১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামালের মৃত্যুর পর ২৬ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় 'তাঁর হাসিভরা মুখ: অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে' শিরোনামে মালেকা বেগমের এ নিবন্ধ। এত দিন শুধু ছাপা কাগজের পাতায় সীমাবদ্ধ থাকা লেখাটি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে আজ অনলাইন পাঠকদের জন্য তুলে ধরা হলো।
খালাম্মা নেই, কবি সুফিয়া কামাল আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন—খবরটা যখন পেলাম, সকাল তখন সাড়ে ৯টা। খবরটা শুনে, মাথায় নিয়ে, বুঝতে-বুঝতে চোখে অন্ধকার ঘনিয়ে এল। জাতির বিবেক, দেশের সমাজের বটবৃক্ষ আমাদের সকলের মাথার ওপর থেকে সরে গেলেন। তাঁকে হারিয়ে আজ আমরা সকলেই বুঝতে পারব তিনি আমাদের কতটা ভরসাস্থল ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ব্যক্তিত্ব ছিলেন।
কয়েক দিন ধরেই অসুস্থ খালাম্মার খবর জানতে তাঁর বাড়িতে তাঁর পাশে গিয়ে বসেছি। খুব অল্প সময়ই বসতে পেরেছি। এখন দুঃখ পাচ্ছি আরো সময় বেশি নিয়ে থাকিনি বলে। শ্বাসকষ্ট, সারা শরীরে ব্যথা, খেতে অরুচি-কষ্ট, কথা বলতে কষ্ট—এসব সত্ত্বেও হাত দিয়ে জড়িয়ে কাছে নিয়েছেন। তাঁর শেষ চুম্বন আমার জীবনের পাথেয় হয়ে রইল। মমতাময়ী, বিনয়ী, শুভ্র সমুজ্জ্বল কবি মৃত্যুর সময়ও রয়ে গেলেন বড়ই কোমল, বিনয়ী। শিয়রে সদা জেগে থাকা সেবাব্রতী মেয়েদের: দুলু আপা, লুলু ও টুলুকে কষ্ট দিচ্ছেন বলে তাঁর বিব্রত স্নেহশীল মাতৃহৃদয় ব্যাকুল হয়ে থাকত। রাতে অতিকষ্টে চুপ করে শুয়ে থাকতেন যেন পাশে রাত জাগা সদ্য ঘুমিয়ে পড়া মেয়ে লুলু, (সুলতানা কামাল) জেগে না যায়। কোমল চোখে ব্যাকুলতা ছড়িয়ে নাতনি টিয়া, মেয়ে টুলু (সাইদা কামাল), দুলু আপা (আমেনা কাহার), ছেলে শাহেদ কামাল, সাজেদ কামাল, বউমা রোজীর খোঁজ নিতেন। ভাবিনি এত দ্রুত তিনি ইহলোক ছেড়ে যাবেন। ভাবিনি এত তাড়াতাড়ি তাঁকে হারাব।
আমাদের প্রিয়তম খালাম্মা, জাতির বিবেক চিরনিদ্রায় শায়িত রইলেন এই শ্যামল সবুজ দেশের মাটিতে। বিদেশ থেকে ছেলে এসে মায়ের মুখ দেখবে বলে ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাখার জন্য তাঁকে যখন বারডেমের হিমঘরে শুইয়ে এলাম, তখন আমার বুকের ভেতর রক্ত জমে গেল। একজন উষ্ণ-উত্তপ্ত হৃদয়ের ব্যক্তিত্বকে এই হিমঘরে রেখে যেতে হলো। তবু মনে হলো তিনি তেমনি উষ্ণ থাকবেন। তাঁর বিনাশ নেই, ক্ষয় নেই।
