সলিল চৌধুরীর ছবি অবলম্বনে
সলিল চৌধুরীর ছবি অবলম্বনে

মহাফেজখানা থেকে

সলিল চৌধুরী: হৃদয়ের দুয়ার খুলে

২০০৪ সালের ১৯ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ নিবন্ধটি প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ সলিল চৌধুরীর জন্মদিনে অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

রবীন্দ্রনাথের গান ‘তুমি কেমন করে গান কর হে গুণী’তে আছে দুটি পঙ্ক্তি: ‘সুরের আলো ভুবন ফেলে ছেয়ে/ সুরের হাওয়া চলে গগন বেয়ে’। কার গানের হাওয়ায় ভুবন ছেয়ে যায়, কার গানের সুরে গগন আলোতে ভরে যায়, এ প্রশ্ন যদি আজ কেউ বাংলা গান সম্পর্কে করে, তাহলে আমাদের নিশ্চয়ই খুব বেশি ভাবনাচিন্তা করে উত্তর দিতে হয় না। চোখ বন্ধ করে আমরা বলে দিই—রবীন্দ্রনাথের গান। তারপর আরও বলি নজরুলের নাম। তারপর একে একে দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত—এই নামগুলো বলতে থাকি আমরা। শুধু তা–ই নয়, আমরা তাঁদের ভুবন সম্পর্কেও অনেক কিছু জানি এবং আজও জানার চেষ্টা করে যাচ্ছি। রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন, তাঁদের কাব্য-সাহিত্য, তাঁদের সুর, এককথায় তাঁদের ভুবন সম্পর্কে আজও লেখা হচ্ছে অজস্র বই। চলছে বিরতিহীন গবেষণা।

সবার অজান্তে, না ঠিক অজান্তে নয়, খানিকটা নিকট-অতীতের ভিড়ের মধ্যে লুকিয়ে আছে বলে বোধ হয় আমরা অতটা বুঝতে পারছি না এ রকম আরেকটি নাম—সলিল চৌধুরী। ইদানীং এই সুরকার ও গীতিকারের গান আজ আমাদের ভুবনে ছড়িয়ে পড়েছে, আমাদের গগন আলোয় ভরিয়ে দিয়েছে বলেই আমি মনে করি। আমার বিশ্বাস, যাঁরা এ সম্বন্ধে খোঁজখবর রাখেন, তাঁরা আমার সঙ্গে একমত হবেন যে যদি প্রশ্ন করা যায়, ‘যখন প্রশ্ন ওঠে, যুদ্ধ কি শান্তি?/ আমাদের হয় নাকো ভ্রান্তি/ আমরা জবাব দিই শান্তি শান্তি শান্তি’ কে লিখেছিলেন? তখন সবাই একবাক্যে সলিল চৌধুরীর নামটিই বলবেন।

‘আমার তখন বছর তিনেক বয়স হবে। আমার বাবা জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী দুম করে এক কাণ্ড করে বসলেন। আসামের শিবসাগর জেলার লতাবাড়ি চা–বাগানের সাহেব ম্যানেজারের তিনটে দাঁত এক ঘুষিতে ভেঙে দিলেন। তখনকার কালের হিসাবে সাহেব খুব একটা অন্যায় করেননি। শুধু বাবাকে বলেছিলেন, “কাম হিয়ার ডার্টি নিগার।” বাবা গেলেন এবং কিছু না বলে—দুম!! এবং নক আউট!!’

বাংলা গান শোনেন, অথচ কখনো এক-আধবার গুনগুন করে শোবার ঘরে কিংবা বাথরুমে ‘কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো/ রূপকথা নয় সে নয়’ কিংবা ‘আয় বৃষ্টি ঝেঁপে/ ধান দেব মেপে’ গাইবার চেষ্টা করেননি, এ রকম কেউ আছে বলে আমার মনে হয় না। অথচ সুরের হাওয়ায় বাঙালির, শুধু বাঙালিই–বা কেন, সমগ্র উপমহাদেশের ভুবন ছেয়ে দেওয়া এই মানুষটির নিজের ভুবন সম্পর্কে আমরা এখনো বেশি কিছু জানি না। বাংলাদেশে সলিল চৌধুরীর জীবন নিয়ে খুব বেশি লেখালিখি বা আলোচনা কেউ কোথাও করেছেন বলে আমার চোখে পড়েনি। স্বাধীনতার পর এ দেশে সলিল চৌধুরী দু-একবার এসেছিলেন বলে আমি জানি। যাঁরা তাঁকে এনেছিলেন, সেই উদ্যোক্তাদের কেউ তাঁর সম্পর্কে কিছু লিখেছেন কি না, তা–ও আমার চোখে পড়েনি।

সলিল চৌধুরীর ভাইবোন, সন্তানসন্ততি, ভারত ও ভারতের বাইরের বিশাল ভারতীয় সংগীতজগতের তাঁর অজস্র বন্ধুবান্ধব, অনেক সহকর্মী এবং তাঁর কথা ও সুরে গান গাওয়া শিল্পীরা তাঁর সম্পর্কে নিশ্চয়ই লিখেছেন। যতই দিন যেতে থাকবে, সলিলের ভুবন আজ থেকে যত দূরে সরে যেতে থাকবে, ততই তার সম্পর্কে আরও জানা যাবে। সলিল চৌধুরী প্রয়াত হয়েছেন ১৯৯৫ সালে। সময়ের হিসাবে খুব দীর্ঘদিন নয়, কাজেই সলিলের পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থও সম্ভবত একদিন আমরা পাব। কিন্তু সলিলের নিজের কথায়, নিজের ভাষায় তাঁর জীবনের কথা, যে ভুবনে তিনি বড় হয়ে উঠেছেন, তা আমরা হয়তো আর পাব না। কাজেই সামান্য যেটুকু পেয়েছি তাঁর নিজের লেখা বইতে, আজ সে সম্পর্কে আলোচনা করতেই এই লেখার অবতারণা।

