আবুল হাসানের (৪ আগস্ট ১৯৪৭—২৬ নভেম্বর ১৯৭৫) ছবি অবলম্বনে
আবুল হাসানের (৪ আগস্ট ১৯৪৭—২৬ নভেম্বর ১৯৭৫) ছবি অবলম্বনে

মৃত্যুদিনে স্মরণ

আবুল হাসান : স্মৃতি ও কবিতা

২০০৩ সালের ৫ ডিসেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ লেখা প্রকাশিত হয়। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আবুল হাসানের মৃত্যুদিনে আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

আবুল হাসান (১৯৪৭-৭৫) আমার অনুজ-সমসাময়িক কবি। ষাটের দশকেরই। বরিশাল থেকে কবিতার চোরাটানেই ঢাকায় এসেছিল এবং তার প্রথম বইয়ের প্রথম কবিতার নামটিই আশ্চর্য—‘আবুল হাসান’। কবিতাটির সর্বশেষ পঙ্‌ক্তিত্রয়ে যা লিখেছিল, তা কি মৃত্যুর এত বছর পরে তারই কোনো সহযাত্রীর পুনরুচ্চারণের জন্য? ‘তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল, কোনোদিন/ ভালোবেসেছিল সেও যুবতীর বামহাতে পাঁচটি আঙুল?/ ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর ইশকুল?’ হাসান বেঁচে ছিল যত দিন, দাপটে চালিয়েছিল। পৃথিবীতে এমন কেউ কেউ থাকে, যারা কবিতা ছাড়া আর কিছু জানে না, যেমন ইংরেজি সাহিত্যে জন কিটস, বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য, ফরাসি সাহিত্যে জ্যঁ আর্তুর র‍্যাঁবো, রুশ সাহিত্যে মায়াকোভস্কি, তেমনি আমাদের আবুল হাসান। এঁরা সবাই কবিতার মধ্যেই আমুণ্ডনখাগ্র নিমজ্জিত এবং অতিদ্রুত অন্তর্হিত। আমাদের সময়ের এ রকম এক ক্ষণকালীন প্রজাপতি আবুল হাসান।

আমাদের একটু পরে এসে অনেক আগে চলে গিয়েছে আবুল হাসান। স্থায়ী জীবিকা কিছু ছিল না তার, গণবাংলা নামের একটি সংবাদপত্রের সাহিত্য সাময়িকীতে শ্লিষ্ট ছিল কিছুকাল, বোধ হয় শহীদ কাদরীর সহকারী হয়ে, একটু রাত করে আসত আমার কাছে, লেখার জন্য। শহীদ কাদরী সমভিব্যবহারেও কোনো কোনো রাতে আসত। কাজ করেছিল আরও কোনো কোনো সংবাদপত্রে—সবই অল্প দিনের জন্য। আমার নৈশ কলেজের অফিসকক্ষেও হাসান হানা দিত মাঝে মাঝে, সবান্ধব, কখনো একা। কত না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি আমরা—গ্রিনরোডে, নিউমার্কেটে, শাহবাগে, স্টেডিয়ামে, বাংলাবাজারে। রেস্তোরাঁয় আড্ডা দিয়েছি ঘণ্টার পর ঘণ্টা। একেকটি দিন বেলুনের মতন শূন্যে উড়িয়ে দিয়েছি অকারণে হাসতে হাসতে, শুধু কবিতা বিষয়ে নির্বিরাম আলোচনা করতে করতে।

আবুল হাসান (৪ আগস্ট ১৯৪৭—২৬ নভেম্বর ১৯৭৫)

বরিশাল থেকে ওরা তিনজন এসেছিল—আবুল হাসান, হুমায়ুন কবির, শশাঙ্ক পাল। তিনজনই অকালপ্রয়াত—শশাঙ্ক পাল সম্ভবত মুক্তিযুদ্ধের পরে পরে; এরপর হুমায়ুন কবিরের মৃত্যু হয়, আবুল হাসান তার বৃদ্ধিপ্রাপ্ত বা বর্ধনশীল হৃদ্‌যন্ত্র নিয়ে আর কিছুদিন পর। শশাঙ্ক পাল ও হুমায়ুন কবির লিপ্ত ছিল বাম বা অতিবাম রাজনীতিতে; আবুল হাসান কবিতা ছাড়া আর কিছুই বুঝত না। হুমায়ুন কবির-আবুল হাসান কবিতা লিখত, শশাঙ্ক পালের মূল ঝোঁক ছিল লিটল ম্যাগাজিন প্রকাশে—অমানুষিক কষ্ট করে ‘উল্কা’ আর ‘শ্রাবন্তী’ নামে তার চেয়ে স্বল্পায়ু দুটি পত্রিকা বের করে। হুমায়ুন কবিরও পত্রিকা বের করেছে। হাসানের তেমন প্রবণতা ছিল না, ও ছিল সর্বতোভাবে কবি, কিছু গল্পও লিখেছে বা কলাম। হুমায়ুন কবির, আবুল হাসান—দুজনই লিখত অঝোর ধারায়। হুমায়ুনের প্রথম কবিতাগ্রন্থের নাম ছিল ‘কুসুমিত ইস্পাত’। তার কবিতারও ধরন ছিল দুই রকম—ফুল একদিকে, আরেক দিকে লোহা। হুমায়ুন কবির-আবুল হাসান জুটি ভেঙে তারপর তৈরি হয় আবুল হাসান-নির্মলেন্দু গুণ জুটি। আবুল হাসান আর নির্মলেন্দু গুণের যুগলপ্রণীত কবিতার বইয়ের বিজ্ঞাপনও বেরিয়েছিল সমকাল পত্রিকায়। অনেক দিন পর্যন্ত ওদের নাম একসঙ্গে উচ্চারিত হয়েছে। হুমায়ুন কবির, নির্মলেন্দু গুণ, আবুল হাসান ঘুরেও বেড়াত একসঙ্গে—চায়ের দোকানে, হোটেলে, পত্রিকা অফিসে, এর-ওর আবাসে। পরে বগুড়া থেকে এসে ওদের সঙ্গে যুক্ত হয় মহাদেব সাহা। দিনরাত চরকির মতন ঘুরত আবুল হাসান; এর-ওর বাড়িতে বা হলে-হোস্টেলে-মেসে থাকত; আর কবিতা লিখত নির্ঝরের মতন। তখন টাকা আয়ের একটি মোক্ষম উপায় ছিল টেলিভিশনে কবিতা পাঠ। ব্যবস্থাটি ওরা করত। প্রযোজকেরা কেন যেন আমার নামটিও যুক্ত করে দিতেন। তখন তরুণ কবি আমরা। হাসান বা মহাদেব বা গুণ (সময় সময় অন্য কেউ কেউও থাকত) এসে খবর দিত আমাকে—অত তারিখে স্বরচিত কবিতা পাঠ আমাদের। সব মিলিয়ে এটা আমাদের খ্যাতি-প্রতিপত্তির সহায়ক হয়েছিল। নিউজপ্রিন্টে বলপেনে কত যে কবিতা লিখেছে আবুল হাসান, হেলাফেলায় ছড়িয়েছে এখানে-ওখানে, তার লেখাজোখা নেই। স্বাধীনতার আগে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে অগণন ছোট পত্রিকা—পত্রিকা বলব কি? নাকি পুস্তিকা?—বেরোত, স্বাধীনতার পর সংখ্যাহীন লিটল ম্যাগাজিন। এসব ক্ষণজীবী পুস্তিকা বা পত্রিকায় কত যে কবিতা লিখেছে হাসান, সেসব নিঃশেষে খুঁজে পাওয়া যাবে না আর।

আমি ও অধ্যাপক আবদুস সেলিম ১৯৭০ সালে ‘শিল্পকলা’ নামে একটি প্রবন্ধ পত্রিকা বের করেছিলাম। লিটল ম্যাগাজিন আরকি। আমার বহুমুখ শিল্পাগ্রহের কারণে নানা রকম শিল্পকলা সম্পর্কে আমাদেরই বন্ধুদের ছোট ছোট কয়েকটি ঝলমলে লেখায় সম্পন্ন থাকত আমাদের পত্রিকা। ১৯৭৩-এ মাত্র আটটি সংখ্যা প্রকাশিত হওয়ার পর বন্ধ হয়ে যায় শিল্পকলা। প্রবন্ধ পত্রিকা হলেও সদ্য স্বাধীন বাংলাদেশে আবেগের ও কবিতার জোয়ার যখন বইছিল, তখন শিল্পকলা সেই জলোচ্ছ্বাসকে কী করে ঠেকিয়ে রাখবে! ষষ্ঠ ও অষ্টম, অর্থাৎ সর্বশেষ সংখ্যার ক্রোড়পত্রে স্থান করে নিয়েছিল অনিবারণ কবিতা। শিল্পকলার ষষ্ঠ সংকলনটি (জ্যৈষ্ঠ ১৩৭৯) ছিল আমাদের কাগজের সবচেয়ে সুদর্শন সংখ্যা। নবাবপুর রোডের আলেকজান্দ্রা প্রেসে ছিল লাইনো টাইপ, আর সেই অবিরাম লাইনো টাইপের মধুতে মৌমাছির মতন আটকে গিয়েছিলাম তদানীন্তন তরুণ কবি-লেখকেরা। স্বাধীনতার পর কয়েক বছর আলেকজান্দ্রা প্রেস থেকে অনেক কবিতাগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, পত্রিকা বেরিয়েছিল। ওই লাইনো টাইপে মুদ্রিত শিল্পকলার ষষ্ঠ সংখ্যার ক্রোড়পত্রে একেকজন কবির তিনটি করে কবিতা মুদ্রিত হয়েছিল—মৌলিকে, অনুবাদে। লিখেছিলাম: দাউদ হায়দার, আবুল হাসান, শাহনূর খান, সেলিম সারোয়ার, আমি, আবদুল্লাহ আবু সায়ীদ (স্যাফোর কবিতার অনুবাদ) আর আবদুস সেলিম (নেরুদার কবিতার অনুবাদ)। আবুল হাসানের কবিতাত্রয়ের তিনটি এখানে উদ্ধৃত হলো:

দুঃখের ভাঙন

সমস্ত কিছুই ভাঙছে নদীতীর নির্জন কোমল কাচ,

হীরের শরীর

ভেঙে যাচ্ছে মাটির কলস গাছ ভাঙছে

গাছের শরীরে কারো কুঠারের শব্দ শুনে

আঁতকে উঠছে কান

এইভাবে বহুকিছু ভেঙে যাচ্ছে, সংসারের

সবুজ গেলাশ,

চিনেমাটি, বাসনকোসন, সময়ের হাতঘড়ি,

তাও ভাঙছে,

কতকিছু ভেঙে যাচ্ছে কোমল সবুজ অই

আমলকী গাছের ডাল,

ভেঙে যাচ্ছে পুকুরের পাড় থেকে

খুচরো কাজল মাটি অসতর্কতায়

আর এক আঘাত লেগে ভেঙে যাচ্ছে

তোমার সোনালি হাসি

হয়তোবা আঁচলের আসন্ন গোলাপ!

সমস্ত কিছুই ভাঙছে, ঝরা পাতা, কাচের গেলাস,

তোমার কাচের চুড়ি,

সমস্ত ভাঙার শব্দ কেউ না কেউ শুনে ফেলেছে,

কখনও এমনও হয়, তুমি খুব গোপনে গোপনে ভাঙছো

তোমার অর্জিত সুখ, সোনারুপো সঞ্চিত শরীর!

সমস্ত কিছুই ভাঙছে, সমস্ত ভাঙার দুঃখে আর তাই

একটু একটু ভাঙছে কপাল!!

রাইনহার্টের বাড়িতে আবুল হাসানের বিশ্রাম, বার্লিন, পূর্ব জার্মানি, ১৯৭৫

নিঃসঙ্গভাষণ

আকাশে মেঘের মতো অলস ভাসছো তুমি অন্ধকারে

আর তোমার বন্ধুরা যায় তোমাকে পিছনে ফেলে নতুন মেলায়;

তাদের হাঁটার শব্দ বাতাসে ওড়ায় রুপা আধুলি ও সিকির সৌরভ

মেলায় চলেছে তারা, ভালুক নাচবে সখী নটনটী আসবে সেখানে

ঘুঙুর পড়বে ঝরে শেষ রাতে যেন শিউলিফুল

বন্ধুরা মেলায় যায়, ঘুঙুরের শব্দে ঘুমায়, কেউ কেউ জেগে থাকে,

একজন তীব্র নটী বাঁশির মতন সরু গলা থেকে

গান খুলে বাতাসে ভাসায়;

গান, নীলিমার মতো নীল রুমালের মতো মিহি ব্যথা দিয়ে বোনা

গান, বনভূমি থেকে আনা প্রথম ফাল্গুন হাওয়া, বসন্ত বাতাস,

গান, নদীর মতো, জলে থৈ থৈ শব্দ দিয়ে ভরা;

গান, অসুখে জ্বরের ঘোরে মাথার উপরে কারো হাতের পরশ,

গান, নার্সের ধবল হাসি, বোনের শিয়রে এসে মৃদু কথা বলা,

শিরাতন্ত্রী ছুঁয়ে দিয়ে মহাকাল মতো মৃদু একাকী দাঁড়ানো।

কে তুমি গানের জন্য বাঁশিকে ব্যথার মতো তুলে ধরো ঠোঁটে

কে তুমি মেলায় এসে ম্লান হও? মনে পড়ে আমাকে তোমার?

মনে পড়ে আমিও ছিলাম, উঠানে রোদের ছায়া তার পাশে গোধূলিবেলায়

কে তুমি মেলায় যাও, বন্ধু তোমার কাছে আমার ভাষণ,

আমি কি মেলার সঙ্গী কোনোদিন কখনো হবো না?

গানের প্রাণের সঙ্গী কোনোদিন কখনো হবো না?

ক্ষণিক

দুঃখগুলি উল্টে দিয়ে দীর্ঘ একটি পুষ্প কর্ না,

প্রহর যায়, প্রহর যাক, এখন তুই হসনে ঝরনা।

রক্তগুলি রাঙিয়ে দিয়ে রঙিন একটি আয়না কর্ না,

প্রহর যায়, প্রহর যাক, এখন তুই হসনে ঝরনা।

‘দুঃখের ভাঙন’ কবিতার দুটি ভিন্ন পাঠ আছে কবিতাসমগ্রর ‘অগ্রন্থিত কবিতা’ অংশের দুটি কবিতায়—‘ভাঙনের শব্দ শুনি’ ও ‘খসড়া’। আমার বিশ্বাস, ‘দুঃখের ভাঙন’ কবিতাটিই হাসানের অভীপ্সিত পাঠ। দেখা যাচ্ছে, অবিরল লিখলেও তারই স্বজেলার কবি জীবনানন্দের মতন হাসান অন্তত কোনো কোনো কবিতা পরিশোধন-পুনঃশোধন করত তার প্রকল্পিত গন্তব্যে পৌঁছানোর জন্য। ‘ক্ষণিক’ কবিতাটির হয়তো পূর্ব-পাঠ অগ্রন্থিত কবিতা অংশের ‘বিছা শিরোনামহীন কবিতা’র ৮-সংখ্যক কবিতার ক-চিহ্নিত অংশ। ‘ক্ষণিক’ কবিতার লেখনটিই খুব সম্ভবত কবির আরাধ্য লেখন। ‘নিঃসঙ্গ ভাষণ’ কবিতাটি সম্ভবত আজও অসংকলিত। এসব থেকেই প্রমাণিত হয়, আবুল হাসানের এ রকম আরও কবিতা পত্রপত্রিকায় ছড়ানো-ছিটোনো আছে আজও।

