‘ব্যাচেলর পয়েন্ট’-এর পোস্টার অবলম্বনে
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পোস্টার অবলম্বনে

ব্যাচেলর পয়েন্ট: হাসির আড়ালে কোন সমাজের প্রতিচ্ছবি?

সংলাপ, অঙ্গভঙ্গি আর উদ্ভট সব কর্মকাণ্ডে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা কয়েকজন তরুণের ব্যাচেলর জীবনকে কেন্দ্র করে নির্মিত এ ধারাবাহিক এখন পঞ্চম সিজনের শেষ প্রান্তে। দীর্ঘ পথচলায় নাটকটির চরিত্রগুলো শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি; তাদের সংলাপ, ভাষাভঙ্গি ও আচরণ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে তরুণদের দৈনন্দিন আড্ডায়।

কিন্তু হাসির এ বিপুল আয়োজনের আড়ালে কী ধরনের সামাজিক বাস্তবতা নির্মিত হচ্ছে? নারীর উপস্থাপনে কেন বারবার ফিরে আসছে প্রেম, প্রতারণা, গ্ল্যামার আর পুরুষনির্ভরতার চেনা ছক? অন্যদিকে পুরুষ চরিত্রগুলোর কর্তৃত্বপরায়ণতা, আক্রমণাত্মক ভাষা, অন্যকে হেয় করার প্রবণতা কিংবা অশালীন অঙ্গভঙ্গি যখন হাস্যরসের উপাদান হয়ে ওঠে, তখন কি তা নিছক বিনোদনেই সীমাবদ্ধ থাকে? নাকি জনপ্রিয়তার আবরণে এসব আচরণ সামাজিক স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি করে?

‘ব্যাচেলর পয়েন্ট’, ঈদুল আজহা, ২০২৫, পোস্টার

গণমাধ্যম শুধু বিনোদন দেয় না, সমাজ সম্পর্কে ধারণা নির্মাণ ও আচরণ শেখার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। জর্জ গার্বনারের কালটিভেশন তত্ত্ব এবং আলবার্ট বান্দুরার সামাজিক শিখন তত্ত্বের আলোকে তাই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয়তার পাশাপাশি এর চরিত্র নির্মাণ, জেন্ডার উপস্থাপন ও সম্ভাব্য সামাজিক প্রভাবের একটি সমালোচনামূলক পাঠ জরুরি। প্রশ্নটি শেষ পর্যন্ত শুধু কতটা হাসলাম, তা নয়; বরং হাসতে হাসতে কোন আচরণকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি, কোন স্টেরিওটাইপকে আরও শক্তিশালী করছি এবং নতুন প্রজন্মের সামনে কেমন সামাজিক আদর্শ তুলে ধরছি?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাহিনি মূলত আবর্তিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা কয়েকজন ব্যাচেলরদের নিয়ে। নোয়াখালী থেকে আসা কাবিলা, বরিশালের হাবু, শুভ, পাশা আর আমেরিকাফেরত নেহাল মূলত কেন্দ্রেীয় চরিত্র। এসব মূল চরিত্রের সঙ্গে যোগ–বিয়োগ ঘটেছে শিমুল, জাকির, রকি, মতলব, পাগলা সুজনসহ প্রমুখ। এখন সিজন পাঁচ শেষ হচ্ছে। নাটকটি একই সঙ্গে একটি টিভি চ্যানেল, একটি ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবে প্রচারিত হচ্ছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নারী চরিত্রগুলো বিশ্লেষণ করলে গার্বনারের কালটিভেশন থিওরির সঙ্গে মেলানো যায়, যেখানে আমেরিকান টিভির কনটেন্টে নারী চরিত্রের স্টেরিওটাইপড উপস্থাপনের কথা বলা হয়েছে যেখানে নারীদের অসহায়ত্বের ত্রাণকর্তা হিসেবে পুরুষ চরিত্রের নায়কোচিত আবির্ভাব কিংবা অপেক্ষাকৃত দুর্বল ও কেবল গ্ল্যামারনির্ভর চরিত্রে নারীদের উপস্থাপন করা হয়। নারীদের এমনধারার বারবার উপস্থাপনা দর্শকের মানসপটে এসব গৎবাঁধা ধারণার আসনকে পাকাপোক্ত করে।

নারীর নেতিবাচক বিচিত্রায়ন

কাবিলার প্রেমিকা মূলত নোয়াখালীর রোকেয়া; তবে ঢাকায় থাকা ইভার প্রতিও রয়েছে তার চরম দুর্বলতা। মনে মনে ইচ্ছা, একই সঙ্গে দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাওয়ার। তবে এ সিজনে ইভা দেশের বাইরে চলে যাওয়ায় কাবিলার দুই ফুল এক মালি কার্যক্রমে বাধা পড়ে। অন্যদিকে পুরো নাটকেই রোকেয়ার সঙ্গে ফোনালাপ করতে দেখা যায় কাবিলাকে। নোয়াখালীর মেয়ে রোকেয়ার সব কাজকর্মেই শ্যেনদৃষ্টি কাবিলার। রোকেয়ার জিমে ভর্তি হওয়া কিংবা কোনো অনুষ্ঠানে দলগত নাচে অংশ নেওয়াসহ সবকিছুতেই কাবিলার ঘোর আপত্তি। সব সময়ই সে রোকেয়াকে নিয়ন্ত্রণ করতে চায়। কখনো নোয়াখালীর পলি চেয়ারম্যানের ছেলে, কখনোবা ঢাকায় বিবিএ–পড়ুয়া ধনাঢ্য যুবকের আইডেন্টিটি প্রতিষ্ঠার মাধ্যমে এ সম্পর্কে আপার হ্যান্ড নিতে মরিয়া সে।

অন্যদিকে প্রতিবেশী স্পর্শকে ঘিরে কাবিলা, পাশা ও নেহালের ভেতর তৈরি হয় ফ্যান্টাসি। শুরুর দিকে এ ফ্যান্টাসিতে খানিক হাওয়া দিতে শুরু করে স্পর্শ। নানা অজুহাতে ব্যাচেলরদের বাসায় আসা, পরিবারের সদস্যদের কেক কিংবা গিফট দেওয়া, মাঝেমধ্যে আউটিংয়ে ব্যাচেলর গ্রুপের সারথি হতে দেখা যায় স্পর্শ নামক চরিত্রটিকে। যদিও পরবর্তীকালে নেহালের সঙ্গে রোমান্টিক সম্পর্কে থিতু হয়। অন্তরা কিংবা লামিয়ার চরিত্রচিত্রণেও একাধিক প্রেম, চিটিং, গ্ল্যামারাস উপস্থাপনাই মুখ্য হয়ে ওঠে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের একটি দৃশ্য

ব্যাচেলর বাড়ির কাজের সহযোগী মিস লাভলী অনেকটাই ফাঁকিবাজ ও ফাপরবাজি করে চলেন। হাত- টানের অভ্যাসও আছে। সম্প্রতি বাচ্চুর কাছ থেকে কোটিখানেক টাকা পেয়েছেন। কোটি টাকা দিয়ে ডাবল মুনাফা লাভের আশায় বিভিন্ন ধরনের ব্যবসা করার ফন্দি করছেন। ব্যাচেলর বাড়ির বাড়িওয়ালী পাশার পূর্ব পরিচিত, দুজনের মধ্যে প্লেটোনিক লাভ রয়েছে। নাবিলা চরিত্রটিকে কিছুটা স্টেরিওটাইপডের বাইরে দেখানো হলেও, শেষের সিজনে নাবিলার তেমন উপস্থিতি চোখে পড়েনি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নারী চরিত্রগুলো বিশ্লেষণ করলে গার্বনারের কালটিভেশন থিওরির সঙ্গে মেলানো যায় যেখানে আমেরিকান টিভির কনটেন্টে নারী চরিত্রের স্টেরিওটাইপড উপস্থাপনের কথা বলা হয়েছে যেখানে নারীদের অসহায়ত্বের ত্রাণ কর্তা হিসেবে পুরুষ চরিত্রের নায়োকোচিত আবির্ভাব কিংবা অপেক্ষাকৃত দুর্বল ও কেবল গ্ল্যামার নির্ভর চরিত্রে নারীদের উপস্থাপন করা হয় । নারীদের এমনধারার বারবার উপস্থাপনা দর্শকের মানসপটে এসব গৎ বাঁধা ধারণার আসনকে পাকা-পোক্ত করে। ব্যাচেলর পয়েন্ট এক্ষেত্রে আরো এগিয়ে। নারীরা লোভী, ডাবল টাইমিং এ আসক্ত, গ্ল্যামার দেখিয়ে পুরুষদের ফাঁদে ফেলে, নৈতিক স্খলনকে উস্কে দেওয়া সহ বিচিত্র ডিসকোর্স প্রতিষ্ঠার পায়তারা করা হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নারী চরিত্রগুলো

শহুরে ব্যাচেলর জীবন মানেই আনন্দ-ফুর্তি, পার্টি করা, দেশে বা দেশের বাইরে ঘুরতে যাওয়া। ব্যাচেলর জীবনের সংগ্রাম কিংবা টানাপোড়েনের গল্পকে খানিক পাশ কাটিয়ে নাটকটি মূলত কমেডিনির্ভর, ব্যাচেলরদের নানা ধরনের হাস্যকর কার্যকলাপই মূল উপজীব্য। বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি এখানে প্রাসঙ্গিক। বান্দুরার মতে, কোনো আক্রমণাত্মক আচরণ যদি পর্দায় হাস্যরস, জনপ্রিয়তা বা সামাজিক স্বীকৃতি পায়, তাহলে দর্শকের কাছে সে আচরণ অনুকরণযোগ্য বলে মনে হতে পারে।

ব্যাচেলরদের চারিত্রিক চুলচেরা বিশ্লেষণ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর চরিত্রনির্ভর গল্প বলার কৌশল। প্রতিটি চরিত্রের আলাদা ভাষা, আচরণ, মানসিকতা ও সামাজিক অবস্থান রয়েছে। ফলে দর্শক সহজেই তাদের সঙ্গে পরিচিত ও একাত্ম হয়ে ওঠেন। কিন্তু এ একাত্মতা আদতে কি কেবল বিনোদনের অংশ হয়ে থাকে নাকি আবেগীয় মুক্তির মাধ্যমে সামাজিক শিখন চলতে থাকে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরুষ চরিত্রদের মধ্যে কেন্দ্রীয় চরিত্র কাবিলা। নোয়াখালীর ভাষায় কথা বলা কাবিলার সংলাপ ও অধিভাষা দুটোই দর্শকসমাদৃত। তবে এসব সংলাপের ভেতর দিয়ে রুক্ষ ভাষা, ব্যঙ্গাত্মক মন্তব্য এবং অন্যকে ছোট করে কথা বলার প্রবণতা বিশেষভাবে চোখে পড়ে। কাবিলার বিদ্রূপাত্মক সংলাপ সবচেয়ে বেশি দেখা গেছে পাশাকে নিয়ে। ‘বাবু রে, হ্যাতে তো এখন বিরাট ব্যবসায়ী’ বলে নানান সময় নেতিবাচক মন্তব্য করে গেছে সে। কর্তৃত্বপরায়ন মনোভাব ও বুলি করার প্রবণতাও লক্ষ করা গেছে। বিশেষ করে জাকির ও রকির নানা কর্মকাণ্ড ও হাস্যরস সে আদতে বুলিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে গেছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ফারিয়া শাহরিন

নাটকে পাশা নামের চরিত্র খানিকটা রাশভারী, নার্সিসিস্ট ধাঁচের। ব্যাচেলর ফ্ল্যাটের সবচেয়ে বড় ঘরটিতে তার বসবাস । সেখানে বিশালাকৃতির একখানা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৪ ঘণ্টাই সচল। এমনকি পাশার বাথরুমও নানান বিদেশি প্রসাধনী ও পোস্টার দিয়ে ঠাসা। বাড়ির অন্য সদস্যদের সেই বাথরুম নিয়ে আছে বিশাল ফ্যান্টাসি। কিন্তু কারো অনুমতি নেই তার ঘরে ঢোকার। আন্ডারগার্মেন্টসের ব্যবসায়ী পাশা নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবে। সে বাইরের কফি বা পানীয় পান করে। নিজের বিষয়ে ষোলো আনা বোঝা পাশা কোনো কথা মনঃপূত না হলেই ‘এ এ…’ রব তোলে। কোনো কথা পছন্দ না হলেই ‘সহবাস কইরা দিমু কইলাম’… বলে ওঠে। পাশার পাশপাশি জাকিরের অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ সংলাপ হামেশাই চোখে পড়ে। যদিও নাটকে পরিচালক নিপাট ভদ্র ও বুদ্ধিমান হিসেবে নেহাল এবং সরল-সোজা হাবুকে সংযোজনের মাধ্যমে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছেন। শেষের দিকে সদ্য ডিভোর্স হওয়া আরেফিনও আবার ব্যাচেলর বাসায় ফেরত আসে। শহুরে ব্যাচেলর জীবন মানেই আনন্দ-ফুর্তি, পার্টি করা, দেশে বা দেশের বাইরে ঘুরতে যাওয়া। ব্যাচেলর জীবনের সংগ্রাম কিংবা টানাপোড়েনের গল্পকে খানিক পাশ কাটিয়ে নাটকটি মূলত কমেডিনির্ভর, ব্যাচেলরদের নানা ধরনের হাস্যকর কার্যকলাপই মূল উপজীব্য। বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি এখানে প্রাসঙ্গিক। বান্দুরার মতে, কোনো আক্রমণাত্মক আচরণ যদি পর্দায় হাস্যরস, জনপ্রিয়তা বা সামাজিক স্বীকৃতি পায়, তাহলে দর্শকের কাছে সে আচরণ অনুকরণযোগ্য বলে মনে হতে পারে। বান্দুরা অবজারভেশন লার্নিংয়ে মনোযোগ, মনে রাখা, পুনরুৎপাদন ও প্রেরণা—এ চারটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার কথাও উল্লেখ করেছেন। কাবিলা, পাশা, হাবু , জাকির—এদের মূলত প্রতীকী চরিত্র হিসেবে বিবেচনা করা হয়। কাবিলার আঞ্চলিক উচ্চারণ, শাসনের নামে অপমানজনক মন্তব্য, আক্রমণাত্মক কথাবার্তা, পাশার কর্তৃত্বপূর্ণ আচরণ, নিজের স্বার্থ দেখা, সবার ওপর প্রভাব বিস্তার করতে চাওয়ার প্রবণতা কিংবা হাবু ভাইয়ের সরলতাকে কেন্দ্র করে তৈরি হাস্যরস, জাকিরের অশালীন বাচনিক ও অবাচনিক সংলাপ দর্শকদের কাছে শুধু বিনোদনের উপাদান নয়। বান্দুরার তত্ত্ব অনুযায়ী, দর্শক প্রথমে পর্দায় এগুলো দেখেন এবং চটকদার দৃশ্য ও অভিনয় দর্শকের মনোযোগ আকর্ষণ করে। দ্বিতীয় ধাপে দর্শক চরিত্রগুলোর জনপ্রিয় সংলাপ, উচ্চারণ ও আচরণ মনে রাখেন। তৃতীয় পর্যায়ে দর্শক বন্ধুদের সঙ্গে কথাবার্তায় সেই সংলাপ বা আচরণ অনুকরণ করতে পারেন। চতুর্থ পর্যায়ে অনুকরণ করে বন্ধুদের হাসি, প্রশংসা বা সামাজিক স্বীকৃতি পেলে আচরণটি আবার করার আগ্রহ বাড়তে পারে। কাজেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চরিত্রগুলোর চটকদার সংলাপ ও চারিত্রিক বৈশিষ্ট্য দর্শকের মনোযোগ আকর্ষণ করে, মাথায় গ্রোথিত হয়। পরবর্তীকালে পরিচিত মহলের আলাপ–আলোচনায় এগুলো প্রয়োগের প্রবণতা দেখা দিতে পারে এবং আচরণ প্রশংসিত হলে এগুলো নতুন প্রজন্মের ভাষা বা আচরণ হিসেবে বারবারই উপস্থাপিত ও মেইনস্ট্রিমিং হওয়ার সম্ভাবনা পোক্ত হয়।

তবে নাটকটির ইতিবাচক দিকও উপেক্ষা করা যায় না। বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানো ও মানসিক সমর্থনের দৃশ্যগুলোও দর্শকদের সামনে ইতিবাচক সামাজিক আচরণের দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে।‘ব্যাচেলর পয়েন্ট’ আঞ্চলিক ভাষা, স্বতন্ত্র চরিত্র, চটুল সংলাপ ও বন্ধুত্বের গল্প দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে জনপ্রিয়তার পাশাপাশি এর সামাজিক দায়বদ্ধতার প্রশ্নও গুরুত্বপূর্ণ।

এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে নাটকের সংলাপ শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে না। দর্শক সেগুলো অনুকরণ করে ভিডিও তৈরি করেন, মিমের মাধ্যমে নতুন অর্থ নির্মাণ করেন এবং দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করেন। ফলে জনপ্রিয় চরিত্রের আচরণ নাটকের মূল গল্পের বাইরেও সামাজিক যোগাযোগের অংশ হয়ে উঠতে পারে।

অবশ্য কোনো চরিত্র জনপ্রিয় হলেই দর্শক তার আচরণ অনুকরণ করবেন, এমন নয়। দর্শকের বয়স, ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক পরিবেশ ও আচরণের সম্ভাব্য পরিণতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে চাষী আলম

তাই ‘ব্যাচেলর পয়েন্ট’ বিশ্লেষণের ক্ষেত্রে প্রশ্নটি শুধু দর্শক কেন কাবিলার সংলাপে হাসেন কিংবা পাশা ভাইয়ের আচরণ উপভোগ করেন, তা নয়। বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জনপ্রিয় বিনোদনের মধ্য দিয়ে কোন আচরণগুলো সামাজিক স্বীকৃতি পাচ্ছে এবং কোন আচরণগুলোকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

এ দৃষ্টিকোণ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি জনপ্রিয় কমেডি ধারাবাহিক নয়; এটি বাংলাদেশের সমকালীন তরুণসমাজের ভাষা, আচরণ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনারও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান।

তবে নাটকটির ইতিবাচক দিকও উপেক্ষা করা যায় না। বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানো এবং মানসিক সমর্থনের দৃশ্যগুলোও দর্শকের সামনে ইতিবাচক সামাজিক আচরণের মডেল উপস্থাপন করতে পারে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে জিয়াউল হক পলাশ ও মিশু সাব্বির

‘ব্যাচেলর পয়েন্ট’ আঞ্চলিক ভাষা, স্বতন্ত্র চরিত্র, চটুল সংলাপ ও বন্ধুত্বের গল্প দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে জনপ্রিয়তার পাশাপাশি এর সামাজিক দায়বদ্ধতার প্রশ্নও গুরুত্বপূর্ণ। নারীর নেতিবাচক উপস্থাপন, পুরুষ চরিত্রগুলোর কর্তৃত্বপরায়ণতা, আক্রমণাত্মক ভাষা ও অন্যকে হেয় করার প্রবণতা যখন হাস্যরসের উপাদান হয়ে ওঠে, তখন তা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। বিনোদন নিছক বিনোদনেই সীমাবদ্ধ থাকে না; দর্শকের চিন্তা ও আচরণেও প্রভাব ফেলতে পারে। তাই প্রশ্ন থেকেই যায়, হাসির আড়ালে আমরা কোন সামাজিক মূল্যবোধকে স্বাভাবিক করে তুলছি এবং নতুন প্রজন্মের সামনে কেমন সমাজের প্রতিচ্ছবি তুলে ধরছি?

সামিয়া আসাদী: গণমাধ্যম গবেষক ও লেখক