১৯৯৬ সালে, তাঁর মৃত্যুর মাত্র কিছুদিন পর, উনি সেপ্টেম্বর পঁচানব্বইতে মারা যান, কলকাতার প্রতিক্ষণ পাবলিকেশনস থেকে প্রকাশিত মাত্র এক শ ষোলো পাতার একটি বইয়ে, যার নাম দেওয়া হয়েছে ‘জীবন উজ্জীবন’, তাঁর জীবনের কিছু কথা বলে গেছেন এই গীতিকার-সুরকার। গোটা প্রচ্ছদজুড়ে তাঁর একটি ব্লো-আপ ছবি আর নামছাড়া বইটিতে অন্য কোথাও প্রকাশকের কথা নেই, লেখক পরিচিতি নেই, মুখবন্ধ নেই। তিনি বেঁচে থাকতেই এই বইয়ের প্রকাশনার কাজ শুরু হয়েছিল কি না, বইটির নাম তিনি নিজেই দিয়েছিলেন কি না—এ সবকিছুই জানবার উপায় নেই বইটির দ্বিতীয় টাইটেল পেজ বা অন্য কোনো পাতা দেখে। অবশ্য প্রথম দশ পাতাজুড়ে সুরকারের নিজের, পরিবারের ও ভারত–বিখ্যাত অন্য শিল্পীদের সঙ্গে বিভিন্ন সময়ে তোলা কিছু সাদাকালো ছবি রয়েছে। তারপরই শুরু হয়েছে বইটি। কিন্তু কী অসামান্য যে সেই শুরু, তা বইটি না পড়লে বোঝা যাবে না। সেই শুরুই পাঠককে টেনে নিয়ে যাবে বইটির শেষ পর্যন্ত।

সলিল চৌধুরী

‘আমার তখন বছর তিনেক বয়স হবে। আমার বাবা জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী দুম করে এক কাণ্ড করে বসলেন। আসামের শিবসাগর জেলার লতাবাড়ি চা–বাগানের সাহেব ম্যানেজারের তিনটে দাঁত এক ঘুষিতে ভেঙে দিলেন। তখনকার কালের হিসাবে সাহেব খুব একটা অন্যায় করেননি। শুধু বাবাকে বলেছিলেন, “কাম হিয়ার ডার্টি নিগার।” বাবা গেলেন এবং কিছু না বলে—দুম!! এবং নক আউট!!’ এভাবেই লেখকের ভাষায় বলতে গেলে ‘দুম’ করে শুরু হয়েছে বইটি, এই অসাধারণ শিল্পীর অসাধারণ বাবার কাহিনি দিয়ে। জ্ঞান ফিরে সাহেব ম্যানেজার নিজের বন্দুক নিয়ে ফিরে বাবাকে গুলি করে শেষ করতে আসার আগেই বাবা হাতির পিঠে চেপে চলে গেলেন বাগানের চিফ মেডিক্যাল অফিসার মালোনি সাহেবের কাছে। এই আইরিশ সাহেব সে সময় ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতাসংগ্রামে লিপ্ত ভারতীয়দের প্রতি সহানুভূতিসম্পন্ন ছিলেন। তিনি রাতারাতি এই পরিবারকে স্টিমারে তুলে শীলঘাট থেকে কলকাতায় পাঠিয়ে দিলেন। পরিবার বলতে তখন সলিলের বাবা, মা, বড় ভাই, সলিল ও তাঁর এক ছোট বোন। এই দ্রুত পলায়নের কারণে বাড়ির সব জিনিস বাবা বিলিয়ে দিলেন একে-তাকে। মা জলের দামে বিকিয়ে দিলেন কিছু জিনিস। শুধু একটা জিনিস চলল পরিবারটির সঙ্গে। সেটা হলো একটি চোঙাওয়ালা কুকুর মার্কা কলের গান আর শতেকখানেক ইংরেজি বাজনার রেকর্ড, যা একসময় এই মালোনি সাহেবই উপহার দিয়েছিলেন তাঁদের বাগানের ডাক্তার বাবুকে।

সলিল বলছেন, জ্ঞান হওয়া অবধি তাঁর চৈতন্য ঘিরে রয়েছে এই সব সিম্ফনি রেকর্ডের সুর আর তাঁর বাবার দরাজ গলায় কথাবার্তা। যাই হোক, চাকরি বাদ দিয়ে কলকাতায় চলে এসে বাবা তাঁদের পৈতৃক দেশ দক্ষিণ বারাসতে এসে ডিসপেনসারি খুলে বসলেন। সারা গ্রামের লোককে বিনা পয়সায় চিকিত্সা করে এবং ধারে ওষুধ দিয়ে একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে বাবা যখন টাকা আদায়ে বেরোতে শুরু করলেন, তখনই শুরু হলো কুত্সা আর নিন্দার ঝড়। আসামের জংলি ডাক্তার কিচ্ছু জানে না। কুলির ডাক্তার আবার ভদ্রলোকের চিকিত্সা কী করবে! কুত্সা শুনতে শুরু করলেন মানুষটি। অবশেষে বাবা বুঝলেন, এখানে তাঁর চলবে না। আবার স্মরণ করলেন সেই পরিত্রাতা মালোনি সাহেবকে। সাহেব ব্যবস্থা করলেন সব। দু-তিন বছর সেই তথাকথিত সভ্য সমাজে বাস করে ডাক্তার আবার সপরিবার গিয়ে পৌঁছালেন আসামের জঙ্গলে, ‘একড়াজান’ চা–বাগানে। এরপর একনাগাড়ে ২৫ বছর আসামের বিভিন্ন চা–বাগানে চাকরি করেছিলেন বাবা জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী।