স্বাধীনতার পর আবুল হাসান আর সৈয়দ সালাউদ্দিন জাকী ‘কাক’ নামের একটি লিটল ম্যাগাজিন বের করেছিল। ক সংখ্যা বেরিয়েছিল, মনে নেই। আমি তাতে লিখেছিলাম। যেটুকু স্মরণে আছে, তাতে ‘কাক’ পত্রিকার শ্রেষ্ঠ লেখাটি লিখেছিলেন শামসুর রাহমান—কয়েক পঙ্‌ক্তির ছোট সান্দ্র নিরুপম একটি লিরিক।

জীবত্কালে ওর মাত্র তিনটি কবিতার বই বেরিয়েছিল—‘রাজা যায় রাজা আসে’ (১৯৭২); ‘যে তুমি হরণ করো’ (১৯৭৪); আর ‘পৃথক পালঙ্ক’ (১৯৭৫)। ‘পৃথক পালঙ্ক’ বেরোনোর পর কবি-সমালোচক হাসান হাফিজুর রহমান উদ্ভাসিত উত্তেজনায় এক আসরে আমাদের বলেছিলেন, ‘আবুল হাসান তার এই বইয়ে কবিতার যে শিখরে পৌঁছেছে, সেখানে আপনারা কেউ যেতে পারেননি।’ হাসান হাফিজুর রহমানের এই উক্তি ছিল ষাটের দশকের কবিদের প্রসঙ্গে। হাসান হাফিজুর রহমান এ কথা লেখেননি কোথাও। এই উচ্চারণ তাই এখানে খোদিত রেখে যেতে চাই। আবুল হাসান কিছুতেই বইয়ের নাম ঠিক করতে পারত না। একটি বইয়ের কয়েকটি নাম লিখে আমাকে জিজ্ঞেস করত: ‘কী নাম দেওয়া যায় বলেন তো, মান্নান ভাই?’ একটা নাম নির্বাচিত হয়ে গেল, কিন্তু বই যখন বেরোল তখন দেখি আরেক নাম। মনে হচ্ছে যেন, হাসান তার বইয়ের নাম খুঁজে না পেয়ে কলকাতার সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার তখনকার একটি সংখ্যায় প্রকাশিত অতীন বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প থেকেই তার কবিতাগ্রন্থের নাম রেখেছিল ‘রাজা যায় রাজা আসে’। অবিকল বা একটু এদিক-ওদিক করে। শুধু শেষ বইটির নাম নিয়ে ভাবতে হয়নি ওকে, বইয়ের নাম দিয়ে দিয়েছিল ‘রাজাধিরাজ মৃত্যু’। হাসানের মৃত্যু যখন একেবারে শিয়রে, লেখাগুলোও তার অব্যবহিত আগের, তখন বেরিয়েছিল তার ‘পৃথক পালঙ্ক’, হাসপাতালে মৃত্যুশয্যায় দু-একটি কপি তাকে পৌঁছে দেওয়া হয়েছিল।

১৯৭৪-৭৫-এ রাইনহার্ট হেভিকের আঁকা আবুল হাসানের প্রতিকৃতি

জীবদ্দশায় প্রকাশিত তিনটি কবিতাগ্রন্থ বাদে হাসানের মৃত্যুর পরে ‘আবুল হাসানের অগ্রন্থিত কবিতা’ নামে একটি বই বেরিয়েছিল। সে বইয়ের সমালোচনা আমি লিখেছিলাম ‘এখন’ পত্রিকায়। আর একটি বই এখন আমার সামনে—‘আবুল হাসানের রচনাসমগ্র’। আমি নিশ্চিত, এর বাইরেও আবুল হাসানের অনেক কবিতা ও গদ্য রচনা পত্রপত্রিকায় প্রকীর্ণ অবস্থায় রয়ে গেছে আজও। রচনাসমগ্র গ্রন্থে ‘ওরা কয়েকজন’ নামে একটি ছোট কাব্যনাট্য আছে। আমার মনে হচ্ছে, সাপ্তাহিক ‘বিচিত্রা’ পত্রিকায় আবুল হাসানের জীবনের উপান্তে যে কাব্যনাট্যটি বেরিয়েছিল, তার নাম ‘মানুষ’। কথাশিল্পী শওকত ওসমান এটিকে পুস্তিকাকারে প্রকাশের জন্য হাসানকে কিছু টাকা দিয়েছিলেন বলে শুনেছিলাম। নাকি এটাই সেই কাব্যনাট্য?

আবুল হাসানের প্রথম কবিতাগ্রন্থ তার জননীকে, দ্বিতীয় কবিতাগ্রন্থ নির্মলেন্দু গুণকে, আর তৃতীয় ও সর্বশেষ কবিতাগ্রন্থ সুরাইয়া খানমকে উত্সর্গিত। অসামান্যা রূপসী ও অতুলনীয়া বিদুষী কবি সুরাইয়া খানমের (সুরাইয়া খানমের একটি মাত্র কবিতার বই বেরিয়েছিল—‘নাচের শব্দ’) সঙ্গে হাসানের শেষ জীবনের বন্ধুতা—পিজি হাসপাতালে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত—তাকে জীবনঘন অগ্নি ও তাপ জুগিয়েছিল। এর সঙ্গে বিচ্ছিন্ন কবিতা যাঁদের উত্সর্গ করা হয়েছে, তাঁদের নাম থেকেই তার জগচ্চিত্র উদ্ভাসিত হয়ে যাবে—শহীদ কাদরী (দীর্ঘকাল প্রবাসী), হেলাল, কাঞ্চন, ওয়ালী, বাচ্চু ও রাব্বী, সিকদার আমিনুল হক (সম্প্রতি প্রয়াত), মুহম্মদ নূরুল হুদা, শফিকুর রহমান, নজরুল ইসলাম শাহ, সুফিয়া চৌধুরী, নির্মলেন্দু গুণ, মামুনুর রশীদ, আবিদ, শেহাব (এই পাণ্ডুলিপির সংরক্ষক), সুকান্ত চট্টোপাধ্যায় (চিকিত্সক, দীর্ঘকাল থেকে কলকাতাবাসী, কথাশিল্পী), মনোয়ার ও মাশুক, আবদুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, গোলাম সাবদার সিদ্দিকী (হাসানের মতোই অকালপ্রয়াত), মুশাররফ রসুল (‘বুড়ো’ নামে যিনি পরিচিত ছিলেন, প্রয়াত, বিপ্লব দাশের ইয়ার), জিনাত ও তারেক, মাহফুজুল হক খান (আবুল হাসানের সত্যিকার অভিন্নহৃদয় বন্ধু, যে তার অকালমৃত্যুর আগে-পরে তার জন্য অনেক করেছিল), আশরাফুল আলম, হাসান হাফিজ, রাহাত খান। আবুল হাসান ছিল এই বৃত্তেরই অধিবাসী। না, বৃত্তটি আরও বড়—অনেক বড়। আরও অগণনের সঙ্গে মিশেছিল সে। অসংখ্য বন্ধুবান্ধব ছিল, ছিল একাকিত্বও। ছোটখাটো দুষ্টবুদ্ধিও (শিশুসুলভই বলব) ছিল হাসানের। আমি ও হাসান একবার দৈনিক বাংলার হিসাব বিভাগে বসে আছি টাকার আশায়। লাঞ্চ আওয়ার। একটু অপেক্ষা করতে হবে। হাসান বলল, ‘মান্নান ভাই, ১৯৭১ সালে দৈনিক বাংলার সাহিত্যপাতায় কারা লিখত, চলেন দেখি।’ পত্রিকা ঘেঁটে আমরা এমন দু-একজন লেখকের নাম পেলাম, যাঁরা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে গলা ফাটিয়েছেন, এমনকি উপন্যাস অবধি লিখে ফেলেছেন। যত দূর মনে পড়ছে, ১৯৭০ সালে আবুল হাসান প্রথমবার যখন মেডিকেল কলেজে ভর্তি হয়, তখন ওকে দেখতে গিয়েছিলাম এবং একটি লিটল ম্যাগাজিনে ‘হাসপাতালে’ নামে একটি কবিতাও লিখেছিলাম ওকে নিয়ে। তার মৃত্যুর পর আবুল হাসানকে আমি আমার একটি কবিতাগ্রন্থ উত্সর্গ করেছি—‘পার্ক স্ট্রিটে একরাত্রি’।

ষাট ও সত্তরের দশকে আমরা যারা তরুণ ছিলাম, ওই দুরন্ত সময়ের মতনই, সাহিত্যে যেন একটি ঘোরের মধ্যে ছিলাম। সেই ঘূর্ণাবর্ত পার হয়ে এখনো যে স্বস্থ-স্থির হয়েছি তা মনে হয় না যদিও। তবু একটু কি সবুজ মাটি বা দ্বীপ পাইনি? আবুল হাসানের অপ্রকাশিত কবিতার এই ডায়েরি বা পাণ্ডুলিপি পেয়ে প্রথম এ কথাই মনে হচ্ছিল। ডায়েরিটি সে তার সহাধ্যায়ী বন্ধুকে রাখতে দিয়েছিল। বহুভাষাবিদ শেহাবউদ্দীন আহমদ অনেক ঝড়বাদলের মধ্যে এতকাল এই পাণ্ডুলিপি সযত্নে রক্ষা করেছেন, এর জন্যই তিনি আমাদের ধন্যবাদার্হ। হোক আবুল হাসানের প্রথম জীবনের কবিতাগুচ্ছ, তবু এ থেকেও বোঝা যাবে, হাসানের মতো কবি উন্মুল নন—অক্ষিত নন—এক প্রবহমান নদী।

২.

টোমাস মান বলেছিলেন, ‘রাজনীতি আমাদের বিধিলিপি।’ আবহমান বাংলা কবিতা রাজনৈতিক কারণে—বৌদ্ধ যুগে, মুসলমান রাজত্বকালে বা ইংরেজ শাসনে—বদলে বদলে গেছে। ইংরেজ আমলে আধুনিক বাংলা সাহিত্য আমূল পরিবর্তিত হয়ে গিয়েছিল। ইংরেজ বিদায়ের পর অর্থাৎ দেশ বিভাগের পর পূর্ববঙ্গ যখন আলাদা একটি রাষ্ট্রের অন্তর্গত হলো, নাম হলো পূর্ব পাকিস্তান আর তার রাজধানী হলো ঢাকা, তখন, তারপর থেকে, এখানেও বাংলা সাহিত্যেরও যেন স্বতন্ত্র কিন্তু অপৃথক একটি প্রদেশ স্থাপিত হলো। আবার ১৯৪৭ সালে যে স্বাতন্ত্র্যের সূচনা হয়েছিল, ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর তার জীবনযাত্রা ও সাহিত্য হয়ে উঠল আরও সপ্রাণ ও গতিশীল।

আবুল হাসানের অভ্যুদয় দেশ বিভাগোত্তর ঢাকায়, ষাটের দশকে, আর লীন হয়ে যাওয়া মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, সত্তরের দশকের মাঝামাঝি সময়ে। মাত্র ২৯ বছরের আয়ুষ্কালে হাসানের অনেক বাসনা অচরিতার্থ থেকে গেছে, সন্দেহ নেই, অনেক কবিতা অলিখিত; কিন্তু তারপরও যে কবিতা রেখে গেছেন হাসান, তারই বিচার করতে হবে আমাদের, তারই বিবেচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে আসতে হবে। কবিতায় মনপ্রাণ সঁপে ছিল হাসান, প্রকৃতার্থে সর্বস্ব সমর্পণ করেছিল, তার বাস্তবতাও যেন ঢুকে গিয়েছিল মেঘের ভেতরে। সমালোচনার কাজ ভূমিস্পর্শী অভিযান। আবুল হাসানের কবিতার মূল্যায়ন করতে হবে সেই দেশ-কালের পরিপ্রেক্ষিতে।

বাংলাদেশের ষাটের দশকের কবিদের একজন আবুল হাসান, দ্বিতীয়ার্ধের। ষাটের দশকের প্রথমার্ধের কবিরা ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, শহীদুর রহমান, ফারুক আলমগীর, ইমরুল চৌধুরী, সিকদার আমিনুল হক, মফিজুল আলম, শাহজাহান হাফিজ, রফিক আজাদ, আহমদ ছফা, আফজাল চৌধুরী, রণজিৎ পাল চৌধুরী, হায়াৎ সাইফ, হায়াৎ মামুদ, মুশাররাফ করিম, সাযযাদ কাদির, আবু কায়সার, আসাদ চৌধুরী, অরুণাভ সরকার, বুলবুল খান মাহবুব, মোহাম্মদ রফিক, মুশফিকুর রহমান, ফারুক সিদ্দিকী, কাজী রব, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ; আর দ্বিতীয়ার্ধের কবিরা হচ্ছেন শাহনুর খান, হুমায়ুন কবির, রুবী রহমান, সমুদ্র গুপ্ত, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, জিনাত আরা মালিক (রফিক), সানাউল হক খান, জাহিদুল হক, হুমায়ুন আজাদ, মুহম্মদ নূরুল হুদা, মাকিদ হায়দার, ফরহাদ মজহার, আবুল কাশেম, মাহবুব সাদিক, সেলিম সারোয়ার, রাজীব আহসান চৌধুরী, মাহবুব-উল করিম প্রমুখ। এই দুই গ্রুপের মধ্যে সামান্য একটু তফাত আছে; প্রথম–পর্যায়ী কবিরা নান্দনিক বেশি, দ্বিতীয় পর্যায়ের কবিরা অপেক্ষাকৃত সমাজ-রাজনীতিচেতন। ষাটের দশকের দ্বিতীয়োক্ত ধারার কবিরা কবিতাকে অনেকখানি লোকপ্রিয় করে তোলেন। সাধারণভাবে পঞ্চাশের কবিরা চল্লিশের কবিদের চিত্কৃত বা ঘোষণাবিলাসী কবিতাকে রোমান্টিকতায় ফিরিয়ে আনেন আবার। ষাটের কবিরা তাকে নান্দনিকতায়-সামাজিকতায় আরও পরিশুদ্ধ করে নিয়েছিলেন। আবুল হাসানের কবিতা তারই সতীর্থ কবি নির্মলেন্দু গুণের বিপরীত : সমাজ-রাজনীতিবহির্ভূত: রোমান্টিক।

আবুল হাসান (৪ আগস্ট ১৯৪৭—২৬ নভেম্বর ১৯৭৫)

আবুল হাসানের প্রথম বইয়ের প্রথম কবিতারই নাম ‘আবুল হাসান’। এই কবিতার মধ্যেই হাসানের নিজস্ব অন্তরাত্মার ছাঁচ ধরা পড়েছে। অদ্ভুত এক রোমান্টিকতা নিজের নামের ছয়টি অক্ষর ঘিরে মঞ্জুরিত। পাথর? নাকি উপগ্রহ? নাকি রাজা? নাকি কান্না ভেজা চোখ? নাকি আকাশের তারা? যুদ্ধ? দীর্ঘশ্বাস? পুরো কবিতাটি যেন হাসানের নয়, যেন তার অচেনা কারও কোনো উক্তি। কিংবা তারই মৃত্যু–উত্তর কোনো উচ্চারণ। যেন এই কবিতা ইশারা দিচ্ছে আবুল হাসানের অকালমৃত্যুর। কবিতাটি একটি ভবিষ্যদ্বাণীর স্থাপনার মতন মনে হয়। এই বইয়ের কিছু কবিতা পুরোনো গম্বুজ হয়ে আছে। ‘চামেলী হাতে নিম্নমানের মানুষ’ কবির পিতার একটি করুণ প্রতিকৃতি। ‘মাতৃভাষা’ কবিতায় প্রমাণ করেছেন কবি—ক্ষুধাই মানুষের মাতৃভাষা। হাসান যখন সমাজচেতন বা রাজনীতিচেতন কবিতা লিখেছেন, তখনো তার ওপর এমন আবছা আবরণ পড়ে থাকে যে তা নেপথ্য-কণ্ঠের মতো মনে হয়। যেমন ‘উচ্চারণগুলি শোকের’ কবিতাটি, যেখানে শেষ পঙ্‌ক্তিগুলো এ রকম: ‘তবে কি আমার ভাই আজ/ ঐ স্বাধীন পতাকা? তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উত্সব?’ যেমন: স্বয়ং রাজনীতি নিয়েই যে কবিতা, ‘অসভ্য দর্শন’, সেখানে রাজনীতিকে তিনি চিহ্নিত করেছেন ‘তীব্র এক বেদেনীর সাপ-খেলা’ বলে। হাসানকে, শেষ বিশ্লেষণে, অরাজনৈতিক, এমনকি রাজনীতিবিরোধী বলেই মনে হয়।

কবি জসীমউদ্‌দীন (১৯০৩-৭৬) ও কবি পাবলো নেরুদাকে (১৯০৪-৭৩) দুটি কবিতা উত্সর্গ করেছিলেন আবুল হাসান। সাধারণ মানুষের কথা বললেও হাসান জসীমউদ্‌দীনের মতো পল্লিকবি নন, নন পাবলো নেরুদার মতো বিপ্লবী। সাধারণ মানুষের জন্য বেদনার বহিঃপ্রকাশ আছে হাসানের কবিতায়, খোলাখুলি, আলাদা সব কবিতায়। আবার নাগরিক কবি বলতে যা বোঝায়, যেমন ধরা যাক শহীদ কাদরী বা শামসুর রাহমান, তা–ও নয় হাসান। তার কবিতায় কিন্তু বাংলাদেশ ব্যাপ্ত হয়ে আছে। হাসানের কবিতায় কখনোই বৈপ্লবিকতা নেই—যে অর্থে আমাদের চল্লিশের দশকের বামপন্থী সমাজতন্ত্রী কবিদের কবিতায় আছে। মানুষ ও প্রকৃতির এমন একটি প্রবহমান মিশ্রণ-চিত্রণ আছে হাসানের কবিতায়, যা তারই নিজস্ব সিলমোহর-অঙ্কিত। হয়তো হাসানের কবিতায় কিছু অপব্যয় আছে, কিছু তাত্ক্ষণিকতা; কিন্তু যত তার মৃত্যু কাছে আসছিল, তত দানা বাঁধছিল হাসানের কবিতা। সুধীন্দ্রনাথ দত্তের একটি চিঠিতে পড়েছিলাম; মৃত্যু যত নিকটবর্তী হয়, তত যেন সমস্ত জীবনচিত্র এক লহমায় পুঞ্জীভূত হয়ে ওঠে। হাসানের সর্বশেষ কবিতাগুচ্ছে ঘটেছিল সেই ঘনীভবন, কেলাসন, আসঞ্জন সেই বাস্তব ও কল্পনার অপরূপ সংগম, সেই আনন্দ ও যাতনার সহবাস, সেই স্বজ্ঞা-অভিজ্ঞতা আর শব্দ-ছন্দের যৌথ রতিক্রীড়া, জ্যোত্স্না, যৌবন রোদ, ভালোবাসার একত্রমিলন: যা সব শিল্পীর উপাস্য। ‘পৃথক পালঙ্ক’ হাসানের সেই বই, যেখানে সে চূড়ায় আরোহণ করেছিল—তার সঙ্গে তার পূর্ববর্তী কি সমকালীন কোনো কবির সাযুজ্য নেই কোনো। হাসানের কবিতায় পালিশ নেই, হৃদয়বত্তা তার মূলধন। কোথায় যেন বাউলের টান আছে তার কবিতায়। যেন তার সব উচ্চারণ কী রকম বেদনা-খচা। দ্বিতীয় কবিতাগ্রন্থেরও কয়েকটি কবিতায় হাসানের আত্মতা প্রকাশিত। এ রকম একটি কবিতা ‘গোলাপের নিচে নিহত হে কবিকিশোর’ হাসানের একটি শ্রেষ্ঠ কবিতা, হয়তো এর নেপথ্যে মেঘের আড়ালে এক লাইন চাঁদের কাহিনি আছে, যা আমাদের অজ্ঞাত। নিহত বলে ঘোষণা দিল যে কবিকে হাসান, তাকেই সে কিন্তু বলছে: ‘তুমি সেরে ওঠো তোমার পথেই’ তারপর: ‘আমাদের পথে কখনো এসো না,/ আমাদের পথ/ ভীষণ ব্যর্থ আমাদের পথ।’ একে আমি তো মনে করি, শিল্পশোভন কূটাভাসিক। অথবা গোলাপের নিচে নিহত ওই কবিকিশোর কি আবুল হাসান নিজেই?

