বদরুদ্দীন উমরের চিন্তা আর চিন্তাকেন্দ্রিক অবস্থানের দৃঢ়তা

বদরুদ্দীন উমর
বদরুদ্দীন উমর
আজ বদরুদ্দীন উমরের জন্মদিন

বদরুদ্দীন উমরের কথা মনে এলে এক দারুণ ব্যক্তিত্বসম্পন্ন বুদ্ধিজীবীর ছবিই আমাদের হৃদয়ে ভেসে ওঠে। উমরের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে, ১৯৩১ সালের ২০ ডিসেম্বর। দেশভাগের পর উমরের পিতা আবুল হাশিম তাঁর পরিবারসহ চলে আসেন বর্তমান বাংলাদেশে। ব্যাপারটা উমরের ভেতর একধরনের ট্রমা তৈরি করেছিল। উমর দীর্ঘদিন যাবৎ তাঁর চিন্তায় আর যাপনে এ ট্রমার বিষয়টি নানাভাবে স্পষ্ট করেছেন নিজের লেখাজোখায়। কিন্তু তা শুধু স্মৃতিকথার ভেতর দিয়ে নয়; বরং বস্তুবাদী চিন্তার ওপর সওয়ার হয়েই। এরই ধারাবাহিকতায় লেখা হয় তাঁর গুরুত্বপূর্ণ বই ‘চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক’।

এ বইয়ে তিনি উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অন্যতম কূটকৌশল চিরস্থায়ী বন্দোবস্তের নানা দিক আমাদের কাছে স্পষ্ট করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা পুরোনো সময়ের ভূমি ও ভূমিকে ঘিরে বেড়ে ওঠা দীর্ঘদিনের ক্ষমতা আর ভূমি প্রশাসনপ্রক্রিয়াকে বাতিল করে। শুধু তা–ই নয়, এ ব্যবস্থা নতুন ক্ষমতা আর ভূমি প্রশাসনপ্রক্রিয়ার বন্দোবস্ত করে। কিন্তু নানা কারণে পূর্ব বাংলার লোকজনের জন্য ব্যবস্থাটি হয়ে উঠেছিল মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।

উমর নিজ স্বার্থের জন্য তাঁর নিজের রাজনৈতিক দর্শনকে বিকিয়ে দেননি। নিজের পেশায় উন্নতির জন্য কোনো দিন ধরনা দেননি। পাকিস্তান আমলে একটু নমনীয় হলে রাষ্ট্রের খরচায় বিদেশে পিএইচডি করতে পারতেন। করেননি। ছেড়ে দিয়েছেন। এখনো তেমনই আছেন। ’৪৭–পরবর্তী উপমহাদেশ কিংবা বৈশ্বিক, যেকোনো রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে, যা জনগণের স্বার্থবিরোধী কিংবা নৈতিকতার বিবেচনায় অনৈতিক, এর প্রতিটির বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন এবং এখনো তা নিচ্ছেন।

১৯৪৭-এর দেশভাগের পেছনেও বিষয়টি বড় ভূমিকা পালন করেছিল। আদতে আর্থিক ভাগ-বাঁটোয়ারাই ১৭৯৩ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দুটি সম্প্রদায়কে বিভক্ত করে রেখেছিল। উমর সে বিষয়ে বরাবরই সচেতন ছিলেন। এই যে একটি প্রস্তাব করা গেল, উমরের চিন্তার খোঁজ করতে গিয়ে, কিন্তু তিনি শেষ পর্যন্ত এ চিন্তার ভেতরেই আবদ্ধ থাকেননি। ক্রমেই নিজের চিন্তার পরিবর্তন করেছেন।

ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তাঁর লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাষ্ট্রে ধর্মের রাজনীতির সমন্বয় সাধনের সমস্যা সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। ষাটের দশকে তা আবার বিশেষভাবে ফিরে এলে তিনি তার সমালোচনা করেন। বিশেষ করে ‘সাম্প্রদায়িকতা’ (১৯৬৬), ‘সংস্কৃতির সংকট’ (১৯৬৭), ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’ (১৯৬৯)—তিনটি বই একসঙ্গে বড় ভূমিকা পালন করে। এই বই লিখেই তিনি ক্ষান্ত হননি। তিনি শাসকদের অধীন চাকরি পর্যন্ত করবেন না, এ মনোভাব পোষণ করে চাকরি থেকে ইস্তফা দেন।