১৯১১ সালের ২০ জুন তাঁর জন্ম। পরিণত বয়সে, সচেতন ব্যক্তিত্ব ও মন নিয়ে ইহলোক ত্যাগ করলেন। মন ব্যাকুল ছিল, তাঁকে আরও কিছুকাল আমাদের পুরোধা হিসেবে পাওয়ার জন্য। কলম দিয়ে লিখতে রক্ত ঝরছে যেন, ‘তিনি শেষনিঃশ্বাস ফেলেছেন ২০ নভেম্বর ১৯৯৯।’ গত মাসেও (১৯৯৯) পাক্ষিক অন্যদিনে এক লেখায় কবি সুফিয়া কামালের পাশে শুধু জন্মসাল লিখেছিলাম। এখন থেকে তাঁর পাশেও লিখতে হবে, ১৯১১—১৯৯৯। অমোঘ এই নির্মম সত্য সহা করা বড়ই হৃদয়বিদারক।
একুশ শতক নিয়ে আমরা সবাই যেমন উত্সব করার আমোদে মশগুল, তিনি তেমন খুব একটা আমোদিত ছিলেন না। বলতেন প্রায় সময়ই, ‘যে সুবর্ণ সময় আমরা পার করে এসেছি, তেমন আর হবে না। মনীষী নেই, পরমতসহিষ্ণুতা নেই, অন্যের প্রতি মর্যাদা প্রদর্শন নেই, রাজনীতির হানাহানি আছে, নেই দেশপ্রেম—আগামী শতকে এরই তো জের চলবে।’ বলতেন, ‘শতায়ু হতে বলো তোমরা, তোমাদের শুভেচ্ছা আমি প্রাণে ধারণ করি। কিন্তু বাস্তবে শতায়ু হওয়ার বড় যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা।’
শারীরিক সমস্ত যন্ত্রণা তিনি সহ্য করেছেন। আশ্চর্য মনোবল তাঁর। এই মনোবল নিয়ে শিশু বয়স থেকে ৮৯ বছর পর্যন্ত চলেছেন ঋজু হয়ে। গত ৩৩ বছর ধরে তাঁর কাছ থেকে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামের পাঠ নিয়ে চলেছি। আজ তিনি নেই। কার কাছে পাব পরামর্শ, উপদেশ, নির্দেশ? বড় মমতাময়ী, বিনয়ী, কোমল ছিলেন। মনে হতো এই সুন্দর, কোমল, মমতাময়ী জননী প্রয়োজনের সময় কীভাবে দৃঢ়চেতা থাকতেন, বলিষ্ঠ ভূমিকা রাখতেন? যখন বলতেন ‘হ্যাঁ’, তখন কেউ তাঁকে ‘না’ বলাতে পারেনি। যখন বলতেন ‘না’, তখন কেউ তাঁকে ‘হ্যাঁ’ বলাতে পারেনি এই স্থির-দৃঢ়চিত্তের সুফিয়া খালাম্মার পাশে বসে শুনেছি তাঁর জীবনের নানা অভিজ্ঞতার কথা। এ আমার পরম সৌভাগ্য।
১৯১১ সালের ২০ জুন তাঁর জন্ম। পরিণত বয়সে, সচেতন ব্যক্তিত্ব ও মন নিয়ে ইহলোক ত্যাগ করলেন। মন ব্যাকুল ছিল, তাঁকে আরও কিছুকাল আমাদের পুরোধা হিসেবে পাওয়ার জন্য। কলম দিয়ে লিখতে রক্ত ঝরছে যেন, ‘তিনি শেষনিঃশ্বাস ফেলেছেন ২০ নভেম্বর ১৯৯৯।’ গত মাসেও (১৯৯৯) পাক্ষিক অন্যদিনে এক লেখায় কবি সুফিয়া কামালের পাশে শুধু জন্মসাল লিখেছিলাম। এখন থেকে তাঁর পাশেও লিখতে হবে, ১৯১১-১৯৯৯। অমোঘ এই নির্মম সত্য সহা করা বড়ই হৃদয়বিদারক।
মনে পড়ছে, মাত্র এক মাস আগে বলেছিলেন, ‘মেয়েরা লেখাপড়া শিখে তারপর যায় কোথায়? হাঁড়ি ঠেলতে? এ জন্য ডিগ্রি লাগে? আসলে মেয়েরা সাহস অর্জনের শিক্ষা পায় না। প্রতি পদে ভয় দেখানো হয়। পরিবারের মা-বাবা তাদের ছেলেমেয়েদের সাহসী করে না। ডিগ্রির পড়া তো আজকাল হচ্ছে তোতা পাখির শেখানো বুলির মতো। আমি যে ১২ আনা পয়সা সম্বল করে মায়ের হাত ধরে ছোট্ট মেয়েটিকে নিয়ে নবাববাড়ির যন্ত্রণা থেকে বেরিয়ে এসেছিলাম সদ্য বিধবা হয়ে ১৯৩২ সালে, তখন তো সাহসই ছিল আমার প্রধান পথপ্রদর্শক ও সহায়। আর ছিল নাসিরউদ্দীন সাহেব, কাজী নজরুল ইসলাম, সাহিত্যিক শরত্চন্দ্রের মতো মহৎ ব্যক্তিদের সহযোগিতা। সম্মানের সঙ্গে তো বেঁচে ছিলাম। আজকাল চাহিদা বেড়ে গেছে। টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, গহনা চাই। ছেলেদেরও যৌতুকের চাহিদা লোভের মতো, অত্যাচারের মতো হয়েছে। মেয়েরা সেই সব অত্যাচার থেকে বের হতে পারছে না—সমাজ, সরকার, বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিল্পী সমাজ কেউ এদিকটা দেখছে না, প্রতিকার করছে না। বৃদ্ধ বয়সে এই আমার কষ্ট, এই আমার যন্ত্রণা।’
যাঁরা তাঁকে চেনেন, জানেন; তাঁরা অবশ্যই জানেন, শারীরিক কষ্ট ছিল বলে কষ্ট পেতেন না। তাঁর হৃদরোগ ছিল, কিন্তু তা নিয়ে বিব্রত হতেন না। মানুষের কাছে যেতে পারতেন না বলে অশ্রু ঝরত চোখ দিয়ে, রক্তক্ষরণ হতো হৃদয়ে। কবিতা লিখতে পারতেন না বলে কষ্ট পেতেন।
নারী আন্দোলনের কাজে তাঁর কাছেই আমার হাতেখড়ি। তিনি আমাকে নারী আন্দোলনের অ-আ-ক-খ শিখিয়েছেন। ব্রিটিশ যুগের কথা বলেছেন। কীভাবে আত্মরক্ষা সমিতি হলো। আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম হলো, মহিলা সমিতি, মহিলা সংসদ হলো সেই সব শুনিয়েছেন। তিনি সমগ্র জীবন ধরে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য অবিচল সংগ্রাম করেছেন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলনের সময় তাঁর নেতৃত্বে পাশে পাশে থেকে গড়েছি ‘মহিলা সংগ্রাম পরিষদ’।
আমি জানি, তিনি কিছুদিন আগে পর্যন্ত লিখেছেন। দুই মাস আগেও লিখেছেন প্রথম আলো পত্রিকায়। খবর দিতেন ছোট ছোট ছেঁড়া কোনো কাগজে, হাতের কাছে পাওয়া ব্যবহৃত কোনো খামের ওপর লিখে, ‘মালেকা, একটু আসবে?’ দৌড়ে যেতাম। বলতেন, ‘শরীরের জন্য ডাক্তার তো আছেই জাফর, রত্না, মালেকা বানু। (ডাক্তার জাফর লতিফ, ডা. মাখদুমা নার্গিস)। মালেকা, তোমাকে ডাকি বুদ্ধি চর্চার জন্য। দেখো তো, এই লেখা কি ছাপার যোগ্য?’
আমি লজ্জায়-শরমে মরে যাই. তিনি আমাকে ডাকেন বুদ্ধি চর্চার জন্য। আমি একটা সামান্য মানুষ মাত্র। গর্বে প্রাণ ভরে ওঠে, খালাম্মা এখনো লিখছেন, তাঁর একেকটি শব্দই তো স্বর্ণাক্ষর, হৃদয়ের তাজা নিঃশ্বাস, মানুষের জন্য আশীর্বাদ। প্রতিটি লেখা ছাপা হয়েছে। সাধ্যমতো প্রথম আলো তাঁর সম্মানী পৌঁছে দিয়েছে। তাঁর লেখা অমূল্য সম্পদ। সম্মানী দিয়ে মূল্যায়িত করা যাবে না। আমি তাঁর সুন্দর মুখে অমায়িক বিনয়ী হাসি দেখেছি। ছাপা লেখা দেখে হাসেন আর বলেন, ‘আমার এই লেখাও ছাপিয়েছে?’ এই হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে চিরকাল, সমুজ্জ্বল থাকবে।
আমাদের প্রিয় কবি পড়তে খুব ভালোবাসতেন। চোখের জ্যোতি কমে এসেছে, ছানি পড়েছে, অপারেশন হলেও দেখতে কষ্ট। চশমা বদলানো হলো। কষ্ট করে করে পড়েন শিশুদের জন্য লেখা সত্যজিৎ রায়ের, লীলা মজুমদারের, জাফর ইকবালের মজার মজার বই। অনাবিল হাসিতে ভরে যায় মুখ। তাঁর প্রিয় লেখক বিমল মিত্র। রবীন্দ্রনাথ তাঁর প্রাণের আনন্দ। নজরুল সাহিত্য পাঠ তাঁর গভীর আনন্দের সম্পদ। মাথার কাছে সাজানো থাকত সব ধরনের বই, কলম, চিঠিপত্র, খাম, পত্রিকা।
শারদীয়া দেশ বেরিয়েছে, অক্টোবর মাসে পেয়েছি। শংকরের লেখা—‘বিমল মিত্র’ বিষয়ে। ছুটে গিয়েছি। তাঁকে পড়ে শুনিয়েছি। বড়ই তৃপ্ত হলেন শুনে। বিমল মিত্রের সব কটা বই তাঁর পড়া হয়েছে। এই বড় বড় মোটা মোটা বই শেষ করেছেন। বড় দ্রুত সময়ে বই পড়া শেষ করতেন।
তিনি বই পেতেন সকলের, প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে। চোখ বুলিয়ে মূল বিষয়টা ঠিকই জেনে নিতেন। নারী ব্যক্তিত্বদের জীবনী নিয়ে বের হওয়া একটি বই (সেপ্টেম্বর বা অক্টোবর ’৯৯-এ) বিষয়ে আমাকে বললেন, ‘দৌলতননেছার জীবনী নেই দেখেছ?’ লজ্জায় অধোবদন হয়েছি। বইটি পেয়েছি, পড়েছি, কিন্তু এ অভাব লক্ষ করিনি। খালাম্মা সুফিয়া কামাল সেটা চিহ্নিত করেছেন। পরিচিত, জানাশোনা সকলের নাম, ছেলেমেয়ে-নাতি–নাতনিদের নামও মনে রেখেছেন। অসামান্য স্মৃতিশক্তি ধারণ করেছেন তিনি। মানুষের জন্য ভালোবাসা, দরদ ছিল পরম আন্তরিকতাপূর্ণ। দেশের পরিস্থিতি নিয়ে বিচলিত ছিলেন। সন্ত্রাস, হানাহানি বন্ধ হয় না। নারী নির্যাতন, হত্যা, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ হয়েই চলেছে। এসবই তাঁর চেতনার মধ্যে আঘাত দিত। বলতেন, ‘মালেকা, এখন কেন কেউ রাজপথে এসব নিয়ে সোচ্চার হয় না?’ বলি, ‘কিছু কিছু হয়। কিন্তু তেমনভাবে মানুষকে আলোড়িত করে না।’ তিনি বলেন, ‘সবাই যে এখন সাহায্যদাতার টাকায় সভা-মিছিল-আন্দোলন করতে চায়, তাই জনগণ এসবে আসে না। তুমি তো জানো, আমরা মানুষের কাছ থেকে চাঁদা তুলেছি, তাদেরকে আহ্বান করেছি, জড়িত করেছি। তাই মানুষ জেনেছে আমরা কী করতে চাই। মানুষ তাই হাজারে-লক্ষে লক্ষে এসেছে। বিদেশি ডোনারের টাকায় সংগঠন করে কি আর দেশের মানুষের, নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা হবে?’ সারাটা জীবন সকলের আহ্বানে সাড়া দিয়েছেন। নিজ তাগিদে ছুটে গেছেন ভাষা আন্দোলনে নিহত-আহত সোনার ছেলেদের পাশে। বুকে নিয়েছেন দুই দুগ্ধপোষ্য সন্তান লুলু-টুলুকে। হেঁটেছেন। প্রতিবাদ করেছেন। সভা করেছেন। সরকারের বিরুদ্ধে সংগঠিত করেছেন নারী সমাজকে, শিল্পী-লেখক-কবিদের। সমাজসেবার কাজে ছিলেন নিবেদিত।
এ নিয়েও বলতেন, ‘আজকাল আর স্বেচ্ছাসেবী কাজের আগ্রহ দেখি না ছেলেমেয়েদের মধ্যে। আমরা সবাই কাজ করেছি পায়ে হেঁটে। ট্রেনে, বাসে, লঞ্চের ডেকে বসে, ট্রাকে গিয়েছি জেলায়, গ্রামে। এখন নাকি সবাই প্লেন আর ট্যাক্সি ভাড়া করে যায়? যারা সেই ’৫০, ’৬০-এর দশকে সোচ্চার ছিল, তারাই এখনো নানা সময় প্রতিবাদে সোচ্চার হয়। নতুন তরুণ, যুবকেরা সব কী নিয়ে ব্যস্ত? তরুণী মেয়েরা সব কী নিয়ে ব্যস্ত? নিজের সব করেও যদি এরা সমাজের জন্য, মানুষের কল্যাণে কাজ করত তাহলে সমাজে হিংস্র-দুর্বৃত্তরা নারীর মর্যাদা, নারীর সম্মান নষ্ট করতে পারত না। নারী নির্যাতন বাড়ত না।’
আমাদের প্রিয় কবি পড়তে খুব ভালোবাসতেন। চোখের জ্যোতি কমে এসেছে, ছানি পড়েছে, অপারেশন হলেও দেখতে কষ্ট। চশমা বদলানো হলো। কষ্ট করে করে পড়েন শিশুদের জন্য লেখা সত্যজিৎ রায়ের, লীলা মজুমদারের, জাফর ইকবালের মজার মজার বই। অনাবিল হাসিতে ভরে যায় মুখ। তাঁর প্রিয় লেখক বিমল মিত্র। রবীন্দ্রনাথ তাঁর প্রাণের আনন্দ। নজরুল সাহিত্য পাঠ তাঁর গভীর আনন্দের সম্পদ। মাথার কাছে সাজানো থাকত সব ধরনের বই, কলম, চিঠিপত্র, খাম, পত্রিকা।
এ রকম বহু স্বর্ণোক্তি তাঁর জমা রয়েছে আমার ডায়েরির পাতায় পাতায়। যখনি সময় পেয়েছি, খাতা, কলম আর ক্যাসেট নিয়ে তাঁর সঙ্গে সঙ্গে ঘুরেছি, বাসায় গিয়েছি, লিখে রেখেছি। তিনি বলেছেন, ‘শুনতে চাও, বলতে পারি। যদি দেশের সমাজের কাজে লাগে, তবেই তো আমার শান্তি হবে।’ সেই সব কথা লিখলে কয়েক খণ্ড বই হবে।
নারী আন্দোলনের কাজে তাঁর কাছেই আমার হাতেখড়ি। তিনি আমাকে নারী আন্দোলনের অ-আ-ক-খ শিখিয়েছেন। ব্রিটিশ যুগের কথা বলেছেন। কীভাবে আত্মরক্ষা সমিতি হলো। আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম হলো, মহিলা সমিতি, মহিলা সংসদ হলো সেই সব শুনিয়েছেন। তিনি সমগ্র জীবন ধরে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য অবিচল সংগ্রাম করেছেন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলনের সময় তাঁর নেতৃত্বে পাশে পাশে থেকে গড়েছি ‘মহিলা সংগ্রাম পরিষদ’। ১৯৭০ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে ‘পূর্ব পাকিস্তান মহিলা পরিষদ’। তিনি পরামর্শ দিয়েছেন, পথ দেখিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন সকলের মত নিয়ে—নারী আন্দোলনের প্রতিটি বিষয়ে। তাঁর সঙ্গে শহরে-গ্রামে প্রত্যন্ত অঞ্চলে, বিদেশে নানা নারী সম্মেলনে, সেমিনারে গিয়েছি ১৯৯০ সাল পর্যন্ত। তাঁর সঙ্গে অবসর সময়ে কথা বলে বলে যা শুনেছি, তাই লিখে রেখেছি। তাঁকে দেখিয়েছি। বলেছেন, ‘আমি এখন ভেবে পাই না, কীভাবে করতে পেরেছি? মানুষের ভালোবাসাই আমাকে সাহস যুগিয়েছে। মানুষের ডাকে তাই সাড়া না দিয়ে পারিনি।’
দলীয় রাজনীতিতে তিনি কোনো দিন যোগ দেননি। কিন্তু ব্রিটিশবিরোধী আন্দোলনে, ভাষা আন্দোলনে, বন্দিমুক্তি আন্দোলনে, অসহযোগ আন্দোলনে, মুক্তিযুদ্ধে, স্বাধীনতার পর সামরিক শাসনের বিরুদ্ধে তিনি রাজনৈতিক নেতার মতোই সংগ্রাম করেছেন। রাজনীতি সম্পর্কে তিনি ছিলেন স্পষ্ট বক্তা। বলতেন, ‘মানুষের মঙ্গলই হচ্ছে আসল রাজনীতি। এখন তো চলছে স্বার্থের রাজনীতি।’
নারীর মানবাধিকার সংসদে নারী সদস্যপদ সংরক্ষিত রাখার জন্য সরাসরি নির্বাচন, ফতোয়ার বিরুদ্ধে, নারী হত্যা-নির্যাতনের বিরুদ্ধে শিশুর বিকাশ ও অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, বাক্স্বাধীনতার জন্য, নারী নির্যাতন বন্ধের জন্য, প্রয়োজনীয় আইন করার জন্য, সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াতে, প্রগতির জন্য, সুস্থ সংস্কৃতির চর্চার জন্য, মুক্তবুদ্ধির চর্চার জন্য—কবি সুফিয়া কামাল একাধারে পুরোধা হয়ে অনন্য ভূমিকা ও অবদান রেখে গেছেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আদর্শ অনুসরণ করে নিজে প্রতিষ্ঠা করে গেছেন একুশ শতকে উত্তীর্ণ হওয়ার জন্য অনন্য এক আদর্শ। সাধারণ চাহিদা, অনাড়ম্বর জীবনযাপন, প্রচারবিমুখ, বিনয়ী, সদালাপী, দৃঢ়চিত্ত ছিলেন তিনি। খুব অসুস্থ হলেই হাত জড়িয়ে বলতেন সাধারণ গোরে যেন আমি মাথা রাখতে পারি। মাজার বানিয়ে বাড়াবাড়ি যেন না হয় দেখো। তাঁর আদর্শ অনুসরণ করেই তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যাবে। অন্য আর কোনোভাবেই তা সম্ভব নয়। আমরা যাঁরা তাঁকে শ্রদ্ধা জানাব, সম্মান দেখাব, তাঁরা যেন তাঁর আদর্শকে চির সমুন্নত রাখতে সদা সচেষ্ট থাকি—সেটাই হোক তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের শপথ।