৩.

আবুল হাসানের এই পাণ্ডুলিপির স্বভাবতই শিরোনাম নেই কোনো। আমরা এই পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত একটি কবিতার নামানুসারে পাণ্ডুলিপিটি যখন গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে, নাম রাখলাম ‘মেঘের আকাশ আলোর সূর্য’, যা ছিল সাধারণের অগোচরে আচ্ছাদিত, তা এখন হয়ে উঠুক রৌদ্রকরোজ্জ্বল।

পাণ্ডুলিপির পৃষ্ঠা ওলটাতে ওলটাতে মনে পড়ল, অনেকের মতো আবুল হাসান জীবনানন্দ দাশের কবিতার অনুরক্ত ছিলেন। তারও ভেতরে কোথাও জন্মজেলাপ্রীতি ছিল। জীবনানন্দপ্রেমী আমাকে বলতেন, বরিশালে না গেলে জীবনানন্দকে বোঝা যাবে না। আশ্চর্য মনে হতো আমার, যখন তিনি জীবনানন্দের ‘রূপসী বাংলা’র কথা বলতেন না, বলতেন তার প্রিয় কবিতাগ্রন্থ ‘বেলা অবেলা কালবেলা’। হাসানের এই বইয়ে অগ্রজ আরও দু-একজন কবিরও হয়তো একটু-আধটু ছায়াপাত আছে; কিন্তু বাক্য শেষ না করে সঙ্গে সঙ্গে হাসানের আত্মকীয়তার কথাও যোগ করা উচিত। একটি কবিতায় জীবনানন্দের একটি পঙ্‌ক্তিই স্বচ্ছন্দ স্বাভাবিকতায় চলে আসে: ‘আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য কোরে।’ কবিতাটির মর্মও জীবনানন্দ থেকেই উত্সারিত। এই কবিতাপুঞ্জে হয়তো জীবনানন্দের ছায়াপাত আছে, তবু শেষ পর্যন্ত হাসানীয়ই।

হাসানের কবিতাগুলোর সঙ্গে সমপ্রকৃতিসম্পন্ন এই বইয়ের কবিতাগুচ্ছ, তবু জীবদ্দশায় প্রকাশিত আবুল হাসানের কবিতায় সে আরও একটু আত্মচারিত্রে অধিষ্ঠিত।

সন্দেহ নেই: এই বইয়ের কবিতা যখন লিখছে, তখনই সে সাবালক হয়ে উঠেছে, তিন রকম ছন্দই তার করায়ত্ত—মানুষ, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম—সবই তখনই সূর্যের ডানায় ভেসে যাচ্ছে। হাসান হয়তো তখন তরুণ কিশোর বা সদ্য যুবা, ১৯৬৫ সালে এই পাণ্ডুলিপি আবুল হাসান আর একজন তরুণকে উপহার দিয়েছিলেন, কিন্তু তখনই তার কবিতা কুঁড়ি থেকে ফুলে উন্মীলিত হয়ে উঠেছে। স্মরণীয়-লক্ষণীয় : হাসান প্রায় সদা-সর্বদা স্বপ্নে ভাসমান, কিন্তু মাঝে মাঝে জেগে উঠেছে তার বাস্তবতার জমি নিম্ন-মধ্যবিত্ত জীবন গদ্যছন্দে জেগে উঠেছে এবং একেও হাসানের কবিতা থেকে বাদ দেওয়া যাবে না। এসবের মধ্য দিয়ে, মাত্র দশ-বারো বছরের কবিতাচর্চার মধ্য দিয়েই আবুল হাসান যে জায়গায় পৌঁছেছে, তাকে অগ্রাহ্য করা অসম্ভব।

একটি স্বয়ংসম্পূর্ণ পাণ্ডুলিপি আবুল হাসানের অগ্রন্থিত (ইতিমধ্যে গ্রন্থভুক্ত বা আজও অগ্রন্থিত টুকরো জড়ো করা) কবিতার চেয়ে মূল্যবান। আবুল হাসানের কবিতার প্রস্তুতিপর্বের প্রথম সিঁড়িটি যে তার প্রথম কবিতাগ্রন্থের আগেই তৈরি হয়ে উঠেছিল, ‘মেঘের আকাশে আলোর সূর্য’ তা প্রমাণ করবে। প্রমাণ নয়, সঞ্চার। কবিতা সঞ্চারী। আবুল হাসান ‘রাজা যায় রাজা আসে’ প্রকাশের আগেই সঞ্চারী কবিতা লিখতে শুরু করেছিল।

আবুল হাসানের এই ডায়েরির অগোচর কবিতাগুলো প্রকাশিত হয়ে এখন এসব জ্যোত্স্না-রৌদ্র-স্বপ্ন-করোজ্জ্বলতায় উদ্ভাসিত হয়ে উঠুক।

প্রথম প্রকাশ: ৫ ডিসেম্বর ২০০৩, প্রথম আলো