দ্য গোল্ড রাশ

সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

পর্দাজুড়ে তুষারঝড়। পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা এক নড়বড়ে কুঁড়েঘর। ভেতরে ক্ষুধার তাড়নায় কাতর দুজন মানুষ। দৃশ্যটি চার্লি চ্যাপলিনের কালজয়ী নির্বাক চলচ্চিত্র ‘দ্য গোল্ড রাশ’–এর। ১৯২৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যায়, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ভুগতে ভুগতে বিশালদেহী বিগ জিম (ম্যাক সোয়াইন) হঠাৎ তাঁর সঙ্গী দ্য লিটল ট্র্যাম্পকে (চ্যাপলিন) দেখে বিভ্রমে পড়ে যান। তাঁর চোখে চ্যাপলিন আর মানুষ থাকেন না, বদলে যান বিশাল মোটাতাজা মুরগিতে! ক্ষুধার্ত জিম, ট্র্যাম্পের পেছনে ধাওয়া করেন, যেন হাতে পেলেই কড়াইয়ে চড়াবেন। তারপর চাকুমচুকুম করে খেয়ে নেবেন।

মজার ব্যাপার হলো, আজকের দিনে যখন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম পড়ছে, তখন সোনাপ্রেমী, বিনিয়োগকারী আর গয়না ক্রেতাদের মনের ভেতরেও ঠিক বিগ জিমের সেই ‘মুরগি বিভ্রম’-এর মতো এক অদ্ভুত ভেলকি কাজ করে। কখনো মনে হয়, এই তো সুবর্ণ সুযোগ, ঝাঁপিয়ে পড়ি; আবার পরক্ষণেই মনে হয়, ‘আরও একটু কমলে কিনব!’ এই দোটানা, লোভ আর বিভ্রমের খেলাতেই জমে ওঠে আধুনিক ‘গোল্ড রাশ’-এর আসল মজা।

চার্লি চ্যাপলিন, ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫) চলচ্চিত্রে

নির্বাক পর্দার ক্ষুধা বনাম বাজারের উত্তাপ

১৯৬৪ সালে চার্লি চ্যাপলিন তাঁর আত্মজীবনী ‘মাই অটোবায়োগ্রাফি’তে ‘দ্য গোল্ড রাশ’ নির্মাণের পেছনের গল্প বলেছিলেন। ১৮৯৬-১৮৯৯ সালের ক্লোনডাইক গোল্ড রাশের ঐতিহাসিক ঘটনা এবং ডোনার পার্টির তুষারপাতে আটকে পড়ার মর্মান্তিক বাস্তবতা থেকে চ্যাপলিন এই ছবির ধারণা নেন। কিন্তু তাকে রূপ দেন হাস্যরস ও মানবিক বিদ্রুপের মাধ্যমে। ছবিতে যখন খাবারের কোনো উপায় থাকে না, তখন চ্যাপলিন চামড়ার জুতা সেদ্ধ করে খান আর ফিতা প্যাঁচান এমনভাবে, যেন তা কোনো অভিজাত রেস্তোরাঁর স্প্যাগেটি। ঠিক একইভাবে, সোনার বাজার যখন অস্থির থাকে কিংবা দাম কমতে শুরু করে, তখন মানুষের আবেগও হয়ে ওঠে অদ্ভুত রকমের নাটকীয়।

এদিকে সোনার বাজারে এই বিভ্রম তৈরির বিষয়ে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকেরা প্রায়ই ‘অ্যাঙ্করিং বায়াস’ বা ‘হার্ড মেন্টালিটি’র কথা বলেন। ড্যানিয়েল কাহনেম্যান তাঁর ‘থিংকিং, ফাস্ট অ্যান্ড স্লো’ বইয়ে মানুষের সিদ্ধান্ত গ্রহণের এই মানসিক পক্ষপাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানুষ যখন দেখে সোনার দাম আগের সর্বোচ্চ চূড়া থেকে নেমে এসেছে, তখন মস্তিষ্ক একধরনের ‘ভ্যালু ইলিউশন’ বা দামের ভেলকিতে পড়ে যায়।

এর কারণ কী

গোপাল ভাঁড়ের একটা গল্প আছে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একদিন এক জুহুরি এলেন। রাজার হাতে তুলে দিলেন একটি খাঁটি সোনার হার। চমৎকার নকশার হারটি দেখে সভায় ধন্য ধন্য পড়ে গেল। মহারাজও বেজায় খুশি! শুধু গোপালেরই কোনো প্রতিক্রিয়া নেই। ঘটনা কী! মহারাজ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, ‘কী হে গোপাল, সবাই হারটির এত প্রশংসা করছে, আর তুমি চুপ করে আছ কেন? তোমার চোখে কি এই খাঁটি সোনার হারের কোনো মূল্য নেই?’

‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫)

গোপাল বিনয়ের সঙ্গে করজোড় হেসে বলল, ‘আজ্ঞে মহারাজ, আমার চোখে এই সোনার হার আর একটুকরো লোহার মধ্যে কোনো তফাত নেই। দুটোর মূল্যই আমার কাছে সমান।’ রাজার চোখ তখন কপালে উঠেছে। বলে কী! সোনার মূল্য নেই এমন ভাবার মতো কেউ এই দুনিয়ায় আছে? কিন্তু গোপালের ব্যাখ্যা সহজ। তাঁর মতে, চোরের কাছে এটি হলো খাঁটি সোনা, ব্যবসায়ীর কাছে এটি ব্যবসার পুঁজি, আর রাজার গলায় শোভা। কিন্তু তাঁর মতো গরিবের পেটে যখন খিদে লাগে, তখন এই সোনা চিবিয়ে তো আর পেট ভরবে না! তাই খিদের কাছে সোনা আর লোহা দুই-ই সমান। ফলে সোনা কেনার মতো সামর্থ্য কিংবা চুরি করার মতো প্রবৃত্তি না থাকলে এই ধাতু দিয়ে হবেই–বা কী! তবে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের হাতে একটু কাঁচা টাকা থাকলে মুনাফার আশা করতেই–বা দোষ কী!

এদিকে সোনার বাজারে এই বিভ্রম তৈরির বিষয়ে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকেরা প্রায়ই ‘অ্যাঙ্করিং বায়াস’ বা ‘হার্ড মেন্টালিটি’র কথা বলেন। ড্যানিয়েল কাহনেম্যান তাঁর ‘থিংকিং, ফাস্ট অ্যান্ড স্লো’ বইয়ে মানুষের সিদ্ধান্ত গ্রহণের এই মানসিক পক্ষপাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানুষ যখন দেখে সোনার দাম আগের সর্বোচ্চ চূড়া থেকে নেমে এসেছে, তখন মস্তিষ্ক একধরনের ‘ভ্যালু ইলিউশন’ বা দামের ভেলকিতে পড়ে যায়।

সোনার প্রতি মানুষের এই চিরায়ত আকর্ষণের ইতিহাস বেশ পুরোনো। পিটার বার্নস্টাইন তাঁর ‘দ্য পাওয়ার অব গোল্ড: দ্য হিস্টরি অব অ্যান অবসেশন’ (২০০০) বইয়ে দেখিয়েছেন, কীভাবে প্রাচীন মিসর ও লিডিয়া থেকে শুরু করে আজকের আধুনিক অর্থনীতি পর্যন্ত সোনা মানুষের আকাঙ্ক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সমাজে সোনা শুধু একটি ধাতু বা বিনিয়োগের মাধ্যম নয়; এটি উৎসব, পারিবারিক ঐতিহ্য, উপহার ও ভালোবাসার প্রতীক।

পাউরুটির নাচ থেকে অদৃশ্য টানাপোড়েন

গয়নার দোকানের সামনে দাঁড়ানো ক্রেতাদের দৃশ্য ভাবা যাক। একজন হয়তো ভাবছেন, আজই এক ভরি বা কয়েক আনা গয়না কিনে ফেলবেন। ঠিক তখনই পাশের কেউ বলে উঠলেন, ‘আরে ভাই, কাল বা পরশু আরও একটু কমতে পারে!’ ব্যস, অমনি ক্রেতার মনের ভেতরে বিগ জিমের মতো বিভ্রম শুরু। সামনে থাকা ঝকঝকে গয়নাগুলো দেখে তখন মনে হয়—হাতের মুঠোয় ধরা সোনার খনি, আবার পরক্ষণেই মনে হয়—এগুলো যেন অধরা কোনো মরীচিকা। শুরু হয় যেন ট্র্যাম্পের ‘রোল ডান্স’।

গ্রাফিকস: প্রথম আলো

নতুন বছরের আগের রাতে ভালোবাসার মানুষসহ তরুণী পরিবেষ্টিত লিটল ট্র্যাম্প দুটি পাউরুটির টুকরা কাঁটা চামচে গেঁথে নাচের তাল তোলেন। সেই রুটির নাচে সবাই মুগ্ধ। কিন্তু এই আনন্দ তো চিরস্থায়ী নয়। ক্ষণিক আনন্দের পর আবার সেই খরখরে বাস্তবতাই ফিরে আসে। ফলে সোনার দাম কমার খবরেও মানুষের আনন্দ ও দুশ্চিন্তার মধ্যে এমনই এক অদৃশ্য নৃত্য চলে। যাঁরা বহুদিন ধরে গয়না গড়ানোর স্বপ্ন দেখছিলেন কিংবা বিয়ের জন্য সোনা কেনার পরিকল্পনা করছিলেন, দাম কমার খবরে তাঁদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। অন্যদিকে যাঁরা চড়া দামে সোনা কিনে রেখেছিলেন বা স্বল্পমেয়াদি লাভের আশায় ছিলেন, তাঁদের কপালে পড়ে চিন্তার ভাঁজ।

ভেলকি যখন বাস্তবের হাসি

সোনার প্রতি মানুষের এই চিরায়ত আকর্ষণের ইতিহাস বেশ পুরোনো। পিটার বার্নস্টাইন তাঁর ‘দ্য পাওয়ার অব গোল্ড: দ্য হিস্টরি অব অ্যান অবসেশন’ (২০০০) বইয়ে দেখিয়েছেন, কীভাবে প্রাচীন মিসর ও লিডিয়া থেকে শুরু করে আজকের আধুনিক অর্থনীতি পর্যন্ত সোনা মানুষের আকাঙ্ক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সমাজে সোনা শুধু একটি ধাতু বা বিনিয়োগের মাধ্যম নয়; এটি উৎসব, পারিবারিক ঐতিহ্য, উপহার ও ভালোবাসার প্রতীক। তাই দাম যখন কমে, তখন ‘গোল্ড ক্রাশ’ শব্দটা শুনতে কিছুটা নাটকীয় লাগলেও সাধারণ গয়নাপ্রেমীদের কাছে তা আসলে একধরনের সুবর্ণ সুযোগ। কাহনেম্যানের মতো বলতে হয়, যখন দাম চড়া থাকে, তখন মানুষ সংযমী সাজার চেষ্টা করে। আর যখন দাম কমে, তখন মনের ভেতরের জমে থাকা ইচ্ছাগুলোর পাখা ঝটপটিয়ে ওঠে।

সোনার গয়না

নির্বাক যুগের পর্দায় যখন চার্লি চ্যাপলিনের পাহাড়ের চূড়ায় কোদাল-চালনি হাতে সোনার খনি খুঁজচ্ছিলেন, তখন হয়তো তিনি ঘুণাক্ষরেও ভাবেননি যে ১০০ বছর পর তাঁর কালজয়ী চলচ্চিত্রের সঙ্গে কোনো এক সন্ধ্যায় সোনার দাম কমার খবরের সাথে গল্প জুড়ে দেওয়া যাবে! চ্যাপলিনের ছবিতে মানুষ সোনার খোঁজে তুষারঝড়, ক্ষুধা আর খাদে পড়ার ঝুঁকি নেয়, অর্থাৎ শুরু হয় এক উন্মত্ত হিড়িক। কিন্তু বাস্তবের বাজারে যখন সোনার দাম ধপাস করে নিচে নামতে শুরু করে, তখন সেই হিড়িক যেন রূপ নেয় হালকা মেজাজের উৎসবে। এই গোল্ড ক্রাশকে আবার ‘গোপন দুর্বলতা’ বললেও তাই ভুল হবে না!

সারা মনামী হোসেন: সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়