উমরের এত কাজ, এই ছোট লেখায় সেসবের নামও ভালোমতো নেওয়া যাবে না। গুরুত্বের বিবেচনায় তাঁর প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আমরা ভাষা আন্দোলন নিয়ে লেখা তাঁর বই ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তত্কালীন রাজনীতি’ (১৯৭০-১৯৮৫) বইটির কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। এ বই তাঁর ‘ম্যাগনাম ওপাস’। অনেকেই বলেছিলেন, তিনি যদি এ বই ব্যতীত আর কোনো বই না-ও রচনা করতেন, তবু এ বইয়ের জন্যই তিনি বিশেষ হয়ে থাকতেন। থাকবেনও বটে। গবেষণা কী এবং কাকে বলে, তা উমরের এ বই পাঠ করলেই পাঠক বুঝতে পারবেন। বিশেষ করে যে সময় তিনি এ কাজ হাতে দিচ্ছেন, সেই সময় তাঁর গবেষণার এ পদ্ধতি-প্রকল্প বেশ পরিচিত বিষয় নয়। তাত্ত্বিক পাঠপদ্ধতির প্রক্রিয়া ব্যবহার করেই তিনি তাঁর গবেষণাকর্ম শেষ করেননি। তথ্য আর বিবরণ সংগ্রহের যে পরিশ্রমচিত্র সারা গবেষণায় দেখা যায়, তা তাঁর গবেষণার পেছনে ব্যয়িত নিষ্ঠা আর পরিশ্রমেরই আরেক নাম। তিনি এ গ্রন্থে ভাষা আন্দোলনকে কেবলই মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণির আন্দোলন হিসেবে বিবেচনা করেননি। এ আন্দোলন সমগ্র বাংলাদেশে কৃষক-শ্রমিকদের মধ্যে কীভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, তা দ্বারা প্রভাবিত হয়ে এই শ্রেণি পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে একত্র হয়েছিল, তা তিনি এ গ্রন্থে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন।

শেষ করব একটি বিষয় দিয়ে। উমরের ‘ডেভোটেড’ আর ‘কমিটেড’ রাজনৈতিক চিন্তা ও দর্শন বিষয়ে। প্রখ্যাত বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদ বুদ্ধিজীবীর স্বরূপ নিয়ে বলেছেন, ‘প্রকৃতি বুদ্ধিজীবীরা সমাজবিচ্ছিন্নতা ও নিষ্ঠুরতার মধ্যেও ঝুঁকি নেবে। ব্যবহারিক বিষয় থেকে দূরে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীকী বিষয়কে চিহ্নিত করবে। আর সেই কারণে তারা সংখ্যায় অনেক হতে পারে না কিংবা নিয়মিতভাবে তাদের বিকাশও ঘটে না। তাদের আপসহীন ব্যক্তি হতে হবে। তাদের ব্যক্তিত্ব হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন। সর্বোপরি তারা বর্তমান সামাজিক মর্যাদার বিরোধী হবে।’ উমর নিজ স্বার্থের জন্য তাঁর নিজের রাজনৈতিক দর্শনকে বিকিয়ে দেননি। নিজের পেশায় উন্নতির জন্য কোনো দিন ধরনা দেননি। পাকিস্তান আমলে একটু নমনীয় হলে রাষ্ট্রের খরচায় বিদেশে পিএইচডি করতে পারতেন। করেননি। ছেড়ে দিয়েছেন। এখনো তেমনই আছেন। ’৪৭–পরবর্তী উপমহাদেশ কিংবা বৈশ্বিক, যেকোনো রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে, যা জনগণের স্বার্থবিরোধী কিংবা নৈতিকতার বিবেচনায় অনৈতিক, এর প্রতিটির বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন এবং এখনো তা নিচ্ছেন। তাত্ত্বিক চিন্তা তিনি ধারণ করেছেন, তাত্ত্বিক ভিত্তিকে ভিত প্রদান করার ব্যাপারেও তিনি নিজে বিশেষভাবে সক্রিয় ছিলেন এবং আছেন। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই।