৈতিক টানাপোড়েনের দলিল। সভ্যতার সংকটে তাঁর দৃষ্টি নিবদ্ধ কেবলই প্রধানত সভ্যতা ও পাশ্চাত্যের সংকটের দিকে। কিন্তু সেই সংকটের দিকে তাঁর চোখ যায় উঠতি বয়সে ইউরোপ দেখার ঘোর কাটিয়ে উঠে পরিণত বয়সে পারস্য আর জাপান দেখার পর; এশিয়ার বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি অন্যদিকে পাশ্চাত্যের বিভিন্ন জ্ঞান-বিজ্ঞান ও সামাজ্র্যবাদী স্বভাবের মধ্যে নৈকট্য ও দ্বন্দ্ব খতিয়ে দেখার পর। তিনি লিখেছেন, মিসরে গেলে রাষ্ট্রনেতারা এসেছিলেন তাঁকে অভ্যর্থনা জানাতে। এবং কেবল তা-ই নয়, এ জন্য তাঁদের পার্লামেন্টের সভা কিছুক্ষণের জন্য মুলতবি রাখতে হয়েছিল। তিনি লিখেছেন, ‘প্রাচ্যজাতীয়ের মধ্যেই এটা সম্ভব।’ যদিও তিনি প্রাচীনে থাকতে চাননি আবদ্ধ হয়ে, তাই অনায়াসে এ–ও লিখতে পেরেছেন:

এই আরব্য উপন্যাসকে আরও তীব্রভাবে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন তাঁর গল্প ‘ক্ষুধিত পাষাণ’-এ। প্রায় আড়াই শ বছর আগে নির্জন এক প্রাসাদের আরও নির্জন গ্রীষ্মের সন্ধ্যায় একদিন আবিষ্কার করেন তাঁর মধ্যে আর প্রথম দিনগুলোর মতো সেই ভয় আর হাহাকার নেই। তার বদলে সেখানে জেগে উঠছে মোহ ও পুলক। সেখানে তিনি অনেক সংকীর্ণ অন্ধকার পথ, অনেক দীর্ঘ বারান্দা, অনেক গম্ভীর নিস্তব্ধ অন্তহীন সভাগৃহ কিংবা আরও কত রুদ্ধবায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পেরিয়ে অনুসরণ করে ফেরেন এক মায়ামূর্তিকে, যাকে তিনি দেখতে পান না:

মানুষের প্রতিভা নবনবোন্মেষে, কোনো একটামাত্র আবির্ভাবকেই দীর্ঘায়িত করার দ্বারা নয়, সে আবির্ভাব যতই সুন্দর যতই মহৎ হোক। মাদুরার মন্দির, ইস্পাহানের মসজিদ প্রাচীন কালের অস্তিত্বের দলিল—এখনকার কালকে যদি সে দখল করে তবে তাকে জবরদখল বলব।...প্রাচীন কীর্তি টিকে থাকবে না এমন কথা বলি নে। থাক্—কিন্তু সে কেবল স্মৃতির বাহনরূপে, ব্যবহারের ক্ষেত্ররূপে নয়। যেমন আছে স্ক্যান্ডিনেবীয় সাগা- তাকে কাব্য বলে স্বীকার করব, ধর্মগ্রন্থ বলে ব্যবহার করব না। যেমন আছে প্যারাডাইস লস্ট—তাকে ভোগ করবার জন্যে, মানবার জন্যে নয়। য়ুরোপে পুরাতন ক্যাথিড্রাল আছে অনেক, কিন্তু মানুষের মধ্যযুগীয় যে ধর্মবোধ থেকে তার উদ্ভব ভিতরে ভিতরে তার পরিবর্তন হয়ে গেছে।

তিনি মানুষের মনকে লক্ষ করে বলেছেন অচল আচারে বিজড়িত ধর্মকে শোধন করে নিতে। কেননা, তা না হলে ধর্মের নামে কপটতা চলবে, জমে উঠবে আত্মপ্রবঞ্চনা।

বিষয়াসক্তির মোহে মানুষ যত অন্যায়ী যত নিষ্ঠুর হয়, ধর্মমতে আসক্তি থেকে মানুষ তার চেয়ে অনেক বেশি ন্যায়ভ্রষ্ট অন্ধ ও হিংস্র হয়ে ওঠে, ইতিহাসে তার ধারাবাহিক প্রমাণ আছে; আর তার সর্বনেশে প্রমাণ ভারতবর্ষে আমাদের ঘরের কাছে প্রতিদিন যত পেয়ে থাকি এমন আর-কোথাও নয়।...এ সঙ্গে এ কথাও আমার মনে এসেছে যে মনুর পরামর্শ ছিল ভালো। সংসারের ধর্মই হচ্ছে সে সরে সরে যায়, অথচ একটা বয়সের পর যাদের মন আর কালের সঙ্গে তাল রেখে সরতে পারে না সংসারের ব্যবহার থেকে তাদের দূরে থাকা উচিত—যেমন দূরে আছে ইলোরার গুহা, খণ্ডগিরির মূর্তি সব।

পারস্য থেকে ইরাকের যেখানেই গেছেন, ভারতবর্ষ নিয়ে রবীন্দ্রনাথ ক্রমাগত লজ্জিত হয়েছেন। প্রাচ্য আর পাশ্চাত্যের দূরত্ব তো তাঁর জানাই ছিল, যেমন জানা ছিল রাজনীতি আর সাম্প্রদায়িকতার দাপটে প্রাচ্যের অবনত দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা ঘৃণা। জানা ছিল একদা জ্ঞানবিজ্ঞানের পথিকৃৎ পাশ্চাত্যেরও সাম্রাজ্যবাদী শক্তি হয়ে মানুষ আর জ্ঞানবিজ্ঞানকে চূর্ণ করার কথা। জীবনের উপান্তে তিনি বেরিয়ে ছিলেন পারস্য ভ্রমণে, কিন্তু জীবনের উপান্তে বলেই জ্ঞানে তিনি প্রাজ্ঞ তখন। পারস্যের শেষ সীমানায় এসে তিনি দেখলেন বোগদাদ (বর্তমানের বাগদাদ) থেকে সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে চলে এসেছেন রাজকর্মচারী, সংবাদপত্রের সম্পাদক, নামকরা সাহিত্যিক থেকে শুরু করে প্রবাসী ভারতীয়রা। স্টেশনের কাছে এক চায়ের দোকানে বসে কথাবার্তা হয় তাদের ভেতর। অভ্যর্থনাকারীদের মধ্য থেকে একজন তাঁকে জানান, এখানে যাঁরা অভ্যর্থনা জানাতে এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং তারপরেই তিনি রবীন্দ্রনাথের কাছে হয়তো অনুযোগের স্বরেই বলেছিলেন, ‘আমরা সকলেই এক। ভারতীয় মুসলমানেরা ধর্মের নামে কেন যে এমন বিরোধ সৃষ্টি করছে তা আমরা একেবারেই বুঝতে পারি নে।’ ইরাকি মুসলমানদের এই বিনয়কে সমীহ করতে হয়। কেননা, তখন ভারত উপমহাদেশে সাম্প্রদায়িকতা উগরে ফেলতে তো হিন্দুও সমান দায়ী ছিল মুসলমানের মতো। কিন্তু ইরাকি মুসলমানরা কলহের রেশ ছড়াননি, তাঁরা তাঁদের ভারতীয় মুসলমান ভাইদের দায় নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন হিন্দুকে নিষ্কৃতি দিয়ে। প্রবাসী ভারতীয়রা সাক্ষ্য দিয়েছিল ইরাকি মুসলমানদের ঔদার্যের, বলেছিলেন রবীন্দ্রনাথকে ‘এখানকার মুসলমানদের সঙ্গে আমাদের হৃদ্যতার লেশমাত্র অভাব নেই।’ মুগ্ধ রবীন্দ্রনাথকে লিখতে হয়েছিল,

‘দেখা যাচ্ছে ঈজিপ্টে তুরুস্কে ইরাকে পারস্যে সর্বত্র ধর্ম মনুষ্যত্বকে পথ ছেড়ে দিচ্ছে। কেবল ভারতবর্ষেই চলবার পথের মাঝখানে ঘন হয়ে কাঁটাগাছ উঠে পড়ে, হিন্দুর সীমানায়, মুসলমানের সীমানায়।’

এরপরই আমরা দেখি দোষগুণ মেশানো রবীন্দ্রনাথকে। কেননা তিনি লেখেন, ‘এ বোধ হয় ভারতবর্ষের অনার্যচিত্তজাত বুদ্ধিহীনতা।’

রবীন্দ্রনাথ ঠাকুর (২৫ বৈশাখ ১২৬৮—২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)

রাজার আমন্ত্রণ ছাড়াও ইরাকে রবীন্দ্রনাথ গিয়েছিলেন বেদুইনদের বসতিতে। বেদুইনদের এক দলপতির পক্ষ থেকে দেওয়া এ আমন্ত্রণ রক্ষা করার মতো শারীরিক অবস্থা ছিল না তাঁর। কিন্তু হঠাৎ করেই মনে হয়েছিল একবার ‘আস্ফাালন’ করে লিখেছিলেন, ‘ইহার চেয়ে হতাম যদি আরব বেদুয়িন’। এই অশিক্ষিত আরব বেদুইন রবীন্দ্রনাথকে বিস্মিত করেন এ কথা বলে, ‘আমাদের আদিগুরু বলেছেন যার বাক্যে ও ব্যবহারে মানুষের বিপদের কোনো আশঙ্কা নেই সেই যথার্থ মুসলমান।’ রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এ কথা শুনে, এ কথার মর্মার্থ অনুভব করে। সেই বেদুইন তাঁকে আরও জানিয়েছিলেন, রবীন্দ্রনাথ ইরাকে যাওয়ার অল্প কিছুদিন আগে ভারত উপমহাদেশ থেকে কয়েকজন শিক্ষিত মুসলমান সেখানে গিয়ে সাম্প্রদায়িক প্রচারণা চালিয়েছিলেন। সবার সামনে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সাম্প্রদায়িকতাকে ধারণ করা ছাড়া মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করার আর কোনো উপায় নেই। বেদুইন দলপতি তাই সেই শিক্ষিত ভারতীয় মুসলমানদের ভোজের আমন্ত্রণে যেতে অস্বীকার করেন। রবীন্দ্রনাথের জন্য আরও চমক ছিল। আসার আগে রবীন্দ্রনাথ আরব বেদুইনকে পরিহাস করে বলেন, ‘বেদুয়িন-আতিথ্যের পরিচয় পেয়েছি, কিন্তু বেদুয়িন-দস্যুতার পরিচয় না পেয়ে তো অভিজ্ঞতা শেষ করে যাওয়া হবে না।’ উত্তরে বেদুইন দলপতি হাসতে হাসতে বলেন, ‘তাতে একটু বাধা আছে। আমাদের দস্যুরা প্রাচীন জ্ঞানীলোকের গায়ে হস্তক্ষেপ করে না। এই জন্যে মহাজনরা যখন আমাদের মরুভূমির মধ্যে দিয়ে পণ্য নিয়ে আসে তখন অনেক সময় বিজ্ঞ চেহারার প্রবীণ লোককে উটের ’পরে চড়িয়ে তাদের কর্তা সাজিয়ে আনে।’ একই রীতি নাকি দস্যুরা মেনে চলে চীনেও।

ইরাক নিয়ে রবীন্দ্রনাথের এসব অভিজ্ঞতার সরল বর্ণনায় তো কেবল ইরাকিদের পরিচয়ই থাকে না, আরও থাকে রবীন্দ্রনাথের গ্রহণ করার অবিশ্বাস্য ক্ষমতা, সত্যকে ভালোবাসার সহজতা। কেবল একটু খটকা লাগে ইরাকের সংবর্ধনা সভার বক্তৃতার একেবারে শেষে গিয়ে তিনি যখন বলেন:

...স্বদেশের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক অভাব মোচন করাতেই জাতীয় আত্মপ্রকাশের সকল দায়িত্ব শেষ হয় না—দেশকালের সীমানা অতিক্রম করে আপনাদের বাণী পৌঁছানো চাই সেইখানে যেখানে মনুষ্যত্বের নৈতিক সমস্যাগুলি আপনাদের বিচার ও বিবেচনার জন্য অপেক্ষা করে আছে। প্রয়োজন হলে দ্বিধা না করেই সত্যবাক্য শোনাতে হবে। আজ সেই মহাপ্রয়োজন সমাগত। আপনাদের সমধর্মী ভারতবাসীরা আজ প্রতীক্ষা করে আছে আপনাদের কাছে থেকেই নতুন বাণী শুনবে, বীর্যের বাণী, মিলনের বাণী, সকল ধর্মকে কল্যাণের যোগে শ্রদ্ধা করবার মানবোচিত শুভবুদ্ধির বাণী।

পারস্য থেকে ইরাকের যেখানেই গেছেন, ভারতবর্ষ নিয়ে রবীন্দ্রনাথ ক্রমাগত লজ্জিত হয়েছেন। প্রাচ্য আর পাশ্চাত্যের দূরত্ব তো তাঁর জানাই ছিল, যেমন জানা ছিল রাজনীতি আর সাম্প্রদায়িকতার দাপটে প্রাচ্যের অবনত দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা ঘৃণা। জানা ছিল একদা জ্ঞানবিজ্ঞানের পথিকৃৎ পাশ্চাত্যেরও সাম্রাজ্যবাদী শক্তি হয়ে মানুষ আর জ্ঞানবিজ্ঞানকে চূর্ণ করার কথা। জীবনের উপান্তে তিনি বেরিয়ে ছিলেন পারস্য ভ্রমণে, কিন্তু জীবনের উপান্তে বলেই জ্ঞানে তিনি প্রাজ্ঞ তখন। পারস্যের শেষ সীমানায় এসে তিনি দেখলেন বোগদাদ (বর্তমানের বাগদাদ) থেকে সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে চলে এসেছেন রাজকর্মচারী, সংবাদপত্রের সম্পাদক, নামকরা সাহিত্যিক থেকে শুরু করে প্রবাসী ভারতীয়রা।