মা–বাবা আর পাঁচ ভাইবোনের স্মৃতিময় সেই জগতের কথাই বেশি করে লিখেছেন সলিল তাঁর বইতে। নিজের কথা আছে। তবে তা বেশ খানিকটা ছড়িয়ে-ছিটিয়ে। তাতে কোনো কালক্রম নেই, নেই সময়ের ধারাবাহিকতা। অবশ্য এক জায়গায় লিখেছেন, সময় পেলে আত্মজীবনী লিখবেন তিনি। হায়, সে সময় আর তিনি পাননি। তবে তাঁর বড় হয়ে ওঠার পশ্চাৎপ্রেক্ষিত, ব্যাকগ্রাউন্ডটা বেশ বোঝা যায় তাঁর জীবনের এই সব টুকরো টুকরো ঘটনা থেকেই। বোঝা যায়, এই অসামান্য প্রতিভাবান মানুষটি কীভাবে শুধু পিতামাতা আর ভাইবোনদের পরিবেশ আর তিরিশ ও চল্লিশের দশকের বাংলার বাম রাজনীতি থেকে রস সঞ্চয় করে বাংলা গান আর সুরের জগতে এক অসামান্য নতুন ধারা সৃষ্টি করে গেছেন।

মা–বাবা বাগানে থাকলেও সলিল আর তাঁর ভাইদের বাগানে থাকা হয়নি বেশি দিন। বাগানে লেখাপড়ার সুবিধা তেমন নেই। বারাসত থাকতে স্কুলে যাওয়া হতো, কিন্তু বাগানে ফিরে এসে আবার পড়াশোনার বাধা পড়েছিল। যদিও বছর পাঁচেক বয়সেই সলিল যেকোনো বাংলা বই গড়গড় করে পড়তে পারতেন। তবু একড়াজান বাগান থেকে ডাক্তারবাবু বদলি হয়ে হাতিখুলি বাগানে যাওয়ার পর ঠিক হলো তাদের দুই ভাইকে কলকাতায় স্কুলে ভর্তি করে দিয়ে আসা হবে।

কী রকম ছিল আসামের সেই চা–বাগানের ডাক্তারবাবুর বাড়ির পরিবেশ তিরিশের দশকে? এক দিনের বর্ণনা দিলেই বোঝা যাবে। সলিলের নিজের কথাতেই বলা যাক সে কথা, ‘বাবা বিশাল একটা চিতল মাছ সাইকেলের হ্যান্ডেলে বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে হাসপাতালের সামনের মাঠটায় ঢুকছেন।...ডাক শুনতে পাচ্ছি—বাচ্চু (সলিলের ডাকনাম), খোকা শিগগির দেখবি আয়।...মা-র মাথায় হাত। এত বড় মাছ কুটবে কে? বাবা নিজেই লেগে গেলেন বঁটি, দা, ডাক্তারি স্ক্যালপেল ইত্যাদি নিয়ে মাছ কুটতে। তারপর সেই মাছ বিলোনো হলো কম্পাউন্ডার, নার্স, ড্রেসার, টানা পাখাওয়ালা, জমাদার সকলকে ডেকে ডেকে। হাসপাতালের প্যান্ট্রিতে পাঠানো হলো রোগীদের জন্য। তারপর বাবা বললেন, আজ আমি রান্না করব। ব্যস! (বাড়িসুদ্ধ সকলের) হৃত্কম্প শুরু হয়ে গেল।’ এই বাবারই কথা বলতে গিয়ে লিখেছেন সলিল, ‘এমনিতে বাবা ছিলেন ভীষণ রাশভারী। সন্ধ্যায় বাড়ি ফিরে যখন বিদেশ থেকে আগত নানা রকম মেডিক্যাল জার্নাল নিয়ে নিয়ে পড়তে বসতেন—কারো সাধ্য থাকত না ট্যাঁ-ফুঁ করবার। আমরা রান্নাঘরে গিয়ে মা-র কাছে বসতুম। কিংবা একেকটা বই নিয়ে বসে পড়তুম। কখন নটা বাজবে। নটা বাজলেই কলের গানে বাবা রেকর্ড লাগাবেন আর খাবার দিতে বলবেন। তখন আবার বাবার অন্য চেহারা।’