তখন মনে হয়, ইরাকিদের উদ্দেশ্যে তিনি কেন কেবল সমধর্মী ভারতবাসীকেই নতুন বাণী শোনানোর কথা বললেন! সাম্প্রদায়িক চেতনামুক্ত থাকার ইরাকি শুভবুদ্ধি থেকে শিক্ষা নেওয়ার মহাপ্রয়োজন কি কেবল ভারতীয় মুসলমানের? তিনি যে ইরাকি অভিজ্ঞতার অংশীদার তা তো তার সরল বর্ণনা থেকেই বোঝা যায়, কিন্তু অন্য কোনো ধর্মাবলম্বীর কি প্রয়োজন নেই ইরাক থেকে ধর্মীয় সহিষ্ণুতা শেখার! আমাদের এ প্রশ্নের উত্তর জানার কোনো সম্ভাবনা এখন আর নেই। তবে এটুকু বলা যায় অনেক পরে আর এক প্রবন্ধ ‘মুখুজ্জে বনাম বাঁড়ুজ্জে’তে আমরা খুঁজে পাই ইংরেজপ্রীতিতে ত্যক্তবিরক্ত এক রবীন্দ্রনাথকে। সেখানে তিনি লেখেন:

আরব্য উপন্যাসে সিন্ধবাদের কাহিনিতে পড়া যায় যে, চুম্বক শৈলের আকর্ষণে দূর হইতে জাহাজের সমস্ত লোহার পেরেক ছুটিয়া বাহির হইয়া আসিত, তেমনি আমাদের যে-সকল ধনী জমিদার আপন আপন ভূখণ্ডের মধ্যে দৃঢ়ভাবে নিহিত ছিলেন, দান-ধ্যান ক্রিয়াকলাপ এবং লোকহিতকর বিচিত্র স্থায়ী কীর্তির দ্বারা এই জীর্ণ দেশটাকে এক প্রকার জুড়িয়া রাখিয়া বহুলোক বহন কার্য সম্পন্ন করিতেছিলেন, প্রবল ইংরাজ রাজার সমুচ্চ চুম্বকশৈল অলক্ষ্যে অনায়াসে তাঁহাদিগকে দেশের লোকের নিকট হইতে ছিঁড়িয়া যেন একমাত্র নিজের দিকে আকর্ষণ করিয়া আনিতেছে। সমস্ত পূজা-অর্চনা দান-দক্ষিণা সাহেবের অভিমুখে, সমস্ত খ্যাতি-প্রীতি, সম্মান-সমাদর সাহেবের হস্ত হইতে।

রবীন্দ্রনাথ এনজিওদের দেখে যাননি, দেখে যাননি গ্যাট কিংবা বিশ্ববাণিজ্য সংস্থার দাপট, বিশ্বায়নের অশ্লীলতা; এ–ও তিনি দেখেননি এই সব কেন্দ্রীভূত কর্মকাণ্ড কীভাবে মানুষের সামাজিক উদ্যোগকে হতোদ্যম করে, মানুষকে মেরুদণ্ডহীন করে ফেলে কি অর্থনৈতিকভাবে, কি সাংস্কৃতিকভাবে; তিনি কেবল দেখেছিলেন এক সাম্রাজ্যবাদী ব্রিটেনের ঔপনিবেশিক শাসন। তাতেই সেই ব্রিটেনের কিংবা ইংরেজের দাপট তুলনা করতে গিয়ে তাকে হাত পাততে হয়েছিল আরব্য রজনীর চুম্বকশৈলের কাছে। আজ এই সময়ে তিনি বেঁচে থাকলে, সেই মহাপরাক্রমশালী ইংরেজকেও ঝানু মার্কিন শিকারিদের তাঁবুর কাছে ঘোরাফেরা করা একেবারেই তুচ্ছ শিয়াল নেকড়ে হয়ে যেতে দেখলে কী যে বলতেন, কে তা জানে! তবে অন্তত এটুকু বলা যায়, তিনি আরও একবার মুগ্ধ হতেন ইরাকের প্রতিরোধের হৃদয় দেখে, ঐতিহ্যের সব সাক্ষ্য শেষ হওয়ার পরও মনের মধ্যে এক বিশাল ঐতিহ্যকে ধারণ করা দেখে।