মা–বাবা বাগানে থাকলেও সলিল আর তাঁর ভাইদের বাগানে থাকা হয়নি বেশি দিন। বাগানে লেখাপড়ার সুবিধা তেমন নেই। বারাসত থাকতে স্কুলে যাওয়া হতো, কিন্তু বাগানে ফিরে এসে আবার পড়াশোনার বাধা পড়েছিল। যদিও বছর পাঁচেক বয়সেই সলিল যেকোনো বাংলা বই গড়গড় করে পড়তে পারতেন। তবু একড়াজান বাগান থেকে ডাক্তারবাবু বদলি হয়ে হাতিখুলি বাগানে যাওয়ার পর ঠিক হলো তাদের দুই ভাইকে কলকাতায় স্কুলে ভর্তি করে দিয়ে আসা হবে। সেখানে সলিলরা দুই ভাই থাকবেন সুকিয়া স্ট্রিটে তাঁদের মেজ জ্যাঠার বাড়িতে। তা–ই করা হলো। বাবা তাঁদের দুই ভাইকে কলকাতায় সুকিয়া স্ট্রিটে দাদার বাড়িতে রেখে গেলেন। সেটা ১৯২৯-৩০ সাল। সেই বাড়িতে থাকার অভিজ্ঞতা সম্পর্কে সলিল লিখেছেন, তখন সে বাড়িতে বাস করে সপরিবার জ্যাঠতুতো কয়েক ভাই এবং এক দূরসম্পর্কের বদমেজাজি পিসিমা। কথায়–কথায় পিসিমার খোঁটা দেওয়া কথা শুনতে শুনতে দুই ভাই অতিষ্ঠ হয়ে উঠত। কিন্তু উপায় ছিল না। সে বাড়ির এক অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে বাস করতে লাগল দুই ভাই। স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে লাগল।

সলিল চৌধুরী

কিন্তু কে জানত, এই বাড়িতেই সলিলের জন্য লুকিয়ে আছে এক সোনার খনি। একদিন সন্ধ্যাবেলায় বাড়ির গৃহশিক্ষকের কাছে পড়তে পড়তে হঠাৎ কানে গেল ওই বাড়িরই নিচের একটি ঘর থেকে পিয়ানো, ক্ল্যারিওনেট, বেহালা-তবলার সুরে এক অর্কেস্ট্রার আওয়াজ। একছুটে নিচে যাওয়ার চেষ্টা করতেই পিসির খ্যানখ্যানে গলায় শোনা গেল, ‘খবরদার নিচের কেলাব ঘরে যাবি না।’

ওই বাড়িরই নিচের তলায় ছিল ‘মিলন পরিষদ’ নামের এক অর্কেস্ট্রা ক্লাব। আর মিলন পরিষদের নেতা ছিলেন ওই বাড়ির সলিলেরই জ্যাঠাতো ভাই ‘ছোড়দা’। তিনি বোধ হয় তাঁর দল নিয়ে বাইরে কোথাও বাজাতে গিয়েছিলেন, সেদিনই ফিরে এসেছিলেন। সে ঘরে ছোটদের ঢোকা নিষেধ। তাই সবার অজান্তে স্কুল ছুটির পর বাসায় ফিরে ওপরে নিজেদের ঘরে না ঢুকে সলিল সোজা ওই ক্লাবঘরের সামনে এক বাড়ির বারান্দায় বসে সেই অর্কেস্ট্রার রিহার্সেল শুনতে লাগলেন রোজ। শুনতে শুনতে সেসব সুর গেঁথে যেত তাঁর মনে। ঘরে ফিরে স্নানের ঘরে নিজের মুখে নানা রকম গলা বদল করে গাইতেন সেসব সুর। একদিন বাড়ির ছাদে বসে আপন মনে সেই সুর গাইছেন, হঠাৎ পেছনে শব্দ পেয়ে দেখলেন ‘ছোড়দা’ দাঁড়িয়ে। ভয়ে সিঁটিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ছোড়দা জিজ্ঞেস করে বসলেন, ‘তুই কে, খোকা না বাচ্চু?’ বললেন, ‘আমি বাচ্চু।’ সেদিন সন্ধ্যাবেলায় মিলন পরিষদের ঘরভর্তি যন্ত্রীদের সামনে ছোড়দা হাজির করলেন সলিলকে। প্রচণ্ড হাততালি আর প্রশংসার মধ্যে একটা একটা করে গত্গুলো গাইতে হলো তাঁকে। পরের কথা সম্পর্কে সলিল লিখছেন, ‘আমার মধ্যে ছোড়দা যে কী প্রতিভা দেখলেন জানি না। অচিরাৎ আমাকে যন্ত্রসঙ্গীতের নানা বিষয়ে দিগগজ করে তোলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। শেলীদার (পুরো নাম মনে নেই) কাছে পিয়ানো, বিশ্বনাথ কুণ্ডুর (উনি ভীষ্মদেবের তবলচি ছিলেন) কাছে নাড়া বেঁধে তবলা, গোপাল লাহিড়ীর (বিখ্যাত ক্ল্যারিওনেট বাদক) কাছে বাঁশি—প্রায় মাস তিনেকের মধ্যেই শুরু হয়ে গেল।’ সলিল অবশ্য ইতিমধ্যেই চা–বাগানের কুলি ছেলেদের সঙ্গে থেকে বাঁশের বাঁশি বাজানো শিখে ফেলেছিলেন। সেই বাঁশিতেই এখন গোপালদা গৎ দিতে লাগলেন। শুধু তা–ই নয়, আশপাশে যেখানেই বাজাতে যেত ‘মিলন পরিষদ’, সলিলকেও যেতে হতো সঙ্গে সঙ্গে। সবাই অবাক হয়ে দেখত, এক ক্ষুদ্র বালক, যার হাতের নাগাল পৌঁছানোই মুশকিল পুরো পিয়ানোর কিবোর্ডের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে, বাজিয়ে চলেছে কখনো পিয়ানো, কখনো বাঁশি সেই অর্কেস্ট্রার সঙ্গে।

সলিল চৌধুরী

দুর্ভাগ্যবশত জীবনের এই প্রথম ও শেষ প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি দিন চলেনি। সলিলের জীবনের এই ‘দ্বিতীয় অঙ্কের’ পরিসমাপ্তি ঘটেছিল কিছুদিনের মধ্যেই। অল্প দিন পরেই কলকাতার ওই বাড়ির পাট চুকেছিল ওই পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে অশান্তির কারণে। এরপর একদিন গিয়ে উঠতে হয়েছিল মামার বাড়িতে দক্ষিণ-চব্বিশ পরগনার সোনারপুর থানার কোদালিয়া গ্রামে। সম্পূর্ণ ভিন্ন পরিবেশ ছিল এই বাড়ির। দিদিমার সস্নেহ-যত্ন, মামাদের আদর এবং এই বালক বংশীবাদকের প্রতি গ্রামের দিদি-বৌদিদের আদর-সোহাগ। এখানেই থাকতে হয়েছিল একটানা আট বছর। বছরে একবার করে স্কুল ছুটির সময় আসামে চা-বাগানে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়া হয়নি এ সময়ে। এখান থেকেই দুটো লেটার নিয়ে ম্যাট্রিক পাস, এখান থেকেই ডেলি প্যাসেঞ্জার হিসেবে কলকাতার বঙ্গবাসী কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু। সংগীত থেমে থাকেনি একটুও। বাঁশি বাজানো চলেছে, চলেছে এসরাজ ইত্যাদি অনেক যন্ত্রের চর্চা।

আরও দুটি জিনিস এসেছে তত দিনে সলিলের জীবনে—রাজনীতি ও সাহিত্য। সলিলের মামাদের এই বাড়ি ছিল এককালের টেররিস্টদের আস্তানা। সলিলের ছোট দাদু (মায়ের ছোট কাকা) যিনি ছিলেন পরে সুভাষচন্দ্র বোসের সেক্রেটারি। ওই একই গ্রাম দুজন ভারতীয় রাজনীতির মহারথী সুভাষচন্দ্র বোস ও মানবেন্দ্রনাথ রায়ের পৈতৃক ভূমি। প্রখ্যাত বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, হরিকুমার চক্রবর্তী, জগদানন্দ আশপাশের সব গাঁয়ের মানুষ। কাজেই ওই অঞ্চলই ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত অগ্রসর একটি অঞ্চল। ‘স্বভাবতই, আমার দেশপ্রেমিক এবং সাংস্কৃতিক চেতনার বিকাশের জন্য এর চেয়ে উর্বর কোনো ভূমি হতে পারত না’, লিখেছেন সলিল। আরেকটি জিনিস এসেছিল তখন জীবনে। কবিতা লিখে তাতে সুর দেওয়া শুরু হয়েছিল সেই বয়সেই। গল্প লিখে খাতা ভরিয়ে দেওয়া শুরু হয়েছিল তখনই। এসবে ইন্ধন জুগিয়েছিল ছোট দাদুর লাইব্রেরি। ইনি ছিলেন ইংরেজি সাহিত্যে এমএ আর তাঁর ছিল দুই আলমারি ঠাসা ইংরেজি সাহিত্যের বই। সেসব বই, কিছু বুঝে এবং কিছু না বুঝেই, পড়তে শুরু করেছিল দুই ভাই। ফলে দুই ভাই-ই ম্যাট্রিক পরীক্ষায় চব্বিশ-পরগনা জেলার ছাত্রদের মধ্যে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য সোনার মেডেল পেয়েছিলেন। বঙ্কিমচন্দ্র ও শরত্চন্দ্র তো মায়ের সংগ্রহ থেকেই পড়ে শেষ করেছিলেন অনেক আগেই।

এদিকে–সেদিকে মেঘ ঘনাচ্ছিল সলিলের জীবনে। শিল্পীর সত্তা আর রাজনৈতিক কর্মীর সত্তা যে এক হয় না, হতে পারে না, সেটা মানতে রাজি ছিল না পার্টির ভেতরের কিছু কট্টরপন্থী। তাঁর বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধছিল পার্টিতে। গণনাট্যের আসরে ‘গাঁয়ের বধূ’ নিষিদ্ধ করা হলো। আরও একটি গানের রেকর্ড বের হওয়ার পর নেতারা ঘোষণা করলেন, এটি একটি প্রতিবিপ্লবী প্রতিক্রিয়াশীল চিন্তাধারার ফসল। ওটা তো গণনাট্য গাইবেই না, বরং এসব গান লেখা, সুর করা ও গাওয়ানোর জন্য তাঁর বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। গানটি হচ্ছে সন্ধ্যা মুখার্জির রেকর্ডে—‘আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে’।

এ সময়েরই একটি ঘটনা কিশোর সলিলের মনে রাজনীতির চিন্তা ঢুকিয়েছিল। গ্রামেরই একপাশে ছিল মেথরপাড়া। কী একটা আন্দোলন শুরু করেছিল তারা সেই সময় তাদের পাড়ার কিছু উন্নতির জন্য। ‘একদিন দেখলাম মেথরপাড়ায় লালঝাণ্ডা উড়ছে আর একজন গেরুয়া পাঞ্জাবি-পরা লোক মাচানের ওপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন, “শুধু মাইনে বাড়ালেই চলবে না, মানুষের যোগ্য বাসস্থান বানিয়ে দিতে হবে, খাবার জলের টিউবওয়েল বসাতে হবে, ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ দিতে হবে।”’ হঠাৎ জনাদশেক পুলিশ নেমে মিটিংটি ঘিরে ফেলে বেধড়ক পেটাতে শুরু করল উপস্থিত মেয়ে-পুরুষ সবাইকে। টেনেহিঁচড়ে স্টেজ থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে নিল বক্তৃতারত মানুষটিকে আর কিছু মেয়ে–পুরুষকে। সমস্ত ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়েছিল সলিলের কাছে। কেন পুলিশ ধরল সেই মানুষটিকে? কেন সভাটি ভেঙে দিল তারা? মানুষটি তো অন্যায় কিছুই বলেননি। আরও আশ্চর্য হয়েছিল সলিল এ কথা ভেবে যে তাঁদের গ্রামের এত রাজনৈতিক ঐতিহ্য থাকা সত্ত্বেও গ্রামের কোনো ভদ্রলোক প্রতিবাদ করেনি পুলিশের এই জুলুমের। সেটা ১৯৩৮ সাল ও ক্লাস টেনের ছাত্র, বয়স তখন পনেরো বছর। কে ওই ভদ্রলোক জানতে চেষ্টা করে সলিল জানতে পেরেছিলেন, উনি তাঁদের গ্রামেরই এক ব্রাহ্মণের ছেলে। তিনি কমিউনিস্ট এবং মেথর ইউনিয়ন গড়েছেন। অন্যদিকে মিউনিসিপ্যালিটির যাঁরা কমিশনার, সবাই কংগ্রেসের লোক, অর্থাৎ গান্ধীজির শিষ্য এবং তাঁরাই পুলিশ ডেকে এনেছিলেন।

এর কিছুদিন পরেই কলকাতায় বঙ্গবাসী কলেজে ভর্তি হওয়া এবং সেখানকার ছাত্র ফেডারেশনের সঙ্গে জড়িয়ে পড়া। লেখাপড়ার সঙ্গে সঙ্গে চলছিল তখন গ্রামে গ্রামে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলা গান লেখা, তাতে সুর দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে সেই গান গেয়ে মানুষকে উত্তেজিত করা। কী সব গান আর কী তাদের সুর! কিছুদিন পর ভারতীয় গণনাট্য সংঘ (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন) সৃষ্টি হওয়ার পর সেই সব গান শোনার জন্য পাগল হয়ে উঠত শ্রোতারা। এক হিসাবে চল্লিশ দশকের প্রথম কয়েকটি বছর ভারতীয় ইতিহাসের ক্রান্তিকাল। ইউরোপের যুদ্ধের ঢেউ এসে লেগেছে ভারতের সর্বত্র। লেখাপড়া, গানবাজনার সঙ্গে সঙ্গে সলিল পূর্ণোদ্যমে লেগে গেছে কমিউনিস্ট পার্টির কাজে। নানা রকম কৃষক ও শ্রমিক সংগঠন গড়ে তুলতে। একবার কলেজ ছুটিতে চা–বাগানে গিয়ে বাবাকে বলেছেন তাঁর কাজকর্মের কথা। তারপর ইচ্ছা প্রকাশ করেছেন চা-শ্রমিকদের ইউনিয়ন গঠন করবার। বাবা ভয় পেয়েছেন। কেননা তার কিছুদিন আগেই পাশের দুটি বাগানে দুটি ছেলে শহর থেকে এসে এ রকম চেষ্টা করেছিল। মালিকপক্ষ টের পেয়ে গিয়েছিল ব্যাপারটা। একদিন ভোরে তাদের দেহাবশেষ পাওয়া গেল বাগানের এক জঙ্গলে। রাতে বাঘ বা ওই জাতীয় কোনো জন্তু খেয়ে রেখে গেছে তাদের লাশ। বাবা, যিনি মনেপ্রাণে একজন নেতাজি সুভাষের ভক্ত ছিলেন, বললেন, ‘তোরা কি চাস যে আমাকে বা তোদের বাঘে খাক?’

সলিল চৌধুরী

ওই সময়ে একের পর এক গান লিখে তাতে সুর দিচ্ছিলেন সলিল। পার্টির অনুষ্ঠানে গিয়ে গাইছিলেন সেসব গান। কী দারুণ সেসব গানের কথা, আর কী সুর! এ রকম কথা আর এ রকম সুর আগে আর কখনো শোনা যায়নি বাংলা গানে। ‘দেশ ভেসেছে বানের জলে/ ধান গিয়েছে মরে’, ‘ঢেউ উঠছে কারা টুটছে/ আলো ফুটছে প্রাণ জাগছে/...আজ হরতাল আজ চাকা বন্ধ’, ‘বিচরপতি তোমার বিচার করবে যারা/ আজ জেগেছে সেই জনতা’। বাংলায় এমএ পরীক্ষা দিতে দিতে দেওয়া হলো না। বাবার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হওয়ার খবর পেয়ে চলে গেল বাগানে। বাবা জানতে পেরে অসন্তুষ্ট হলেন। মাকে বকাবকি করলেন কেন তাঁকে খবর দেওয়া হয়েছিল। বড় ভাই কলকাতায় হোস্টেলে থেকে ডাক্তারি পড়ছেন তখন। মামার সঙ্গে ভুল–বোঝাবুঝির কারণে গ্রাম ছেড়ে সেই ভাইয়ের সঙ্গে উঠলেন কলকাতায়। বাবা যখন জানলেন যে সলিল লেখাপড়া বাদ দিয়ে পার্টি করছেন, গণনাট্য সংঘ করছেন, তখন রাগ করলেন। জেদ করে সলিলও বাবাকে জানিয়ে দিলেন যে তাঁর আর সলিলকে টাকা পাঠানোর দরকার নেই। এক পেশাদার নাচের পার্টিতে বাঁশি বাজানোর কাজ নিলেন। আয় হতে লাগলেন কিছু কিছু। তবে এসব লাইনের বিপদেও পড়তে হলো মাঝেমধ্যে। নারীঘটিত নানা রকম কেচ্ছাকাহিনি এড়াতে হিমশিম খেতে হলো মাঝেমধ্যে। তবে পার্টির আদর্শই বাঁচিয়ে রাখল তাঁকে।

এই সময়ই আবার সুকিয়া স্ট্রিটের বাসায় যাওয়া-আসা শুরু হলো। এ বাড়ির অবস্থা তখন খুবই খারাপ। ‘মিলন পরিষদ’ উঠে গেছে। ছোড়দা পাগল হয়ে গেছেন। বড়দা রোজশয্যায় কাতর। তবে বাড়ির সবাই তত দিনে জেনে গেছে সলিলের গানের কথা। বিশেষ করে বড় বউদি। নতুন করে সলিলকে আপন করে নিলেন বউদি। যখনই সলিল যেতেন, তখনই গান শুনতে চাইতেন। নিজের ছেলেমেয়েদের বলতেন, ‘সলিলের কাছে শেখ তোরা। দ্যাখ, গান কাকে বলে। শুধু প্যানপেনে আধুনিক গানের রেকর্ড নকল করলেই গান হয় না।’ সলিল গাইত রবীন্দ্রনাথের গান, পঙ্কজ মল্লিকের গান আর নিজের কথা আর সুর করা গান। বউদি বলতেন, এসব গান যদি কোনো দিন রেকর্ড হয়ে বের হয়, তাহলে বাংলা গানে একটা নতুন যুগ সৃষ্টি হবে। সলিল ভাবতেন, বউদি তাঁকে বেশি ভালোবাসে বলেই এসব বলেন। তিনি তখন অজস্র গান লিখে চলেছেন। কিছু গান গণনাট্য সংঘের আসরেও গাওয়ার মতো গান নয়। তিনি লেখেন, ‘গণনাট্য আন্দোলনের একেবারে অন্তরঙ্গ অন্তঃস্থলে থাকাকালীন এমনি বহু গান আমি লিখতাম যেগুলো ছিল আমার ব্যক্তিগত গান—অর্থাৎ গণসঙ্গীত নয়, অথচ গণ–আন্দোলনে ছিলাম বলেই বোধ হয় সেসব গান লেখা সম্ভব হয়েছিল। যেমন “ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা”, “পথ হারাবো বলেই এবার পথে নেমেছি”, “শ্যামল বরণী ওগো কন্যা”, “এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম” ইত্যাদি।’

কলকাতায় জাপানি বোমার আঘাত আর মন্বন্তরের করাল ছায়া তাঁর গানের জগৎ আরও বৈচিত্র্যময় করে তুলছিল দিনের পর দিন। যুদ্ধ শেষ হলো, নানা ডামাডোলের মধ্য দিয়ে অনেক রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ভারত স্বাধীন হলো। এরই মধ্যে একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় তাঁর গানের রেকর্ড ‘কোন এক গাঁয়ের বধূ’ বের হলো। সলিল লিখছেন, অনেক দিন পর বউদির বাড়িতে গেছেন, ‘সেই আমার প্রথম আধুনিক বাংলা গানের রেকর্ড। বউদির আত্মীয়স্বজন...অনেকে বিশ্বাস করেননি যে বউদির দেওর সলিল চৌধুরী আর “গাঁয়ের বধূ”র সুরকার গীতিকার একই ব্যক্তি। বউদি বাজি ফেলেছিলেন একশ টাকা। বলেছিলেন, “ওর গানের নাড়িনক্ষত্র আমি জানি। এ ও ছাড়া আর কারো গান হতে পারে না।” আমি যেতেই বউদি প্রায় চেঁচিয়ে উঠলেন, “এই তো বাচ্চু। বল তো গাঁয়ের বধূ তোর কি না?” আমি একটু ঠাট্টাচ্ছলে যেন আকাশ থেকে পড়লুম, “গাঁয়ের বধূ! কোন গাঁয়ের বধূ?” বউদির মুখটা যেন নিভে গেল, “সেকি, তোর লেখা সুর নয় গাঁয়ের বধূর? এত বড় ভুল হলো আমার?” সোনা বলল, “মা একশ টাকা বাজি ফেলেছে।” বললাম, “সত্যি?” তারপর বউদির দিকে চেয়ে আস্তে আস্তে বললাম, “তাহলে তোর মা জিতে গেছে।” বউদি কাছে এসে আমার কান ধরে বললেন, “হতভাগা, তোর চেয়ে আমি তোকে ভালো করে চিনি। আমার সঙ্গে ঠাট্টা?” বউদির সে কী আনন্দ!’ জানি না, অনেক পরে যেদিন তিনি লিখেছিলেন—‘ও বউ কথা কও বলে পাখি আর ডাকিস না/ কী হবে কথা বলে, হৃদয়ের দুয়ার খুলে/ বোবা বউ থাকা ভালো তা কি জানিস না”, সেদিন সেই বউদির কথা তাঁর মনে ছিল কি না।

সলিল চৌধুরী

এদিকে–সেদিকে মেঘ ঘনাচ্ছিল সলিলের জীবনে। শিল্পীর সত্তা আর রাজনৈতিক কর্মীর সত্তা যে এক হয় না, হতে পারে না, সেটা মানতে রাজি ছিল না পার্টির ভেতরের কিছু কট্টরপন্থী। তাঁর বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধছিল পার্টিতে। গণনাট্যের আসরে ‘গাঁয়ের বধূ’ নিষিদ্ধ করা হলো। আরও একটি গানের রেকর্ড বের হওয়ার পর নেতারা ঘোষণা করলেন, এটি একটি প্রতিবিপ্লবী প্রতিক্রিয়াশীল চিন্তাধারার ফসল। ওটা তো গণনাট্য গাইবেই না, বরং এসব গান লেখা, সুর করা ও গাওয়ানোর জন্য তাঁর বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। গানটি হচ্ছে সন্ধ্যা মুখার্জির রেকর্ডে—‘আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে’। আপত্তি হলো, ‘হায় বিধি বড়ই দারুণ’ কেন লেখা হলো? কমিউনিস্ট শিল্পী কেন ভগবানের নাম নেবে? সলিলের প্রতি নির্দেশ হলো তাঁর সব গান পার্টি পাস করলে তবে অনুষ্ঠানে গাওয়া হবে। মনটা বিদ্রোহ করে উঠল। পার্টির সাংস্কৃতিক নীতি আর নেতৃত্ব সম্পর্কে মোহমুক্তি ঘটতে লাগল দ্রুত। অথচ গণনাট্যের যতগুলো বিখ্যাত গান, তার অধিকাংশই সলিল রচনা করেছেন, নাহয় সুর করেছেন। সুকান্তর ‘অবাক পৃথিবী’, ‘রানার’—সাধারণ মানুষের মধ্যে তা আগুনের মতো ছড়িয়ে গেছে।

বাবা মারা গেলেন হঠাৎ করে একান্ন সালে। সে বছরই বিশ্ব শান্তি উপলক্ষে সলিলের শান্তির গান রচিত হয়েছে। মুখে মুখে ছড়িয়ে গেছে—‘যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি’। সেটাই বোধ হয় গণনাট্যের জন্য তাঁর লেখা শেষ গান। কিন্তু এত জনপ্রিয়তার মধ্যেও অর্থনৈতিক অনটন দূর হচ্ছিল না সলিলের। বড় বড় নেতার সমালোচনা আর ধিক্কারও তাঁকে করে তুলেছিল মানসিকভাবে বিপর্যস্ত। একমাত্র সান্ত্বনা ছিল দু–একজন ছোটখাটো নেতার তাঁর প্রতি সমর্থন। চব্বিশ পরগনার কৃষক নেতা কমরেড খগেন চৌধুরী (ক্ষেপু দা) সমর্থন করলেন তাঁকে। বললেন, ‘যে যা–ই বলুক, শিল্প সৃষ্টি হচ্ছে ব্যক্তির কাজ—সমবেতভাবে তা হয় না। তোমার সৃষ্টি তুমি করে যাও।’ এ সময়েই ডাক এল বোম্বাই থেকে বিখ্যাত চিত্র পরিচালক বিমল রায়ের। তাঁর আহ্বানে একজন ভূমিহীন কৃষকের রিকশাওয়ালা হয়ে যাওয়ার কাহিনির স্ক্রিপ্ট নিয়ে সলিল গেলেন সেখানে। সৃষ্টি হলো ভারতীয় সিনেমাজগতের নতুনতম সিনেমা ‘দো বিঘা জমিন’। কলকাতায় গণনাট্য ও পার্টি বলল, ‘সংস্কৃতি আন্দোলনের পিঠে ছুরি মেরে সলিল চৌধুরী ক্যারিয়ার বানাতে বোম্বে গেছে।’

ফিরে এলেন বোম্বাই থেকে অজস্র নাম ও কিছু পয়সা নিয়ে। তারপর কিছুদিন পর ১৯৫৫ সালে পাকাপাকিভাবে চলে গেলেন বোম্বাইয়ে। দুর্ভাগ্যবশত এখানেই শেষ হয়েছে সলিলের নিজের লেখা জীবনকাহিনি। তারপরের চল্লিশ বছর ধরে একাধারে হিন্দি সিনেমার জগৎ আর বাংলা গানে নতুন কথা আর নতুন সুর সৃষ্টি করে গেছেন সলিল চৌধুরী। তৈরি করে গেছেন তাঁর আপন গানের ভুবন।

ঠিক আত্মজীবনী না হয়েও এই অনবদ্য বইয়ের অসংখ্য ছোটখাটো ঘটনা (অ্যানেকডোট) সলিলের নিজের কথায় জীবনের প্রথম তিরিশ-বত্রিশ বছরের অভিজ্ঞতা, পড়ার আনন্দ, পাঠক কোনো দিন ভুলতে পারবেন না। ভুলতে পারবেন না সলিলের নিজের কথায় লেখা, আসামের জঙ্গলের মিকির উপজাতীয় মেয়ে সুখিয়ার সঙ্গে তাঁর গভীর প্রেমের কাহিনি। তাঁর অসাধারণ বাবার কথা। আসামের চা-বাগান আর কলকাতার জন–অরণ্যের বিচিত্র অভিজ্ঞতায় বড় হয়ে ওঠার কথা।

সলিল চৌধুরীর অসামান্য গানের কথা আর সুর ছড়িয়ে থাকুক বাংলা গানের জগতে। সলিল যুগ যুগ বেঁচে থাকুন তাঁর গানের সুর আর কথার মহিমায়।